সবকিছুতে একাত্তর টানা ঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেছেন, সবকিছুতে ’৭১-এর প্রসঙ্গ টেনে আনা ঠিক নয়। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সুবহান সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ’৭১-এ যাঁরা মায়ের পেটে ছিলেন না, তাঁরা কিসের প্রশ্ন করেন।’গতকাল বৃহস্পতিবার বিকেলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা সম্পর্কে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে মুজাহিদ ও সুবহান এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে মুজাহিদ অভিযোগ করেন, সাতক্ষীরায় জামায়াতের জনসভায় অংশ নিতে গত বুধবার তিনি ও দলের নেতারা খুলনায় থাকাকালে ছাত্র ও যুবলীগের কর্মীরা তাঁদের ওপর হামলা করে। পুলিশ হামলাকারীদের পক্ষে অবস্থান নেয়।একাত্তর সালে জামায়াতের ভূমিকার কারণেই এখন তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মুজাহিদ বলেন, ‘আপনার প্রশ্নটা তো বুঝলাম না। সবকিছুতে একাত্তর টেনে আনা ঠিক নয়।’একপর্যায়ে জামায়াতের নির্বাহী কমিটির সদস্য আবদুস সুবহান বলেন, ‘আমরা জনগণের ভোটে একাধিকবার নির্বাচিত হয়েছি। একাত্তরে যাঁরা মায়ের পেটে ছিলেন, তাঁরা কিসের প্রশ্ন করেন।’মুজাহিদ জানান, সাতক্ষীরায় গতকালের কর্মসূচিতে যোগ দিতে তিনি গাড়িবহর নিয়ে গত বুধবার ঢাকা থেকে রওনা দেন। পথে ফরিদপুর, মাগুরা, যশোর, গোপালগঞ্জে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে ফোন করে তাঁর অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। তাঁরা যখন খুলনায় রূপসা সেতু অতিক্রম করে জিরো পয়েন্টে পৌঁছান, তখন পোশাকধারী ও সাদা পোশাকের বিপুল সংখ্যক পুলিশ তাঁদের পথ রোধ করে। পুলিশের পক্ষ থেকে জামায়াত নেতাদের বলা হয়, সাতক্ষীরায় যেতে বাধা আছে। পথে নানা সমস্যা হতে পারে।মুজাহিদ বলেন, এরপর জামায়াতের নেতারা স্থানীয় আল-ফারুক সোসাইটি নামের একটি প্রতিষ্ঠানে যান। সেখানে বসে তাঁরা জামায়াতের নেতাদের সঙ্গে পরামর্শ করেন। পরে সাংবাদিকেরা এলে তাঁদের সঙ্গেও কথা বলেন। একপর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তাঁদের ওপর হামলার চেষ্টা করলে এলাকাবাসীকে নিয়ে জামায়াতের কর্মীরা তাদের ধাওয়া করে হটিয়ে দেন। ওই সময় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির আবদুল খালেক মুজাহিদকে জানান, পুলিশ সুপার ১৪৪ ধারা জারি করেছেন এবং জামায়াতের জনসভা হবে না।