সবগুলো বিদ্যুৎকেন্দ্র চালু তবু চট্টগ্রামে লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক বছর বন্ধ থাকার পর চট্টগ্রামের তিনটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মধ্যে দুটি চালু হয়েছে। ফার্নেস তেলভিত্তিক তিনটি বিদ্যুৎকেন্দ্রও সচল রয়েছে। তবু চট্টগ্রামে বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে পারছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ৬০টি বড় শিল্পকারখানা বন্ধ রাখার পরও সন্ধ্যাকালীন লোডশেডিং থাকে প্রায় ২৫০ মেগাওয়াট, যা চাহিদার এক-তৃতীয়াংশ। আর যেসব কারখানা রাতে বন্ধ করা হয়েছে, সেগুলোর চাহিদা ২০০ মেগাওয়াটের চেয়ে বেশি। পিডিবি সূত্রে এসব তথ্য জানা গেছে। রাতে বড় কারখানাগুলো বন্ধ রাখার পরও পিডিবির দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামে গত রোববার লোডশেডিং ছিল প্রায় ২০০ মেগাওয়াট। শনিবার ছিল ২৩৪ মেগাওয়াট। এমনকি শুক্রবার ছুটির দিনেও সন্ধ্যায় ২০০ মেগাওয়াট লোডশেডিং দেখানো হয়েছে। এ কারণে সন্ধ্যায়, রাতে, এমনকি ভোরেও নগর ও আশপাশের এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকে না।একদিকে লোডশেডিং, অন্যদিকে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।পিডিবির চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রইস উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, জাতীয় গ্রিডের মোট উৎপাদিত বিদ্যুতের সাড়ে ১১ শতাংই চট্টগ্রামে সরবরাহ করা হয়। কাজেই কেবল চট্টগ্রামে উৎপাদন বৃদ্ধি নয়, পরিস্থিতি ভালো হতে হলে সামগ্রিক উৎপাদন বাড়াতে হবে। তবে এপ্রিলের পর সেচকাজে ব্যবহূত বিদ্যুৎ অন্য খাতে সরবরাহ করা সম্ভব হলে বর্তমান পরিস্থিতির অনেকাংশে উন্নতি হবে। বর্তমানে সারা দেশে সেচকাজে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।পিডিবি সূত্রে জানা যায়, চট্টগ্রামে সরকারি-বেসরকারি মিলে আটটি বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। কর্ণফুলী পানিবিদ্যুৎ প্রকল্প থেকে ৬০ মেগাওয়াট, রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১২৫ মেগাওয়াট, শিকলবাহা পিকিং পাওয়ার প্লান্ট থেকে ১৩০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। নতুন চালু হওয়া ফার্নেস তেলভিত্তিক তিনটি বিদ্যুৎকেন্দ্র থেকে গত সোমবার ২০৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। এর মধ্যে দোহাজারী কেন্দ্র থেকে ১০২ মেগাওয়াট, হাটহাজারী থেকে ৮০ মেগাওয়াট এবং বেসরকারি জুলদা বিদ্যুৎকেন্দ্র থেকে ২৩ মেগাওয়াট বিদ্যুৎ আসে। এ ছাড়া রিজেন্ট ও মালঞ্চ হোল্ডিংস নামের আরও দুটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। ফলে সব মিলিয়ে চট্টগ্রামের বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদনের পরিমাণ ৫৫৪ মেগাওয়াট।জানা যায়, জুলদায় নির্মিত ফার্নেস তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা ১০০ মেগাওয়াট। তবে গত বুধবার প্রধানমন্ত্রী উদ্বোধনের পরও এই বিদ্যুৎকেন্দ্র পুরোদমে চালু হয়নি। শুরু থেকেই সক্ষমতার মাত্র অর্ধেক বিদ্যুৎ উৎপাদন করে কেন্দ্রটি।এই বিদ্যুৎকেন্দ্রের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বাংলাকেটের জ্যেষ্ঠ ব্যবস্থাপক বিশ্বজিৎ মজুমদার প্রথম আলোকে বলেন, ‘পিডিবি কেন আমাদের কাছ থেকে কম বিদ্যুৎ নিচ্ছে, তা আমরা জানি না। তারা যখন যে চাহিদাপত্র দেয়, আমরা সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করি। পিডিবি আমাদের কাছ থেকে কম বিদ্যুৎ নিলেও আমরা পুরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে প্রস্তুত আছি।’