সবজি ও মাছের দাম নিম্নমুখী
চট্টগ্রামের কাঁচাবাজার এখনো জমে না ওঠায় শাকসবজি ও মাছের দাম কমে গেছে। ঈদের আমেজ এখনো কাটেনি বলে বাজারে কেনাবেচা কম। তাই বিক্রেতারাও পার করছেন অলস সময়। নগরের পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে গিয়ে দেখা গেছে, প্রায় সব সবজির দাম কমতির দিকে। সবজির আড়ত এবং পাইকারি বাজারে দাম কম থাকায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। বিক্রেতারা বলছেন, ক্রেতা না থাকায় মাছ-সবজির দাম পড়ে গেছে। রিয়াজউদ্দিন বাজারের মুরগির হাট লেনের নাছির আহাম্মদ বাণিজ্যালয়ের ব্যবস্থাপক তাপস পোদ্দার প্রথম আলোকে বলেন, ‘বাজারে ক্রেতা নেই। ঈদকে কেন্দ্র করে সবজির চাহিদাও কম। পচে যাওয়ার আগেই কম দামে হলেও বিক্রি করে দিতে হচ্ছে। অথচ রমজানের সময় প্রতিটি সবজি চড়া দামে বিক্রি করেছি। আর এখন এক ট্রাক সবজিতে লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে।’ ব্যবসায়ীরা জানান, বাজারে শীতকালীন সবজির সরবরাহ আগের তুলনায় বেড়েছে। বর্ষাকালীন সবজি ছাড়া শিম, বাঁধাকপি, ফুলকপির দাম একটু বাড়তির দিকে হলেও ক্রেতাদের নাগালের ভেতরে রয়েছে। রমজানের সময়ের তুলনায় এগুলোর দাম অনেক কমে গেছে। বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজার থেকে খুচরা বাজারে সবজির মূল্যের ব্যবধান ১০ থেকে ১৫ টাকা। তবে সব সবজির দাম কমলেও আলুর দাম কিছুটা বেড়েছে। বাজারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকায়। পাইকারি দামে শীতকালীন সবজি বাঁধাকপি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকায়। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়। রিয়াজউদ্দিন বাজারে ফুলকপির পাইকারি মূল্য ৪০ টাকা এবং খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। শিমের পাইকারি মূল্য ৪০ টাকা, খুচরা বিক্রি ৫০ টাকায়। এ ছাড়া কেজিপ্রতি কাঁচা পেঁপে ১৫ টাকা, পটোল ২০ থেকে ২৫ টাকা, দেশি কাঁকরোল ৩৫ টাকা, নরসিংদী কাঁকরোল ২০ টাকা, কচু ২০ টাকা, বেগুন ১০ থেকে ১৫ টাকা, করলা ১৫ থেকে ২০ টাকা, বরবটি ২০ থেকে ২৫ টাকা। বাজারে কাঁচা মরিচের দাম ৩০ থেকে ৩৫ টাকা। বাজার করতে আসা রহমত আলী বলেন, ‘রোজার সময় ছোট আকারের শসা কেজিপ্রতি ৩৫ থেকে ৪০ টাকায় কিনে খেতে হয়েছে। আজকে ১৫ টাকা দরে কিনেছি। অন্যান্য সবজির দামও কম।’ শুধু সবজির বাজারেই নয়, মাছ-মাংসের বাজারেও ক্রেতাদের আনাগোনা ছিল কম। বিক্রেতারাও কয়েকটি পদের মাছ নিয়েই ক্রেতার অপেক্ষায় ছিলেন। বিক্রেতারা জানান, সামুদ্রিক মাছের তুলনায় মিঠা পানির মাছের দাম একটু বেশি। তবে ক্রেতা পেলেই কম লাভে বিক্রি করছেন বিক্রেতারা। মাছ বিক্রেতা প্রদীপ দাশ প্রথম আলোকে বলেন, ‘ঈদ উপলক্ষে শহরে লোকজন নেই বললেই চলে। মাছের দামও কম। ক্রেতা নেই, তাই বিক্রিও কম। আমরাও তাই বেকার বসে আছি।’ রিয়াজউদ্দিন বাজারে বড় আকারের ইলিশ কেজিপ্রতি ৭০০ টাকা, মাঝারি আকারের ইলিশের দাম ৬০০ টাকা। এ ছাড়া সাদা রূপচাঁদা ৬২০ থেকে ৬৩০ টাকা, কালো রূপচাঁদা ৩৯০ থেকে ৪০০ টাকা, তেলাপিয়া (নাইলেটিকা) ১৫০ থেকে ১৬০ টাকা, লইট্টা মাছ ৮০ টাকা, রুই ১৮০ থেকে ২০০ টাকা, মলা মাছ ২২০ টাকা, বাগদা ৫২০ টাকা, ছোট আকারের চিংড়ি ৩০০ টাকা, বোয়াল ৩৪০ টাকা, টেংরা ২৮০ টাকা, বড় আকারের কোরাল ৬২০ টাকা, কাতাল ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুরগির বাজারে দেশি মুরগি ছাড়া অন্য সব মুরগির দাম আগের তুলনায় ২০ টাকা কমেছে। সরবরাহ কম থাকায় আগের তুলনায় দেশি মুরগির দাম ৩০ টাকা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বাজারে কেজিপ্রতি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৩১০ টাকায়। এ ছাড়া ব্রয়লার ১৫৫ থেকে ১৬০ টাকা, লেয়ার ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।