সবজি ও মাংসের দাম কমেছে, বেড়েছে ডালের
শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় চট্টগ্রামের বাজারে কমে এসেছে সব ধরনের সবজির দাম। সপ্তাহ খানেক আগে কোরবানির ঈদ হয়ে যাওয়ায় বাজারে মাংসের দামও কমতির দিকে। তাই ক্রেতারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তবে দেশি মসুর, খেসারিসহ কয়েক ধরনের ডালের দাম বেড়েছে।গতকাল শনিবার বিকেলে রিয়াজউদ্দিন বাজারের সবজি বিক্রেতা সোহেল মাহমুদ বলেন, এখন বাজারে শীতকালীন সবজিতে ভরপুর। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশি পরিমাণে সবজি আসছে। তাই দাম কমতে শুরু করেছে। সামনে আরও কমার সম্ভাবনা রয়েছে। বাজার ঘুরে দেখা গেছে, খুচরায় প্রতি কেজি ফুলকপি ৩৩ থেকে ৩৫ টাকা, বাঁধাকপি ২৫ টাকা, মুলা ৩০ টাকা, শিম ৩০ থেকে ৩৫ টাকা, পটোল ২৫ টাকা, বরবটি ৩০ টাকা, ঢ্যাঁড়স ৩২ থেকে ৩৫ টাকা, টমেটো ৫৫ থেকে ৬০ টাকা, বেগুন ২৫ থেকে ৩০ টাকা, পেঁপে ১২ থেকে ১৫ টাকা, ঝিঙা ৩৫ টাকা, চিচিঙা ৩৫ থেকে ৪০ টাকা, লাউ ১৫ টাকা, কচু ৩০ টাকা, মিষ্টি কুমড়া ও চালকুমড়া ২৫ থেকে ৩০ টাকা, কচুর লতি ২৫ টাকা ও আলু ২৫ টাকায় বিক্রি হচ্ছে।তবে মৌসুম চলে যাওয়ায় বাজারে বেড়ে গেছে করলার দাম। গতকাল রিয়াজউদ্দিন বাজারের পাইকারি বাজারে কেজি প্রতি করলা ৬০ টাকা এবং খুচরা বাজারে ৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গৃহিণী মুশতারি বেগম বলেন, ‘সবজির দাম কিছুটা কমেছে। কী জানি, আবার কখন দাম বেড়ে যায়? এই আশঙ্কায় আছি।’ খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে দেশি মসুরসহ কয়েকটি ডালের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব খুচরা বাজারেও পড়েছে। গত সপ্তাহের তুলনায় সাত থেকে ১৫ টাকা করে বেড়ে বেড়েছে দেশি মসুর, মটর ডাল, খেসারি ও মটরশুটির দাম। কেজিপ্রতি ১৫ টাকা বেড়ে এখন খেসারি বিক্রি হচ্ছে ৭০ টাকা, কেজিতে সাত থেকে নয় টাকা বেড়েছে মসুর ডালের দাম। এখন দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১৩২ থেকে ১৩৪ টাকায়। কেজিতে আট টাকা বেড়ে মটর ডাল ৫০ টাকা এবং ছয় টাকা বেড়ে মটরশুটি ৪৬ টাকায় বিক্রি হচ্ছে। তবে মুগ ডাল ৮ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ১১২ টাকায়। রিয়াজউদ্দিন বাজারের বায়েজিদ স্টোরের ব্যবস্থাপক মোহাম্মদ ইউনুস প্রথম আলোকে বলেন, ‘পাইকারিতে দাম বাড়ায় খুচরায় কয়েক পদের ডালের দাম বেড়েছে। তবে পেঁয়াজ ও রসুনের দাম কিছুটা কমেছে।’ মুরগি ব্যবসায়ী আবদুল মোনাফ প্রথম আলোকে বলেন, ‘লোকজনের মাঝে কোরবানির ঈদের রেশ এখনো কাটেনি। মাছ-মাংস কেনার দিকে ঝোঁক কম। এর প্রভাব বাজারে পড়েছে। দেশি মুরগি কেজিতে ২৭০ টাকা, ব্রয়লার ১২৫ টাকা, লেয়ার ১৫০ টাকায় বিক্রি করছি।’ ডিম ব্যবসায়ী মো. রেজাউল করিম জানান, পাইকারি বাজারে ১০০টি ব্রয়লার মুরগির ডিম ৮০০ টাকা (লাল), ৭৪০ টাকা (সাদা), হাঁসের ডিম ৮৮০ টাকা এবং দেশি মুরগির ডিম ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে এক হালি ব্রয়লার মুরগির ডিম ৩৬ টাকা (লাল), ৩২ টাকা (সাদা), হাঁস এবং দেশি মুরগির ডিম ৪০ টাকায় বিক্রি হচ্ছে।