সবচেয়ে বেশি প্রবাসী আয় কমেছে বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষ প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অষ্টম। এই শীর্ষ দেশগুলোর মধ্যে ২০১৬ সালে বাংলাদেশে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি তো হয়ইনি; বরং সবচেয়ে বেশি নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। আগের বছরের চেয়ে গত বছর ১১ দশমিক ১১ শতাংশ কম অর্থ বাংলাদেশে এসেছে। মূলত মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোতে তেলের দাম কমে যাওয়ায় বাংলাদেশে প্রবাসী আয় কমেছে। ওই সব দেশেই সবচেয়ে বেশি বাংলাদেশি থাকেন।
বিশ্বব্যাংকের ২০১৬ সালের ‘অভিবাসী ও প্রবাসী আয়: সাম্প্রতিক পরিস্থিতি’ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় থেকে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ১৬২ কোটি ডলার বা প্রায় ১৩ হাজার কোটি টাকার বেশি (ডলারপ্রতি দর ৮০ টাকা ধরে)। গত বছর সব মিলিয়ে ১ হাজার ৩৭০ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ২০১৫ সালে ১ হাজার ৫৩২ কোটি ডলার এসেছিল।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরের মধ্যে দুবার রেমিট্যান্স আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এর আগে ২০১৩ সালে ১ হাজার ৩৮৩ কোটি ডলার এসেছিল; যা আগের বছরের চেয়ে ২ দশমিক ৩৯ শতাংশ কম। তবে গত এক দশকের রেমিট্যান্স প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, রেমিট্যান্সের প্রবৃদ্ধি কখনোই স্থিতিশীল থাকেনি; ওঠানামা করেছে। যেমন ২০০৯ সালে রেমিট্যান্স আয়ে প্রবৃদ্ধি ছিল প্রায় ২০ শতাংশ। পরের বছর তা নেমে আসে আড়াই শতাংশে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি বাংলাদেশি আছেন। তাঁরা নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠান।
রেমিট্যান্স আয়ের পরিমাণ কমলেও এক বছরের ব্যবধানে শীর্ষ দশের তালিকায় বাংলাদেশের অবস্থান এগিয়েছে দুই ধাপ। বিশ্বব্যাংকের ২০১৫ সালের ‘অভিবাসী ও প্রবাসী আয়’ প্রতিবেদন অনুযায়ী, ওই বছর রেমিট্যান্স পাঠানোতে বাংলাদেশের অবস্থান ছিল দশম।
রেমিট্যান্স কমে যাওয়ার জন্য দুটি প্রধান কারণ আছে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোতে তেলের দাম কমে যাওয়ায় ওই সব দেশের অর্থনীতি শ্লথ যাচ্ছে। তাই ওই সব দেশ প্রবাসী শ্রমিক নিচ্ছে না। আবার অনেক প্রবাসী শ্রমিক ওই সব দেশ থেকে ফিরেও আসছেন। এসব কারণে প্রবাসী আয় কমেছে। তিনি আরও বলেন, ব্যাংকিং চ্যানেল ও খোলাবাজারে ডলারের দামের পার্থক্য কিছুদিন আগেও পাঁচ টাকায় উঠেছিল। এখন অবশ্য এই পার্থক্য সাড়ে তিন টাকায়। তাই প্রবাসীরা আনুষ্ঠানিক পথে রেমিট্যান্স পাঠানোতে নিরুৎসাহিত হচ্ছেন।
অভিবাসন ও প্রবাসী আয় নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বের মধ্যে এখন সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসী ভারতীয়রা। ভারতেও প্রবাসী আয় কমেছে। গত বছর ভারতে রেমিট্যান্স এসেছে ৬ হাজার ২৭০ কোটি ডলার। ২০১৫ সালে এসেছে ৬ হাজার ৮৯০ কোটি ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ৮ দশমিক ৯ শতাংশ। মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেলের দাম কমে যাওয়ায় শুধু ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়ায় রেমিট্যান্স আয় ৬ দশমিক ৪ শতাংশ কমেছে। তবে পাকিস্তানের কিছুটা প্রবৃদ্ধি আছে। বিশ্বব্যাংক আশাবাদী কথাও শুনিয়েছে। এই বৈশ্বিক সংস্থাটি বলেছে, ২০১৭ সালে দক্ষিণ এশিয়ায় রেমিট্যান্স প্রবাহ দুই শতাংশ বেড়ে ১১ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছাবে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, অন্য দেশের তুলনায় মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর ওপর বাংলাদেশের রেমিট্যান্স-নির্ভরতা বেশি। ওই সব দেশের অর্থনৈতিক শ্লথগতির কারণে রেমিট্যান্স প্রবাহ কমেছে। তিনি আরও জানান, চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-মার্চ) সময়ে আগের বছরের একই সময়ের চেয়ে রেমিট্যান্স কমেছে ১৮০ কোটি ডলার। এর মধ্যে ৫৮ শতাংশ কমেছে মধ্যপ্রাচ্য থেকে। বাকি ৪২ শতাংশের বেশির ভাগই কমেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে। ব্রেক্সিটের প্রভাবে ইউরো ও পাউন্ডের দাম কমেছে। আবার যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনে অভিবাসন নীতি কী হবে, তা নিয়ে অস্থিরতা আছে। অনেক গ্রিন কার্ডধারী বাংলাদেশিও যুক্তরাষ্ট্র থেকে বের হচ্ছেন না। ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকে দেশে টাকা কম পাঠিয়ে সঞ্চয় করছেন।
বিশ্বব্যাংক আরও বলেছে, ২০১৬ সালে বিশ্বব্যাপীই রেমিট্যান্স প্রবাহে ধস নেমেছে। পরপর দুই বছর এই প্রবাহ কমেছে। বিশ্বব্যাংকের ভাষায় ‘এমন ধস গত তিন দশকে দেখা যায়নি’।