সবচেয়ে ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্র পরিবহন খাত

দেশে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু গত এক দশকে ক্রমাগত বেড়েছে। এর মধ্যে বরাবর সবচেয়ে বেশি শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে পরিবহন খাতে। এর পরই নির্মাণ খাত। এক জরিপে দেখা যায়, ২০১৬ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মোট ৬৯৯ জন মারা গেছেন। এর মধ্যে ২৪৯ জনই পরিবহন খাতের শ্রমিক। বিশেষজ্ঞরা বলছেন, কর্মঘণ্টাসহ শ্রমিকদের অধিকারগুলো মানা হয় না বলে যানবাহনের চালকেরা অবসাদগ্রস্ত থাকেন। এ কারণে তাঁরা দুর্ঘটনার শিকার হন।
তবে যাত্রী ও সড়ক নিরাপত্তা নিয়ে যাঁরা কাজ করেন তাঁরা মনে করেন, দেশের সড়কগুলো ভয়াবহ মৃত্যুফাঁদ হয়ে আছে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে। বিশ্রামহীনভাবে গাড়ি চালানোকে দুর্ঘটনার একটি অন্যতম বড় কারণ বলে তাঁরাও মনে করেন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী মনে করেন, পরিবহন খাতের শ্রমিকদের প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব, প্রশিক্ষণের ব্যবস্থা ও চাকরির নিশ্চয়তা না থাকা এই পেশাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তিনি বলেন, শ্রমিকদের অতিরিক্ত কাজের প্রভাবে তাঁদের জীবন ঝুঁকিতে পড়ছে, আবার তাঁদের হাতে অনেক যাত্রী মারা যাচ্ছে।
শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এক গবেষণায় বলা হয়েছে, বেশির ভাগ চালক প্রতিদিন গড়ে ১৩ ঘণ্টা বা তার বেশি গাড়ি চালান। পাশাপাশি শ্রমিক হিসেবে অন্যান্য সুযোগ-সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত।
গতকাল রোববার প্রকাশিত বিলসের এক সমীক্ষায় বলা হয়েছে, ২০১৬ সালে কর্মক্ষেত্রে শ্রমিক মারা গেছেন আগের বছরের চেয়ে দ্বিগুণ। ২০১৫ সালে ৩৬৩ জনের মৃত্যু হলেও পরের বছর এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৯। উভয় বছরই মোট নিহতের প্রায় অর্ধেকই ছিলেন পরিবহন খাতের শ্রমিক: ২০১৫ সালে ১২৫ জনের বিপরীতে ২০১৬ সালে ২৪৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
সংস্থাটির হিসাবে ২০০৭ থেকে ২০১৬—এই ১০ বছরে দেশে ৬ হাজার ৮০ জন শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন। এর মধ্যে তৈরি পোশাকশিল্প খাতে সর্বোচ্চ ১ হাজার ৬১৬ জন নিহত হন। ২০১৩ সালে রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনায় নিহত হন ১ হাজার ১৩৬ জন। গত এক দশকে শুধু ওই বছরই পোশাক খাতের শ্রমিকের মৃত্যুর সংখ্যা পরিবহন খাতকে ছাড়িয়ে যায়। বছরভিত্তিক প্রবণতায় শ্রমিক মৃত্যুর দ্বিতীয় বড় উৎস নির্মাণ খাত। ২০১৬ সালে এ খাতে ৮৫ জনের মৃত্যু হয়েছে। ওই বছর পোশাক খাতে মারা গেছেন নয়জন শ্রমিক।
শ্রমঘণ্টা মানা হয় না
গতকালই বিলসের প্রকাশিত আরেক সমীক্ষায় পাঁচটি খাতে নিয়োজিত শ্রমিকদের কর্মঘণ্টা ও মজুরির চিত্র তুলে ধরা হয়েছে। এ বছরের প্রথম দুই মাসে তথ্য নিয়ে সমীক্ষাটি চালানো হয়। এতে দেখা যাচ্ছে, পরিবহন খাতের ৮৬ শতাংশ শ্রমিক দৈনিক ১৩ ঘণ্টার বেশি কাজ করেন। এই খাতের ৯০ শতাংশ শ্রমিকের সাপ্তাহিক ছুটি নেই।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরিবহন খাতে নিয়োজিত শ্রমিকদের নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকা এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না থাকার প্রভাব পড়ছে তাঁদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর। চালকেরা অবসাদগ্রস্ত অবস্থায় যানবাহন চালানোয় দুর্ঘটনা বেশি ঘটছে।
এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, যানবাহন চালানোর সময় মস্তিষ্ক, চোখ, কান, অঙ্গপ্রত্যঙ্গ সারাক্ষণ ব্যস্ত থাকে। ফলে একটানা ৮-১০ ঘণ্টা চালালে চালকেরা অসংলগ্ন হয়ে পড়েন। তখন তাঁরা কোনো কিছুর তোয়াক্কা করেন না।
একটানা স্টিয়ারিংয়ে
ঢাকা-রংপুর পথে শ্যামলী পরিবহনের বাস চালান মো. নাসির। রাতে ঢাকা থেকে রওনা দিয়ে আট-নয় ঘণ্টা বাস চালিয়ে সকালে রংপুর পৌঁছান। তিন-চার ঘণ্টা বিশ্রাম নিয়ে দুপুরের আগেই ঢাকার উদ্দেশে ফিরতি যাত্রা করেন। ২৪ ঘণ্টার মধ্যে ১৬ থেকে ২০ ঘণ্টাই বাস চালাতে হয় নাসিরকে।
নাসির বলেন, সারা দিনই বলতে গেলে বাস চালাতে হয়। বিশ্রামের সুযোগ খুব বেশি থাকে না। শরীরের ওপর দিয়ে খুব ধকল যায়। একসময় শরীরে না মানলেও জোর করেই চালাতে হয়। বিশেষ করে একই দিনে দ্বিতীয় ট্রিপের সময় খারাপ বেশি লাগে। তিনি জানান, চালকের সংকট থাকায় দিনে দুই ট্রিপ দিতে হয়। তবে টানা দুই ট্রিপ দেওয়ার পরের দিন তাঁর ছুটি থাকে।
গত শুক্রবার গাবতলী এলাকায় কথা হয় গাবতলী-যাত্রাবাড়ী পথের বাসচালক মো. সুজন খানের সঙ্গে।
সুজন বলেন, ‘সকালে ছয়টায় ফার্স্ট ট্রিপ শুরু করি। রাত ১২টায় লাস্ট ট্রিপ। দুপুরে ২০-৩০ মিনিট খাওয়া ছাড়া টানা চালাই। ড্রাইভারের সিটটা আগুনের মতো গরম থাকে। স্টিয়ারিং ধইরা বইসা থাকতে থাকতে একসময় শরীর চলতে চায় না। সারা দিন চিল্লাচিল্লি, হর্নের আওয়াজে খুব কষ্ট হয়।’
কথা বলতে বলতে দরদর করে ঘামছিলেন সুজন। ইঞ্জিনের ঠিক ওপরেই বসানো চালকের আসনটি সারাক্ষণই উত্তপ্ত থাকে। মাথার ওপরে একটি ছোট ফ্যান থাকলেও সেটি বন্ধ। তিনি জানান, ফ্যান ছাড়লে চারপাশের গরম সরাসরি মাথায় লাগে, তাই সেটি ছাড়েন না।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী, প্রাপ্তবয়স্ক শ্রমিক দৈনিক আট ঘণ্টার বেশি সময় কাজ করতে পারবেন না বা তাঁকে দিয়ে কাজ করানো যাবে না। ক্ষেত্রবিশেষে ১০ ঘণ্টা পর্যন্ত শ্রমিক কাজ করতে পারবেন। কিন্তু বাস্তবে পরিবহনশ্রমিকদের ক্ষেত্রে এই কর্মঘণ্টার হিসাব মানা হচ্ছে না।
বিলসের হিসাবে দূরপাল্লার গণপরিবহনে প্রায় ১ লাখ ৮৪ হাজার শ্রমিক কাজ করেন। এই শ্রমিকদের সবাই দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করেন। তাঁদের প্রায় ৫০ শতাংশ দৈনিক ১৫ ঘণ্টার বেশি কাজ করেন। ২০ শতাংশ শ্রমিক কোনো ধরনের নিয়মিত কর্মবিরতি ছাড়াই কাজ করেন।
এ বিষয়ে শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী ও বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রমেশ চন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, কোনো চালক ২৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে গেলে ৩-৪ ঘণ্টা বিশ্রাম নিয়ে ফেরত আসেন। আর ৪০০ কিলোমিটারের বেশি দূরত্বের গন্তব্যে গেলে আরও বেশি সময় বিশ্রাম নেন। তবে বিশেষ ক্ষেত্রে এর ব্যতিক্রমও হয়। তিনি বলেন, দূরপাল্লার চেয়ে রাজধানীর ভেতরে চলাচলকারী বাসশ্রমিকদের টানা বেশি কাজ করতে হয়।
অন্তত ১০ জন পরিবহনশ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, দিনে ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করলেও তাঁদের মজুরি নির্ধারিত নেই। অধিকাংশ ক্ষেত্রে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন পরিবহন খাতের শ্রমিকেরা। কোনো ধরনের নিয়োগপত্র দেওয়া হয় না পরিবহনশ্রমিকদের। মালিকেরা চাইলে যেকোনো সময় কাজ থেকে বাদ দিতে পারেন। অসুস্থ হলে কিংবা ছুটি নিলে ওই দিনে কোনো আয় থাকে না।
বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মোয়াজ্জেম হোসেন মনে করেন, পরিবহনশ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে সরকারের সংশ্লিষ্ট কোনো বিভাগ কার্যকর উদ্যোগ নিচ্ছে না। শ্রমিকদের যাত্রাবিরতির সময় বিশ্রামের জন্য টার্মিনালে ভালো বিশ্রামাগার, শৌচাগার থাকা জরুরি।