সবচেয়ে বড় চ্যালেঞ্জ জঙ্গি ও মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জঙ্গি ও মাদক। গতকাল সোমবার পুলিশের ত্রৈমাসিক অপরাধ সভায় এ বিষয়টি উঠে আসে। ত্রৈমাসিক অপরাধ সভার বাইরে আলাদাভাবে জঙ্গি ও মাদক নিয়ে বৈঠক করার ব্যাপারেও সিদ্ধান্ত হয়।
বৈঠকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জানিয়েছেন, অন্য যেকোনো সময়ের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। জঙ্গিবাদ দমন এবং মাদক নির্মূল বর্তমানে পুলিশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি জঙ্গিবাদ দমন এবং মাদক নির্মূলে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
সূত্রগুলো বলছে, মাদকের অবৈধ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মাঠপর্যায়ের ৮০ জনের বেশি পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ নিয়ে গোয়েন্দা বাহিনীর একটি প্রতিবেদন পুলিশের হাতে আছে। তবে গতকাল সভায় ওই তালিকা প্রকাশ করা হয়েছে কি না, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বৈঠকে মাদক নির্মূলে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, সে সম্পর্কে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা বক্তব্য দেন।
সভায় বলা হয়েছে, সারা দেশে মাদক নির্মূলে পুলিশের অভিযানে ইয়াবার বেচাকেনা কমেছে। কিন্তু হেরোইনের ব্যবহার বেড়ে গেছে। কোনো মাদক ব্যবসায়ীর সঙ্গে পুলিশের যোগাযোগ থাকলে তাঁকে চাকরিচ্যুত করারও নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক।
জঙ্গিবাদের আলোচনায় বলা হয়েছে, তাদের তৎপরতা এখন আর কোনো বিশেষ এলাকায় সীমাবদ্ধ নেই। প্রায় গোটা দেশেই জঙ্গিরা ছড়িয়ে–ছিটিয়ে আছে। এটাই এখন বড় হুমকি। জঙ্গিবাদ দমনের কাজটা শুধু কাউন্টার টেররিজম, সোয়াট, এলআইসি করলে হবে না, পুলিশের সবাইকেই প্রস্তুত থাকতে হবে।
পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (কাউন্টার টেররিজম) আমিনুল ইসলাম জঙ্গিবাদ দমনে কাউন্টার ন্যারেটিভের প্রচার ও প্রসারের কথা বলেন। তিনি বলেন, তরুণেরা যেন ধর্মের সঠিক ব্যাখ্যা পান, তা নিশ্চিত করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
সভায় পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক মো. হুমায়ুন কবির জানুয়ারি-মার্চ পর্যন্ত সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। এই সময়ে সারা দেশে মামলা দায়েরের সংখ্যা এর আগের তিন মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
সভায় পুলিশের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব কটি জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।