সবজি ও পশুবাহী যান থেকে চাঁদা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন সড়ক ও মহাসড়কে সবজি এবং পশুবাহী যানবাহন থামিয়ে সমাজকল্যাণ তহবিলের নামে চাঁদা আদায় করছেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের লোকজন। দুস্থ শ্রমিকদের সহায়তায় গঠন করা ওই তহবিলের জন্য চাঁদা আদায় করা হচ্ছে বলে শ্রমিকেরা দাবি করেছেন।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে জেলার বঙ্গবন্ধু সড়কের গোবিন্দনগর এলাকায় কাঁচামাল আড়তের সামনে গরুভর্তি একটি নছিমন থামালেন এক ব্যক্তি। যানটির চালকের কাছে চাঁদার টাকা চাইলে প্রথমে তিনি তা দিতে অস্বীকার করেন। জোরজবরদস্তির একপর্যায়ে ১০ টাকা বের করে দেন তিনি। কল্যাণ তহবিলের নামে টাকা তোলার দায়িত্বে থাকা ওই ব্যক্তির নাম কাউসার আলী।
কাউসার বলেন, একসময় তিনি পরিবহনশ্রমিক ছিলেন। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত পাওয়ার পর তিনি কাজ ছাড়তে বাধ্য হন। এর পর থেকে তিনি সড়কে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষে সমাজকল্যাণ তহবিলের টাকা আদায়ের কাজ করছেন। আদায় করা চাঁদা থেকে প্রতিদিন ২০০-৩০০ টাকা হাতে রেখে বাকি টাকা তিনি ইউনিয়নে জমা দেন। কাউসার দাবি করেন, তিনি ঠাকুরগাঁও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের একজন কার্ডধারী সদস্য। ইউনিয়নের নেতারা তহবিলের টাকা আদায়ের বিষয়টি জানেন।
শহরের দুড়ামারিকান্দর এলাকার বিসিক মোড়ে দুই যুবককে যানবাহন আটকে চাঁদা আদায় করতে দেখা গেল। তাঁরা পৌরসভার ভেতরের মালামাল ওঠানো-নামানোর জন্য টোল আদায়ের রসিদের সঙ্গে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সমাজকল্যাণ তহবিলের টাকা আদায় করছিলেন। তাঁদের একজনের নাম রায়হান। তিনি বলেন, ‘ঠাকুরগাঁও রোডের জাহাঙ্গীর খান যানবাহনের টোল আদায়ের কাজটি পৌরসভা থেকে দরপত্রের মাধ্যমে নিয়েছেন। তাঁর পক্ষেই আমরা যানবাহন থেকে টোল আদায় করছি। একই সঙ্গে শ্রমিকদের তহবিলের টাকাও আমরা আদায় করছি।’
একইভাবে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও রোড, বালিয়াডাঙ্গী, রানীশংকৈল ও পীরগঞ্জের বিভিন্ন সড়ক-মহাসড়কে যানবাহন থেকে সমাজকল্যাণ তহবিলের নামে চাঁদা আদায় করা হচ্ছে।
স্থানীয় নছিমনচালক কাউসার আলী অভিযোগ করেন, নছিমন মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আওতায় না থাকলেও যানটি থেকে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে আদায়কারীরা খারাপ ব্যবহার করেন।
গোবিন্দনগর এলাকার সবজির আড়তে সবজি নিয়ে আসা নছিমনের চালক আবদুল আলিম বলেন, কিছুদিন আগে দুস্থ শ্রমিকদের সাহায্যের নামে লটারির টিকিট বিক্রি করা হয়। এবার আবার দুস্থ শ্রমিকদের সাহায্যের নামে সরাসরি চাঁদা আদায় করা হচ্ছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল জব্বার বলেন, সমাজকল্যাণ তহবিলের টাকা ইউনিয়নের শাখা কার্যালয়ের মাধ্যমে তোলা হয়। সংগঠন থেকে সড়ক দুর্ঘটনায় আহত ও অসহায় পরিবহন শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। সহায়তা কার্যক্রম আরও জোরদার করার জন্য পরিবহন শ্রমিকদের কাছ থেকে সমাজকল্যাণ তহবিল নামে সাহায্য নেওয়া হচ্ছে। কোনো জোরজবরদস্তির মাধ্যমে তহবিলের টাকা আদায় করা হয় না। তবে পশুর গাড়ি থেকে তহবিলের টাকা আদায় করার কথা নয়। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) ফয়সল মাহমুদ বলেন, সড়ক-মহাসড়কে চাঁদা আদায় এবং কোরবানির পশুর গাড়ি থামানো
হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।