সবচেয়ে বসবাসযোগ্য শহর ভিয়েনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইআইইউয়ের তালিকায় দ্বিতীয় বসবাসের অযোগ্য শহর ঢাকা। প্রথম আলো ফাইল ছবি
ইআইইউয়ের তালিকায় দ্বিতীয় বসবাসের অযোগ্য শহর ঢাকা। প্রথম আলো ফাইল ছবি

বিশ্বে বসবাসের অযোগ্য শহরগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আর বাসযোগ্য সবচেয়ে উত্তম শহরের তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এর আগে তালিকার শীর্ষে ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

বিবিসির খবরে জানা যায়, ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপে এই প্রথমবারের মতো সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় ইউরোপীয় কোনো দেশের শহরের নাম এল। রাজনৈতিক, সামাজিক স্থিতিশীলতা, অপরাধমূলক কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্যসেবা ইত্যাদি সূচক বিবেচনায় নিয়ে ১৪০টি শহরের তালিকা করা হয়।

কম বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা রয়েছে দ্বিতীয় অবস্থানে। শুধু যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্ককে পেছনে ফেলতে পেরেছে ঢাকা।

ইআইইউয়ের তালিকায় সবচেয়ে বাসযোগ্য শহর অস্ট্রিয়ার ভিয়েনা। ছবি: রয়টার্স
ইআইইউয়ের তালিকায় সবচেয়ে বাসযোগ্য শহর অস্ট্রিয়ার ভিয়েনা। ছবি: রয়টার্স

ইআইইউ বলছে, অপরাধমূলক কর্মকাণ্ড, নাগরিক অস্থিতিশীলতা, সন্ত্রাস, যুদ্ধ ইত্যাদি বিষয় বিবেচনা করে কম বাসযোগ্য ১০টি শহরের তালিকা বানানো হয়েছে। একনজরে দেখা যাক কম বাসযোগ্য শহরের তালিকা।

১) দামেস্ক, সিরিয়া
২) ঢাকা, বাংলাদেশ
৩) লাগোস, নাইজেরিয়া
৪) করাচি, পাকিস্তান
৫) পোর্ট মোর্সবি, পাপুয়া নিউগিনি
৬) হারারে, জিম্বাবুয়ে
৭) ত্রিপোলি, লিবিয়া
৮) ডুয়ালা, ক্যামেরুন
৯) আলজিরিয়ার্স, আলজেরিয়া
১০) ডাকার, সেনেগাল

তালিকায় আগের চেয়ে ভালো অবস্থানে উঠে এসেছে ইংল্যান্ডের ম্যানচেস্টার। আগের র‍্যাঙ্কিংয়ে বাসযোগ্য শহরের তালিকায় ৩৫তম অবস্থানে ছিল ইউরোপের এ শহরটি। এবার সেটি ১৬তম অবস্থানে এসেছে।

ইআইইউ বলছে, নিরাপত্তাব্যবস্থার উন্নতি করায় ম্যানচেস্টার র‍্যাঙ্কিংয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে এসেছে।

জরিপ বলছে, তালিকায় থাকা অর্ধেক শহর বিগত বছরগুলোর তুলনায় এ বছর জীবনযাত্রার মান উন্নত করেছে।

একনজরে দেখা যাক সবচেয়ে বসবাসযোগ্য ১০ শহরের তালিকা

১) ভিয়েনা, অস্ট্রিয়া
২) মেলবোর্ন, অস্ট্রেলিয়া
৩) ওসাকা, জাপান
৪) ক্যালগেরি, কানাডা
৫) সিডনি, অস্ট্রেলিয়া
৬) ভ্যাঙ্কুভার, কানাডা
৭) টোকিও, জাপান
৮) টরন্টো, কানাডা
৯) কোপেনহেগেন, ডেনমার্ক
১০) এডিলেড, অস্ট্রেলিয়া