সবচেয়ে কর্মচঞ্চল এলাকায় প্রচারণায় ব্যস্ত নারী প্রার্থীরা

স্টেডিয়াম মার্কেটে দোকানের ভেতর দুই ভোটারের তর্ক চলছে। নবীন ভোটার চান উচ্চশিক্ষিত নবীন প্রার্থী জিতুক। প্রবীণ ভোটারের দাবি, প্রবীণেরাও কম যান না। তর্কের শুরু শম্পা বসুকে নিয়ে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক, বয়সে নবীন এবং নির্বাচনে প্রার্থীদের মধ্যে একমাত্র সার্বক্ষণিক রাজনীতিক। তর্ক শুরুর কিছু আগে শম্পা মার্কেটে জনসংযোগ করেছেন।
শম্পার মতো সংরক্ষিত ওয়ার্ড ৫-এর অপর এক কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক কমিশনার সৈয়দা মরিয়ম বেগম সীমাও গতকাল মঙ্গলবার স্টেডিয়াম মার্কেটে জনসংযোগ করেছেন। অন্যরাও দিনভর ব্যস্ত ছিলেন জনসংযোগে।
খোঁজখবর নিয়ে জানা গেল, সংরক্ষিত এই ওয়ার্ডে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা। প্রার্থীর সংখ্যা ১০। ১৩, ১৯, ২০—এই তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত এই সংরক্ষিত ওয়ার্ডটির অবস্থান রাজধানীর সবচেয়ে কর্মচঞ্চল এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, প্রেসক্লাব, সচিবালয়, হাইকোর্ট, রাজারবাগ, নয়াপল্টন, পুরানা পল্টনসহ আরও অনেকগুলো এলাকা এই ওয়ার্ডে পড়েছে। নারী কাউন্সিলররা ক্ষমতায় গৌণ হলেও জনসংযোগে পুরুষ কাউন্সিলরদের চেয়ে তাঁদের কষ্ট করতে হচ্ছে অনেক বেশি। তবে প্রায় সব প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী।
গতকাল এই ১০ প্রার্থীর চারজন জনসংযোগ শুরু করেন জাতীয় প্রেসক্লাবে ওয়াটার এইডের একটি মতবিনিময় সভা থেকে। ভোটারদের প্রশ্ন ছিল, নির্বাচিত হলে কাউন্সিলর নারীবান্ধব টয়লেট ও পয়োব্যবস্থা করবেন কি না। তাসলিমা পারভীন কল্পনা গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। শম্পা বসু বললেন, সবচেয়ে কর্মচঞ্চল এলাকাটিতে চারটি টয়লেট রয়েছে, যার একটিও নারীবান্ধব নয়। পয়োব্যবস্থা খুবই খারাপ। সবার আগে এই সমস্যার সমাধান করবেন। শম্পা শেষ করলেন এই বলে, ‘নির্বাচিত হই বা না হই, আন্দোলন-সংগ্রাম চলবেই।’ নির্ধারিত সময়ের পরে এসেছিলেন সাবেক কমিশনার সৈয়দা মরিয়ম বেগম সীমা। তিনি জানালেন, বস্তি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনি রেলওয়ে কলোনিতে কিছু টয়লেট করে দিয়েছিলেন।
মতবিনিময় সভা শেষ হতে না হতেই সবাই একছুটে ফিরে যান মাঠে। পোস্টার সেঁটে, লিফলেট ছাপিয়ে, মানুষের কাছে গিয়ে এঁরা ভোট চাইছেন। একেকজনের চোখ একেক বিষয়ে। শামসুন্নাহার সবাইকে নিয়ে সব ধরনের উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছেন। রেলওয়ে কলোনি ছেড়ে যাঁরাই চলে গেছেন ও যেসব হকার উচ্ছেদ হয়েছেন, তাঁদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিচ্ছেন সানজিদা শিকদার পান্না।
তবে নির্বাচনী প্রচারে ব্যতিক্রম এনেছেন শম্পা। প্রতিদিন ভোরে উঠেই তিনি ও তাঁর রাজনৈতিক সতীর্থরা চলে যান রমনা পার্কে ও বিভিন্ন স্কুলের সামনে। কখনো হেঁটে, কখনো রিকশায়, কখনো বাসে চেপে তিনি জনসংযোগ করছেন। গতকাল স্টেডিয়াম মার্কেটে তাঁর জন্য ভোট চান সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পেশায় চিকিৎসক মনীষা ব্যানার্জি। তিনি বলেন, ‘বুয়েট থেকে পাস করে অনেক টাকা বেতনে চাকরির সুযোগ ছিল। শম্পা সেই জীবন বেছে নেননি।
শম্পা বসু বুয়েটে সনি হত্যার ঘটনায় আন্দোলন গড়ে তুলেছিলেন। শিক্ষাব্যয় বাড়ানোর প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। বেইলি রোডে স্কুল ভাঙার উদ্যোগ নিয়ে প্রতিবাদ করেছেন। ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু ঋতুর জন্য আন্দোলন গড়ে তুলেছেন।’
শম্পা ফেসবুকে নতুন একটি পেজ খুলেছেন। তাঁর লিফলেটে নারী ও শিশুদের জন্য সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি আছে। এগুলো হলো নারীদের জন্য গণপরিবহনে পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করা ও শিশুদের বিকাশের পরিবেশ সৃষ্টি, স্কুল ও এলাকায় সামাজিক কর্মকাণ্ড বাড়ানো। তিনি লিখেছেন, ‘নির্বাচনে নিষ্ক্রিয় থাকবেন না, বিবেক বিসর্জন দেবেন না।’