সবকিছুতে ষড়যন্ত্র দেখলে চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সবকিছুতে ষড়যন্ত্র দেখলে চলবে না। সবকিছুতে ষড়যন্ত্র খুঁজলে রাষ্ট্র পরিচালনা করা যাবে না।গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা এ সভার আয়োজন করে। আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘শেয়ারবাজারে লাখ লাখ যুবক-যুবতী দীর্ঘশ্বাস ছাড়ছে। এরা কোনো দলের না, এরা দেশের।’ ব্যাংকার ইব্রাহিম খালেদকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির বিষয়ে তিনি বলেন, ‘ইব্রাহিম খালেদ পণ্ডিত লোক। তাঁকে তদন্ত করতে দেওয়া হয়েছে। আর তদন্ত যদি স্বাধীনভাবে করতে দেওয়া হয়, কোনো হস্তক্ষেপ না করা হয়, আমার বিশ্বাস, তিনি তাঁদের খুঁজে বের করবেনই।’সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘দলে নব্য আওয়ামী লীগারদের আনাগোনা বেশি হয়ে গেছে। আওয়ামী লীগার হিসেবে নিজেকে জাহির করতেই তারা ব্যস্ত।’ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে সুরঞ্জিত বলেন, ব্যবসায়ীদের কোনো দল নেই। ব্যবসায়ীরা সময়ে আওয়ামী লীগ আবার সময়ে বিএনপি আবার একই সময়ে দুই দলই করেন। দেশের মানুষকে নিয়েই এর সমাধান করতে হবে।সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম, সহসভাপতি খায়রুল আলম সবুজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন আকরাম হোসেন।