সবজান্তা সমীপেষু
তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? হোয়াই?
গৌর বিহারী রায় চৌধুরী, বেগমগঞ্জ, নোয়াখালী
হবেন না। কারণ, আপনার নাম গৌর বিহারী রায় চৌধুরী, উত্তম হওয়ার প্রশ্নই আসে না!
দেশের সেরা প্রশ্নটা পাঠাতে চাইলে আমাকে কী করতে হবে?
ইমরান হাসান, বেড়া, পাবনা
প্রশ্ন পাঠাতে হবে, তব সেটা ফাঁস করে। যেটাতে থাকবে শতভাগ কমন পড়ার নিশ্চয়তা।
এই জগতে হায়, কে ভাইয়া হতে চায়?
তাসনীম ফাতেমা, কুমিল্লা
সেটা বলা মুশকিল, তবে সবাই যোগ্য শ্যালিকা পেলেই দুলাভাই হতে চায়।
আমরা কথায় কথায় অন্যদের পাগল বলি কেন?
জাকির হোসেন, রাজগঞ্জ, যশোর
বারবার নিজের পরিচয়টা জানাতে কার না ভালো লাগে, বলেন!
হাঁসির ডিম না বলে হাঁসের ডিম বলি কেন?
এইচ এম জাকারিয়া, মিরপুর, ঢাকা
ডিমের ওপর হাঁসেরও সমান অধিকার আছে বলে।
সেরা প্রশ্ন
সব প্রশ্নের উত্তর আছে, কিন্তু পূর্ব, পশ্চিম বা দক্ষিণ নেই কেন?
ইয়াছিন হক, কুমিল্লা
প্রশ্নের সবই আছে। এই যেমন পুরোনো প্রশ্নটাই তো পূর্বের প্রশ্ন, আর পশ্চিমা দেশগুলোর প্রশ্ন তো পশ্চিমের প্রশ্নই, তাই না?
অভিনন্দন ইয়াছিন, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।