শিমের একদাম—কেজি ৮০ টাকা। কম চাইলে বিক্রেতার সাফ জবাব, ‘নিলে নেন, না নিলে যান।’
দাম নিয়ে এ কষাকষি রাজধানীর পশ্চিম আগারগাঁও কাঁচাবাজারের মো. আলামিনের দোকানে। তাঁর কাছে জানতে চাইলাম, শিম বাজারে এসেছে তো অনেক দিন হলো, দাম কি কমেনি? আলামিন বললেন, কয়েক দিন আগেও কেজিপ্রতি ৫০ টাকায় বিক্রি করেছিলেন, দাম আবার বাড়ছে। কারওয়ান বাজার আড়তেই দাম বেড়েছে। পশ্চিম আগারগাঁও কাঁচাবাজারটি মূলত নিম্ন আয়ের মানুষের বাজার। কারওয়ান বাজারের সেরা সবজিগুলো অভিজাত বাজারে যায়, আর পশ্চিম আগারগাঁওয়ের মতো বাজারে যায় সাধারণ মানের সবজি। কিন্তু সেখানেও বিবর্ণ হয়ে যাওয়া, ভাঙা, দাগ পড়া সবজির কেজিপ্রতি দাম ৪০ থেকে ৮০ টাকা। এর চেয়ে কম দামে মিলছে কেবল কাঁচা পেঁপে, তা-ও কেজিপ্রতি ৩০ টাকা।
কারওয়ান বাজারের আড়তে গিয়ে দেখা যায়, সেখানেও শিমের কেজি ৭০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা। ফুলকপি আকারভেদে ৩০ থেকে ৫০, বাঁধাকপি ৩০ থেকে ৪০, বেগুন ও করলা ৫০-৬০, ঢ্যাঁড়স ও বরবটি ৬০, কচুমুখী ৪০ থেকে ৫০, লাউ প্রতিটি ৬০ এবং কাঁচা টমেটো ৪০ থেকে ৫০ টাকা চাওয়া হচ্ছে।
মাছের বাজারের চিত্র ভিন্ন। সবজির বাজারে দাম বলে ক্রেতা চলে গেলেও বিক্রেতার গায়ে লাগছে না, কিন্তু মাছের বাজারে বিক্রেতারা কেজি ১০০, কেজি ১০০ বলে হাঁক দিয়ে ক্রেতা টানার চেষ্টা করছেন। ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে চাষ করা পাঙাশ, যা কয়েক দিন আগেও কেজিপ্রতি ১২০ থেকে ১৩০ টাকা ছিল। মাছ বিক্রেতারা জানান, এখন মাছের দাম বেশ খানিকটা কমেছে। শীতের শুরুতে খালবিলে পানি কমে যাওয়ায় দেশি মাছ বেশি ধরা পড়ছে। বাজারেও আসছে।
পশ্চিম আগারগাঁও কাঁচাবাজারের মাছ বিক্রেতা চিত্ত রাজবংশী বলেন, তিনি মাছ কেনেন মানিকগঞ্জ থেকে। শোল, শিং, পাবদাসহ বিভিন্ন মাছ বেশ পাওয়া যাচ্ছে। তবে কিনতে চাইলে সকাল সাড়ে নয়টার দিকে এলে ভালো। এসব মাছ দ্রুত বিক্রি হয়ে যায়।
রাজধানীর কারওয়ান বাজার ও হাতিরপুল বাজার ঘুরে দেখা যায়, মাছের দাম আগের চেয়ে কম। বড় শোল মাছের কেজিপ্রতি দর আগে ১০০০ টাকার কাছাকাছি ছিল, এখন সেটা ৬০০ টাকায় মিলছে। চিংড়ির কেজিপ্রতি দর ৫০-১০০ টাকা কমে এখন আকারভেদে ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। রুই-কাতলা, বোয়াল, পোয়া, তেলাপিয়া, চাষ করা কই, শিং, মাগুর ইত্যাদি মাছও তুলনামূলক কম দরে মিলছে।
স্বস্তি আছে মাংসের বাজারেও। ব্রয়লার মুরগি মিলছে কেজিপ্রতি ১৩০ থেকে ১৪০ টাকা দরে। অবশ্য গরুর মাংসের দাম আগের মতোই চড়া, ৪২০ টাকা কেজি।
মসলার বাজারে নতুন করে বেড়েছে রসুনের দাম। চীনা ১৮০ টাকার রসুন এখন কারওয়ান বাজারেই ২০০ টাকায় উঠেছে। দেশি রসুন বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। আমদানিকারক ও আড়তের বিক্রেতারা জানান, চীনে রসুনের দাম চড়া। তাই দেশেও বাড়ছে। দেশি নতুন মৌসুমের রসুন বাজারে আসবে আগামী এপ্রিলে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকা অনুযায়ী, গত বছর এ সময়ে বাজারে রসুনের দাম ছিল কেজিপ্রতি ৬০ থেকে ১২০ টাকা। এখনকার দাম এক বছর আগের তুলনায় ৯৪ শতাংশ বেশি। অবশ্য বাজারে এখন পেঁয়াজের দাম গত বছর এ সময়ের তুলনায় ৩৪ শতাংশ কম।