সবচেয়ে বড় জাতীয় পতাকা তৈরির উদ্যোগ
কাপড় দিয়ে বিশ্বের সবচেয়ে বড় জাতীয় পতাকা তৈরির বিশ্বরেকর্ড করার উদ্যোগ নিচ্ছে ‘দীর্ঘতম জাতীয় পতাকা নির্মাণ জাতীয় কমিটি’।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিটির সদস্যসচিব মুক্তিযোদ্ধা মাহবুব জামান।
ডাকসুর সাবেক জিএস মাহবুব জামান লিখিত বক্তব্যে আয়োজনের সার্বিক দিক তুলে ধরেন। তিনি বলেন, বিজয়ের মাসেই এক কিলোমিটার দীর্ঘ এই পতাকা তৈরির কাজ শুরু হবে। শেষ হবে আগামী ২১ ফেব্রুয়ারি। ২ মার্চ কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে প্রদর্শন করা হবে পতাকাটি।
উদ্যোক্তারা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর মূল আয়োজন করবে। বাংলাদেশ সেনাবাহিনী এতে সহযোগিতা করবে। এ দুই কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করা হবে জাতীয় কমিটির কাজ।
প্রসঙ্গত, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পতাকার (কাপড়ের তৈরি) বিশ্বরেকর্ডটি রুমানিয়ার দখলে রয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ৬০০ মিটার।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস। তিনি বলেন, ‘লাল-সবুজের এই পতাকা নিয়ে বিশ্বরেকর্ডের পরিকল্পনা একটি নতুন ধারণা। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’
এ সময় শিব নারায়ণ দাসের সহধর্মিণী ও মুক্তিযোদ্ধা গীতশ্রী চৌধুরীও উপস্থিত ছিলেন।