সবজি চাষ করে স্বাবলম্বী হওয়া এক দম্পতির গল্প
ভাগ্য বদলের আশায় ধারদেনা করে বিদেশে যাচ্ছিলেন ঠান্টু শেখ। বাধা হয়ে দাঁড়ান স্ত্রী শিরিনা খাতুন। তাঁর কথা, দেশে থেকেই ভালো কিছু করা সম্ভব। শেষ পর্যন্ত শিরিনারই জয় হয়েছে। দুজনে মিলে বিষমুক্ত টমেটো চাষ করেন। স্বাবলম্বী হয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার এই দম্পতি। শুধু তা-ই নয়, এলাকার কৃষকদের কাছে তাঁরা এখন আদর্শ।
ঠান্টু-শিরিনা দম্পতির বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামে। সম্প্রতি এক বিকেলে বাড়ির পাশের মাঠে টমেটো তুলছিলেন এ দম্পতি। টমেটো তোলার ফাঁকে ফাঁকে কথা হলো তাঁদের সঙ্গে।
শিরিনা বললেন, স্বামী ঠান্টু প্রাথমিকের গণ্ডি পেরোতে পারেননি। নিজস্ব বলতে আছে আড়াই বিঘা জমি। বিয়ের কয়েক বছর পরই ঠান্টু বিদেশে যাওয়ার জন্য পীড়াপীড়ি শুরু করেন। কিন্তু তিনি বাধা দেন। বলেন, এত টাকা খরচ করে বিদেশে না গিয়ে এর একটা অংশ দিয়ে সবজি চাষ করলেই অনেক ভালো হবে। এতে সংসারে আয়ও হবে, ঠান্টুও বাড়িতে থাকতে পারবেন।
শিরিনা খাতুন পড়ালেখা করেছেন সপ্তম শ্রেণি পর্যন্ত। এর ওপর ভর করে তিনি কৃষি বিভাগ থেকে চাষপদ্ধতির ওপর প্রশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৪ সালে সেখান থেকে সমন্বিত বালাইনাশক পদ্ধতিতে সবজি চাষ শিখে নেন। এরপর কেবলই স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাওয়ার গল্প।
ঠান্টু জানালেন, প্রথমবার তাঁরা নিজেদের আড়াই বিঘা জমির মধ্যে আট কাঠা জমিতে টমেটো চাষ শুরু করেন। বাকি জমিতে পাশাপাশি করেন ধান ও শসার চাষ। প্রথম বছরে টমেটো বিক্রি করে লাভ হয়েছিল ৫০ হাজার টাকা। তবে পরের বছর প্রতিবেশী একজনের কাছ থেকে ১৮ কাঠা জমি বন্ধক নিয়ে শীতকালীন টমেটো চাষ করেন। সেবার লাভ আসে ৭৫ হাজার টাকা। পরের বছর এসেছে ৯০ হাজার টাকা। আর চলতি বছর ১০ হাজার টাকা খরচ করে ১৮ কাঠা জমিতে টমেটো চাষ করেছেন। এখন পর্যন্ত প্রায় ১ লাখ টাকার টমেটো বিক্রি হয়েছে। আরও ১ লাখ টাকা আসার আশা করছেন তাঁরা।
সংসারের কাজের ফাঁকে চাষ
শিরিন-ঠান্টু দম্পতির ঘরে আছে একমাত্র মেয়ে কুসুম। তাকে স্কুলে পড়াচ্ছেন। মেয়েকে পর্যাপ্ত সময় দেওয়া এবং সংসারের অন্যান্য কাজ সামলান দুজন মিলে। এরপর স্বামী-স্ত্রী মিলেই বাড়ির পাশে মাঠে সবজি চাষ করেন। দুজনই প্রতিদিন জমি থেকে টমেটো উত্তোলন করেন। সন্ধ্যাবেলায় সেই টমেটো ১৫ কিলোমিটার দূরে কুষ্টিয়া শহরে পৌর বাজারের আড়তে নিয়ে বিক্রি করেন। প্রতিদিন গড়ে ১৫ মণ টমেটো ওঠে। এখন শীতের শেষে টমেটোর চাহিদা হওয়ায় দামও বেশি পাচ্ছেন।
ঠান্টু শেখ বলেন, স্ত্রীর কথা না শুনে বিদেশে চলে গেলে কী ভুলটাই না করতেন তিনি। সবজি চাষ করে সংসারে এসেছে সচ্ছলতা। আবার বাড়িতে সবার সঙ্গে থাকতে পারছেন। বেশ আনন্দেই কাটছে তাঁদের জীবন।
বিষমুক্ত টমেটো
বাজারে শিরিনা-ঠান্টু দম্পতির টমেটোর চাহিদা বেশি। কেননা এই টমেটোতে কোনো বিষ ব্যবহার করা হয় না। টমেটো পাকাতেও রাসায়নিক বা বিষ ব্যবহার করেন না। গাছপাকা টমেটো সরাসরি বাজারে নিয়ে যান।
ঠান্টু-শিরিনার দেখাদেখি গ্রামের আরও কয়েকজন টমেটো চাষ শুরু করেছেন। তাঁদের একজন আশরাফুল ইসলাম। তিনি জানালেন, শিরিনা ও ঠান্টু শেখ এলাকার অনেক কৃষকের কাছে এখন আদর্শ। তাঁদের দেখাদেখি তিনিও টমেটো চাষ করে বেশ লাভবান হচ্ছেন।
কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, শিরিনা নারী কৃষকদের মধ্যে উজ্জ্বল উদাহরণ। তিনি তাঁর স্বামীকে নিয়ে সবজি চাষে ব্যাপক সফলতা পেয়েছেন। কৃষি অধিদপ্তর তাঁদের সব ধরনের পরামর্শ দিচ্ছে। শিরিনাকে পুরস্কৃত করতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর উদ্যোগ নিচ্ছেন তাঁরা।