চলতি বছর চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (উচ্চমাধ্যমিক) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ে। এ বিষয়ে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ার কারণ সম্পর্কে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, এ বছর ইংরেজি বিষয়ে ফল তুলনামূলক ভালো ছিল। এর পরও আবেদন বেশি পড়ার কারণ হিসেবে বলা যায়, এ বছর বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি ভালো ফলপ্রত্যাশীর সংখ্যাও বেড়েছে।গত মঙ্গলবার এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল। সরকারি মুঠোফোন প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে ৪ আগস্ট আবেদনপত্র আহ্বান করা হয়। উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল ঘোষণা করা হবে আগামী ৩ সেপ্টেম্বর। ৩ আগস্ট এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।চট্টগ্রাম বোর্ড সূত্রে জানা যায়, এবারে এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছে সাত হাজার ৯৭৮ জন। এদের মধ্যে কেউ কেউ একাধিক বিষয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে। সেই হিসাবে, ২৮ হাজার আটটি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে। এর মধ্যে শুধু ইংরেজি বিষয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে আট হাজার। এরপর রয়েছে ব্যবসায় নীতি। এতে আবেদন জমা পড়ে প্রায় আড়াই হাজার।চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট পরীক্ষকদের সূত্রে জেনেছি, এ বছর ইংরেজি দ্বিতীয় পত্রে অনেক পরীক্ষার্থীর ফল সন্তোষজনক ছিল না। ফলে এ বিষয়ে অনেক পরীক্ষার্থী সন্তুষ্ট হতে পারেনি। তারা নিজেদের আত্মবিশ্বাস থেকে আরও ভালো ফল পেতে পুনঃনিরীক্ষণের আবেদন করেছে বলে আমার ধারণা।’