সবচেয়ে বেশি সম্পদশালী বিএনপির প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী চারজন। এঁদের মধ্যে বিএনপির প্রার্থী সবচেয়ে সম্পদশালী। তিনিসহ দুজন প্রার্থীর ব্যাংকে ঋণ আছে।
প্রার্থীদের হলফনামা ঘেঁটে জানা গেছে, পৌর বিএনপির আহ্বায়ক ও দুবার নির্বাচিত সাবেক মেয়র মশিউর রহমানের নগদ টাকা রয়েছে ৮ লাখ ৫০ হাজার। ব্যাংকে জমা আছে ২০ লাখ, জাতীয় সঞ্চয়পত্র ১৫ লাখ, স্ত্রীর নামে স্বর্ণালংকার ২৫ ভরি ও কৃষিজমি আছে ৪ দশমিক ৪৮ একর। এ ছাড়া অকৃষি জমি এক একর, পৌর শহরে ২৫ শতক জায়গার ওপর একটি বাণিজ্যিক ভবন আছে। রাজধানীর আগারগাঁওয়ে দশমিক ৪ শতক জমিতে অ্যাপার্টমেন্ট আছে। তিনি সোনালী ব্যাংক (চাঁচকৈড় শাখা) থেকে ৩৫ লাখ টাকা সিসি লোন (ঋণ) নিয়েছেন। আয়ের উৎস হিসেবে কৃষি খাত থেকে ১৬ হাজার ৫০০ টাকা, দোকান ভাড়া থেকে ৫০ হাজার টাকা এবং ব্যবসা থেকে তিন লাখ টাকা দেখিয়েছেন। এই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (সিভিল)। তাঁর বিরুদ্ধে ট্রাক পোড়ানোর একটি মামলা নাটোর বিশেষ ট্রাইব্যুনাল আদালতে চলমান রয়েছে।
মশিউর রহমান বলেন, তাঁর সব সম্পত্তি পৈতৃক সূত্রে পাওয়া। মেয়র থাকা অবস্থায় তাঁর সম্পদ বাড়েনি বলে দাবি করেন তিনি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তিনি জয়ী হবেন বলে আশা করছেন।
স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন পৌরসভার দ্বিতীয় মেয়াদে পৌর চেয়ারম্যান ছিলেন। বর্তমানে প্লাস্টিক সামগ্রীর ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর কৃষিজমি রয়েছে দশমিক ১৭ শতক। শহরের চাঁচকৈড় বাজারে দশমিক ১৫০ শতক জমিতে ব্যবসাপ্রতিষ্ঠান ও এর বাইরে ১২ শতক জায়গার ওপর পাকা ভবন আছে। ব্যাংকে নগদ টাকা আছে ৩৭ হাজার। কৃষি খাত থেকে ৩০ হাজার টাকা ও ব্যবসা থেকে চার লাখ টাকা আয় হয়। ব্যবসা পরিচালনার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাঁচকৈড় শাখা থেকে ঋণ নিয়েছেন ২০ লাখ টাকা। তাঁর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। একটি হত্যা মামলায় অভিযুক্ত হলেও পরে অভিযোগপত্র থেকে বাদ পড়েন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা স্নাতক (বিএ) পাস। এই প্রার্থীর নগদ টাকা আছে এক লাখ। ব্যাংকে জমা রয়েছে ১ হাজার ৭৪১ টাকা। ব্যবসা থেকে আয় হয় এক লাখ টাকা এবং মেয়র হিসেবে সম্মানী ভাতা পান ২ লাখ ৪০ হাজার। তবে কী ব্যবসা করেন, তা তিনি উল্লেখ করেননি। তাঁর পৈতৃক সূত্রে পাওয়া আবাদি জমি আছে দশমিক ১৫ শতক। সেখানে একটি টিনশেড ভবন এবং ক্রয়সূত্রে দশমিক ৫ শতক জায়গায় দোতলা ভবন আছে। তাঁর বিরুদ্ধে একটি মামলা থাকলেও তিনি পরে খালাস পেয়েছেন।
বর্তমান মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, ব্যবহারের কারণে তিনি গতবার নির্বাচিত হয়েছেন। সৎ জীবনযাপন করেন বিধায় তাঁর সম্পদ বাড়েনি বলে দাবি করেন তিনি।
সবচেয়ে কম সম্পদের প্রার্থী হচ্ছেন ওয়ার্কার্স পার্টির সুলতান আহম্মেদ। তিনি স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। তাঁর নগদ আছে এক লাখ। ব্যাংকে জমা রয়েছে পাঁচ হাজার টাকা। ব্যবসা থেকে এক লাখ ও পুকুরে মাছ চাষ থেকে এক লাখ টাকা আয় হয় তাঁর। পৈতৃক সূত্রে ১০ শতক জায়গায় টিনশেড ঘর আছে।