সবজি বিক্রেতা, আড়তদার ও কৃষকের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় শহরের প্রধান হাট রাজনগর হাটের সবজির আড়তদার, সবজি বিক্রেতা ও কৃষকেরা গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দিয়েছেন। হাটের ইজারাদারের জোর করে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে তাঁরা এই হরতালের ডাক দেন। কৃষকেরা সবজি বিক্রি না করে সবজি রাস্তায় ফেলে প্রতিবাদ জানান।
গতকাল সকাল থেকে হরতাল করায় এলাকাবাসী বাজার করতে না পেরে চরম দুর্ভোগে পড়েন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সবজি বাজারে অতিরিক্ত পুলিশের টহল দেখা গেছে।
কয়েকজন আড়তদার ও সবজি ব্যবসায়ী বলেন, সরকারি বিধি মোতাবেক চলতি ১৪২৩ বাংলা সনের জন্য পৌরসভা প্রধান হাট পঞ্চগড় বাজার স্থানীয় ব্যবসায়ী হান্নান শেখের কাছে ইজারা দেয়। ইজারার শর্ত অনুযায়ী, কাঁচামাল হাটিতে আসা সবজিভর্তি প্রতি পিকআপ ১৬ টাকা, প্রতি ভ্যান ১২ টাকা, প্রতি মণ সবজি ৮ টাকা, বড় সবজি দোকান ৮ টাকা ও ছোট দোকান থেকে দৈনিক সাড়ে ৪ টাকা করে টোল আদায়ের কথা। কিন্তু ইজারাদারের লোকজন পিকআপপ্রতি ৪০০ টাকা, প্রতি ভ্যান ১০০ টাকাসহ প্রতিদিন দোকানপ্রতি ১০ টাকা করে টোল আদায় করছেন।
তাই এ ঘটনার প্রতিবাদে পঞ্চগড় বাজার কাঁচামাল আড়তদার ব্যবসায়ী সমিতি ও ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ী সমিতি যৌথভাবে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। ঘোষণার পর গত সোমবার রাতে ইজারাদার, পৌরসভা ও সবজির আড়তদার, সবজি বিক্রেতা ও কৃষকদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে পৌরসভা কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ক্ষেত্রবিশেষে ২০ থেকে ৫০ শতাংশ কমে টোল আদায়ের আলোচনা হয়। কিন্তু ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত মানেননি।
পঞ্চগড় বাজার কাঁচামাল আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি কফিল উদ্দিন বলেন, ‘আগে শাকসবজি উৎপাদনকারীদের কাছ থেকে টোল আদায় করা হতো। এখন ব্যবসায়ীদের কাছ থেকেও টোল আদায় করা হচ্ছে। সরকারি বিধি মোতাবেক না নিয়ে তাঁরা কয়েক গুণ অতিরিক্ত টোল আদায় করেন। এ নিয়ে টোল আদায়কারী ও ব্যবসায়ীদের মধ্যে একাধিকবার ঝগড়া-বিবাদও হয়। বিষয়টি ইজারাদারকে বারবার বলার পরও কাজ না হওয়ায় আমরা যৌথভাবে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দিয়েছি।’ তবে ইজারাদার হান্নান শেখ অতিরিক্ত টোল আদায়ের কথা অস্বীকার করে বলেন, পৌরসভা কর্তৃপক্ষের সমন্বয়ে ইজারাদার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলছে। বিষয়টি সমাধান হয়ে যাবে।