সবখানে আ.লীগের পরাজয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার দেশের চারটি স্থানে নির্বাচন হয়েছে। এর মধ্যে তিনটির সম্পূর্ণ এবং একটির আংশিক ফল পাওয়া গেছে। এসব নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা হেরেছেন।
নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন, নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ১৫ জুন অনুষ্ঠিত রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা পরাজিত হন। এর মাত্র ২২ দিনের মাথায়ও পরিস্থিতি একই। তবে সান্ত্বনা, আজ আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

গাজীপুর
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৯৯টি কেন্দ্রের বেসরকারি ফল পাওয়া গেছে।
বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নান টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৮৮ হাজার ৮২০ ভোট আর দোয়াত-কলম প্রতীক নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ৬১ হাজার ২৩৩ ভোট। এম এ মান্নান ২৭ হাজার ৫৮৭ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের নবগঠিত আড়াইহাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান। তিনি তালা প্রতীক নিয়ে ৫ হাজার ১৯৭ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী (চশমা) পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট। আড়াইহাজারে বিএনপি-সমর্থিত প্রার্থী পারভীন আক্তার দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৫৬৯ ভোট।
অন্যদিকে, গোপালদী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হালিম সিকদার আনারস প্রতীক নিয়ে নয় হাজার ৯০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার কাসু পেয়েছেন ৬ হাজার ২৮৭ ভোট। তাঁর প্রতীক ছিল কাপ-পিরিচ। উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক তালা প্রতীক নিয়ে নির্বাচন করে ৪ হাজার ৫২১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
আজ শনিবার রাত ১০টার দিকে আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া খান তাঁদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
বিজয়ী মেয়র প্রার্থীর সমর্থকেরা ফলাফল ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন। তাঁরা আনন্দমিছিল বের করেন।

নোয়াখালী
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মোতাহের হোসেন মানিক টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি সোনাইমুড়ী পৌর বিএনপির সভাপতি।
নির্বাচনে মোতাহের হোসেন পেয়েছেন চার হাজার ৫২১ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. নুরুল হক তিন হাজার ৭৮৮ ভোট পেয়েছেন।

(প্রতিবেদন তৈরি করতে সহায়তা করেছেন আসিফ হোসেন, নারায়ণগঞ্জ, নোয়াখালী অফিস ও গাজীপুর প্রতিনিধি)