সবজি নিয়ে বিপাকে কৃষক
দেশে চলমান হরতাল ও অবরোধে ‘ফরিদপুরের সবজি ভান্ডার’ হিসেবে খ্যাত শৌলডুবী গ্রামের কৃষকেরা সবজি নিয়ে বিপাকে পড়েছেন। সময়মতো অন্য জেলা থেকে পাইকার না আসায় কাঁচামাল বিক্রি হচ্ছে না। এতে সবজির দাম পড়ে গেছে।
গত সোমবার সরেজমিনে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামে গিয়ে দেখা যায়, অনেকে খেত থেকে সবজি তুলছেন না। কারও কারও খেতে সবজি পচে যাচ্ছে। এই প্রতিবেদক কমপক্ষে ১৮ রকম শাকসবজির খেত দেখেন। সেগুলো হলো বেগুন, ঢ্যাঁড়স, ঝিঙে, করলা, ডাঁটা, বরবটি, শিম, টমেটো, ধনেপাতা, বাঁধাকপি, ফুলকপি, কাঁচা মরিচ, গাজর, লাউ, মিষ্টিকুমড়া, লালশাক, পালংশাক ও পুঁইশাক।
শৌলডুবী গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, সারা বছর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও লোকজনের কাছ থেকে ধারদেনা করে ফসল ফলান তাঁরা। কিন্তু হরতাল-অবরোধের কারণে এলাকায় পাইকার না আসায় সবজি বিক্রি করতে পারছেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, শৌলডুবী গ্রামে প্রতিবছর বিভিন্ন ঋতুতে নানা রকম শাকসবজি চাষ করা হয়। ফলনও ভালো হয়। এ বছর গ্রামের আনুমানিক ৬০ হেক্টর জমিতে শাকসবজি চাষ করা হয়েছে। এলাকার প্রায় ৩০০ কৃষক সবজি চাষ করেন।
গ্রামের পাঁচজন কৃষক বলেন, ঢাকার বিভিন্ন বাজারসহ বরিশাল, টেকেরহাট, মাদারীপুর, ভাঙ্গা, শিবচর, খুলনা, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের প্রায় ৪০টি জায়গায় এ এলাকার সবজি পাঠানো হয়।
কৃষক তোতা শেখ বলেন, ‘স্থানীয় বাজারে সবজি বিক্রি করতে হচ্ছে বলে দাম পাচ্ছি না। কিছু সবজি মণপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে।’
পাইকার না আসায় স্থানীয় বাজারে সবজির দাম পড়ে গেছে। বেগুন আগে প্রতি মণ ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হলেও এখন তা এক হাজার টাকায় নেমে এসেছে। একইভাবে শিম ১ হাজার থেকে নেমে ৩০০ টাকা, ধনেপাতা ১ হাজার ৬০০ থেকে কমে ৬০০ টাকা হয়েছে। কমেছে অন্য সবজির দামও। টমেটো ও কাঁচা মরিচের দাম প্রতি মণে গড়ে ৬০০ টাকা কমেছে।
কৃষক আবুল বাশার বলেন, ‘অনেক সবজি এখনো খেতে রয়েছে। আমরা তুলতে পারছি না। আবার বেশি দিন মাঠে থাকলে তা একেবারেই নষ্ট হয়ে যাবে।’
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বিলাল হোসেন ফকির বলেন, সবজি ঠিকমতো বিক্রি করতে না পরলে কৃষকেরা উৎপাদনে উৎসাহ হারাবেন। কেননা, বেশির ভাগ সবজিই মজুত রাখা যায় না।
সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, মৌসুমের এ সময়ে সবজির দাম যা হওয়ার কথা স্থানীয় বাজারে তার চেয়ে দাম অনেক কমে। ট্রাক ভাড়া আগের চেয়ে দ্বিগুণ হওয়ায় পাইকারেরা সবজি বেশি দামে কিনতে আগ্রহী নন।