
প্রশ্নপত্র ফাঁসের কারণে দেশ আজ সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে৷ এর প্রতিবাদ না করলে আরও বড় ধরনের বিপর্যয়ের সামনে পড়তে হবে। এই সমস্যার সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন। এই সতর্কতাবাণী ও তাগিদ জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের৷
একের পর এক বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে চার ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে মুহম্মদ জাফর ইকবাল সাংবাদিকদের কাছে কথাগুলো বলেন৷ স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হককে সঙ্গে নিয়ে সকাল আটটার দিকে তিনি শহীদ মিনারে আসেন এবং দুপুর সোয়া ১২টা পর্যন্ত থাকেন৷ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, লেখক ও সাংবাদিক আনিসুল হক এবং মুহম্মদ জাফর ইকবালের ছোট ভাই কার্টুনিস্ট আহসান হাবীব সংহতি প্রকাশ করে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বেশ কিছুসংখ্যক সাধারণ মানুষ হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে জাফর ইকবালের সঙ্গে যোগ দেন।
সকাল ১০টার দিকে বৃষ্টি শুরু হয়৷ সবাই বৃষ্টিতে ভিজে কর্মসূচি অব্যাহত রাখেন। এ সময় সমবেত কণ্ঠে গান ও স্লোগান চলে৷ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘প্রশ্ন ফাঁস মানি না, মানব না’, ‘ছেলেমেয়েদের স্বপ্ন, ধ্বংস হতে দেব না’, ‘একেকটি প্রশ্ন ফাঁস মানে একেকটি স্বপ্নের মৃত্যু’, ‘প্রশ্ন ফাঁসের দায় সরকারকে নিতে হবে’, এসব লেখা প্ল্যাকার্ড বহন করেন।
দুপুর সোয়া ১২টার দিকে কর্মসূচি শেষ হওয়ার আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষার্থী ঘোষণা দেন, আগামী এক সপ্তাহ তঁারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশ্নপত্র ফঁাসের বিরুদ্ধে গণসংযোগ চালাবেন। এর মধ্যে সরকার যদি প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়, তবে আগামী শুক্রবার আবার শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন।
কর্মসূচিতে অংশ নেওয়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী দীপান্বিতা কিংশুক বলেন, ‘প্রশ্নপত্র ফঁাস কেবল জাফর ইকবাল স্যারের দাবি নয়, এ দাবি আমাদেরও। এটা শিক্ষার্থীদের ওপর মানসিক ও নৈতিক চাপ সৃষ্টি করে।’
কর্মসূচি শেষ করার আগে অধ্যাপক জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমি বলেছিলাম, একা একা বসে থাকব, কিন্তু এখানে এসে বুকটা ভরে গেছে। আমি দেখলাম, আমার সঙ্গে তরুণ প্রজন্ম আছে। তারা আমার আগে থেকেই আন্দোলন করার চেষ্টা করছে। আমি আন্দোলন করতে পারি না। আমি তাদের পিছে পিছে আছি।’
বেশ কিছুদিন ধরে সংবাদপত্রে নিবন্ধ লিখে প্রশ্ন ফাঁসের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তাঁর লেখার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আরেকটি নিবন্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ নাকচ করে একে ‘সাজেশন’ হিসেবে চিহ্নিত করেন। এরপর ২৩ মে একটি নিবন্ধে শহীদ মিনারে একা বসে প্রতিবাদ জানানোর ঘোষণা দেন জাফর ইকবাল।
অধ্যাপক জাফর ইকবাল গতকালও বলেন, প্রশ্নপত্র ফঁাসের সমস্যা সমাধান করতে হলে সবার আগে স্বীকার করতে হবে ফঁাস হচ্ছে। এরপর তারা সমস্যা সমাধানের জন্য সবাইকে ডাকুক। সরকারের উচ্চপর্যায়ের লোকজন প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগ করে তিনি বলেন, তা না-হলে যারা এটা ফাঁস করছে, তারা এত সাহস কী করে পায়?
শহীদ মিনারের এই কর্মসূচি প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল প্রথম আলোকে জানান, কর্মসূচির পর অধ্যাপক জাফর ইকবালের সঙ্গে তঁার এক অনুষ্ঠানে কথা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, ‘তদন্ত কমিটিকে জাফর ইকবাল সময় দিয়েছেন। তঁার কাছে যেসব তথ্যপ্রমাণ অছে এবং তাঁর যা বক্তব্য তদন্ত কমিটি সেগুলো শুনবে। শিক্ষা মন্ত্রণালয় আগে স্বীকার করুক প্রশ্নপত্র ফঁাস হচ্ছে—এ দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা স্বীকার না করলে কেন পরীক্ষা বন্ধ করলাম? কেনই বা তারিখ পরিবর্তন করলাম। কেনই বা তদন্ত কমিটি করলাম?...জাফর ইকবাল শিক্ষা পরিবারের তারকা সদস্য। তঁার সব পরামর্শ মন্ত্রণালয় গুরুত্ব দেয়।’
রংপুরে সংহতি সমাবেশ: নিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে অধ্যাপক জাফর ইকবালের কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে গতকাল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থী’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বেলা সাড়ে তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য দেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক ও কয়েকজন শিক্ষার্থী৷ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। সমাবেশে প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দািব জানানো হয়।