সবচেয়ে ধনী বিএনপির প্রার্থী গরিব ইসলামী আন্দোলনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় ছয় মেয়র পদপ্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র আবদুল মান্নান খান সবচেয়ে ধনী। সবচেয়ে গরিব ইসলামী আন্দোলনের প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে।
হাজীগঞ্জ পৌরসভায় মেয়র পদপ্রার্থীরা হলেন আওয়ামী লীগের মাহবুব-উল-আলম লিপন, বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হেলাল উদ্দিন মজুমদার, জাতীয় পার্টির সেলিম মাহমুদ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের শাহজাহান মিয়াজী ও স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক চৌধুরী। শিক্ষাগত যোগ্যতায় মাহবুব-উল-আলম লিপন এসএসসি, আবদুল মান্নান খান ও হেলাল উদ্দিন মজুমদার এইচএসসি, সেলিম মাহমুদ এমএসএস ও এলএলবি, ওমর ফারুক চৌধুরী বিএ ও শাহজাহান মিয়াজী কোরআনে হাফেজ।
হলফনামা ঘেঁটে দেখা গেছে, আবদুল মান্নান খান ব্যবসায়ী। ব্যবসা থেকে তাঁর বছরে আয় ১৫ লাখ ৭২ হাজার ৫৫৫ টাকা। তাঁর দুই স্ত্রীর আয় ১৮ লাখ ১৬ হাজার ২৮২ টাকা। কৃষি খাত থেকে আয় ১৯ হাজার ২২০ টাকা এবং বাড়ি ও দোকান ভাড়া পান ১ লাখ ১৬ হাজার টাকা। তাঁর নগদ ৩ লাখ ৪২ হাজার ৬০০ টাকা ও দুই স্ত্রীর ২ লাখ ৬৬ হাজার ৩৫৯ টাকা আছে। ব্যাংকে আছে ৬০ হাজার টাকা। তাঁর ২০ লাখ টাকা দামের একটি জিপ গাড়ি আছে। সোনা নিজের আছে ৫ ভরি ও স্ত্রীদের নামে ১৫ ভরি। ইলেকট্রনিক সামগ্রীর মধ্যে টিভি, রেফ্রিজারেটর, ল্যাপটপ, ওভেন, ডিপফ্রিজ ও বিভিন্ন রকমের আসবাব রয়েছে। তিনি ইসলামী ব্যাংকে ৩ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪০৮ টাকা ঋণী আছেন। তাঁর ১ দশমিক ৭৪ শতক কৃষিজমি, ৫ দশমিক ৫ শতক অকৃষিজমি আছে।
আওয়ামী লীগের মাহবুব-উল-আলম লিপন পেশায় ঠিকাদার। ঠিকাদারি থেকে তাঁর বছরে আয় ২ লাখ ২০ হাজার টাকা। নিজের ৬০ হাজার ও স্ত্রীর ২০ হাজার নগদ টাকা আছে। নিজের ১০ ভরি ও স্ত্রীর ১০ ভরি সোনা আছে। তাঁর ইলেকট্রনিক সামগ্রী ও বিভিন্ন আসবাবপত্র রয়েছে। তাঁর দুই শতক জমি ও একটি চৌচালা টিনের ঘর রয়েছে। তাঁর দায়দেনা নেই।
স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন মজুমদারের পেশা কৃষি। এ খাত থেকে তাঁর বছরে আয় ২৩ হাজার ৩২৮ টাকা। তাঁর ওপর নির্ভরশীলদের আয় ৬৬ হাজার ৯৬০ টাকা। তাঁরা বাড়ি ও দোকান ভাড়া বাবদ ২ লাখ ২৫ হাজার টাকা পান। তাঁর নগদ ১৯ লাখ ৬০ হাজার ৩৬৭ ও স্ত্রীর ৭ লাখ ৪৭ হাজার ২৬৫ টাকা আছে। ব্যাংকে তাঁর ৩ লাখ ২০ হাজারর ও স্ত্রীর ২০ হাজার টাকা জমা আছে। সোনা আছে নিজের ২৫ ভরি ও স্ত্রীর ১৫ ভরি। এ ছাড়া ইলেকট্রনিক সামগ্রী ও বিভিন্ন আসবাবপত্র রয়েছে। তাঁর এক একর ও স্ত্রীর ৪ দশমিক ৬৫ একর কৃষিজমি আছে। ঢাকায় একটি বাড়ি আছে।
জাতীয় পার্টির সেলিম মাহমুদ পেশায় আইনজীবী। এ পেশা থেকে তাঁর বছরে আয় ২ লাখ ১০ হাজার টাকা। তাঁর নগদ আছে ৫ লাখ ১০ হাজার টাকা। সোনা আছে ১০ তোলা। এ ছাড়া বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র রয়েছে। তাঁর যৌথ মালিকানায় কিছু কৃষি ও অকৃষিজমি রয়েছে।
ইসলামী আন্দোলনের শাহজাহান মিয়াজী পেশায় হোটেলের ব্যবস্থাপক। এ পেশা থেকে তাঁর বছরে আয় ১ লাখ ২০ হাজার টাকা। তাঁর নগদ ১০ হাজার এবং ব্যাংকে ২ হাজার টাকা আছে। সোনা আছে তিন ভরি। বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র আছে। তাঁর ২০ শতক কৃষিজমি ও একটি আধা পাকা ঘর আছে।
স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক চৌধুরী পেশায় ব্যবসায়ী। তাঁর বার্ষিক আয় ২ লাখ ৫৫ হাজার টাকা। নগদ আছে ৩ লাখ টাকা। এ ছাড়া অন্যান্য খাতে নগদ ১২ লাখ টাকা আছে। সোনা আছে তিন ভরি। যৌথ মালিকানায় কিছু কৃষি ও অকৃষিজমি রয়েছে।