সবজি নিয়ে বিপাকে কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিসহ ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালে কক্সবাজারের টেকনাফে পাইকারি ক্রেতা-সংকটে সবজির দাম পাচ্ছেন না কৃষকেরা। অন্যদিকে পাইকারেরা সস্তা দামে সবজি কিনেও গাড়ির সংকটে পড়েছেন।
পাইকারি ব্যবসায়ীরা জানান, উপজেলার হ্নীলা, হোয়াইক্যং ও বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় জুমচাষের মাধ্যমে সবজি উৎপাদন হয়েছে। উপজেলার অধিকাংশ চাহিদা মিটিয়ে এখান থেকে জেলা সদরে সবজি সরবরাহ করা হয়। হরতালে সবজি সরবরাহ করতে না পারায় এবং ভাপসা গরমের কারণে বেগুন, করলা, বরবটিতে পচন ধরেছে। কৃষকেরা সস্তা দামে বিক্রি করলেও গাড়ির সংকটের কারণে পাইকারেরা তা বাজারে আনতে পারছেন না।
বাসস্টেশন এলাকার পাইকার আবদুর রাজ্জাক বলেন, ‘গতকাল সকালে অটোরিকশাযোগে হোয়াইক্যং বাজার থেকে কম দামে সবজি কিনলেও হরতালের কারণে আড়ত পর্যন্ত নিতে গাড়ি পাচ্ছি না। মালিকেরা ঝুঁকি নিয়ে গাড়ি বের করতে দিচ্ছেন না। দু-একটি অটোরিকশা পাওয়া গেলেও ৪০০ টাকার ভাড়ার পরিবর্তে দুই হাজার টাকা দিয়ে টেকনাফে আনা হয়। এ কারণে বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে।’
হোয়াইক্যং হাটবাজারে লম্বাঘোনা এলাকার কৃষক রায় মং চাকমা ও হ্নীলা বাজারে পানখালীর কৃষক খোরশেদ আলম বলেন, পাহাড়ি এলাকায় জুমচাষ করে খেত থেকে সবজি তুলে বাজার পর্যন্ত আনতে যে খরচ হয়, বিক্রি করে তা-ও উঠছে না। হরতালের কারণে যা অন্য সময়ের তুলনায় দামও অর্ধেকের চেয়ে কম। টেকনাফ উপজেলার কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ বলেন, উপজেলার তিনটি পাহাড়ি ইউনিয়নে এবার জুমচাষের মাধ্যমে সবজির ভালো ফলন হয়েছে। এখানে কোনো ধরনের হিমাগার না থাকায় সবজি মজুত করতে না পারায় স্থানীয় কৃষকেরা ন্যায্যমূল্য পাচ্ছেন না।