সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে পটুয়াখালীর পায়রায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নির্মাণ চুক্তি সই হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার একটি হোটেলে এই চুক্তি সই হয়। এখন পর্যন্ত যেসব বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে, তার মধ্যে এটিই দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র।
চুক্তি সই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশ উন্নতির যত উচ্চতর সোপানে আরোহণ করবে, বিদ্যুতের চাহিদাও তত বাড়বে। তাই নতুন নতুন বিদ্যুৎকেন্দ্রও করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং বলেন, বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়নের সড়কে উঠে গেছে। এই সড়কে চীন একাত্ম থাকতে চায়।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০১৯ সালের এপ্রিলে এই কেন্দ্রটির প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট) এবং ডিসেম্বরে একই ক্ষমতার দ্বিতীয় ইউনিট চালু হবে।
পায়রার কেন্দ্রটি স্থাপনের জন্য সরকারি মালিকানাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) ও চীনের সরকারি প্রতিষ্ঠান সিএমসি মিলে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। ঢাকায় নিবন্ধনকৃত যৌথ উদ্যোগের এই কোম্পানির নাম দেওয়া হয়েছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)। বিদ্যুৎকেন্দ্রটিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ঠিক করা হয়েছে ৬ দশমিক ৬৫ টাকা।