সবজি রক্ষার নামে খেতে পাখি শিকারের ফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাখির অত্যাচার থেকে রক্ষা পেতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা সবজিখেতে জালের ফাঁদ পেতে রেখেছেন। অনেকে এসব ফাঁদে আটকেপড়া পাখি ধরে খেয়ে ফেলছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, উপজেলার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চরাঞ্চলে স্থানীয় কৃষকেরা তাঁদের খেতের বেগুন ও টমেটো পাখির হাত থেকে রক্ষা করতে খেতজুড়ে বিশালাকারের জাল পেতে রেখেছেন। লোভী কৃষক ও প্রতারকেরা সবজি রক্ষার নামে পেতে রাখা জালের ফাঁদে আটকাপড়া পাখি ধরে খেয়ে ফেলছেন।উপজেলার উজানচর, দৌলতদিয়া ও ছোটভাকলা ইউনিয়নের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠজুড়ে বেগুন ও টমেটোসহ নানা ধরনের সবজির খেতগুলো বিশেষ ধরনের জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। উজানচর ইউনিয়নের নতুন পাড়ার কৃষক মো. সিদ্দিক ও সহিদ বিশ্বাস জানান, টিয়া, বুলবুলি ও শালিকজাতীয় বিভিন্ন পাখি বেগুন খেয়ে নষ্ট করে ফেলে। কীটনাশক দিলে পাখি তা খেয়ে মারা যায়। এ কারণে কৃষি অফিসের পরামর্শ নিয়ে পাখির অত্যাচার থেকে রক্ষা পেতে খেতজুড়ে জাল দিয়ে ঢেকে রাখা হয়েছে।পূর্ব উজানচর গফুর মণ্ডলপাড়া ও হাবিল মণ্ডলপাড়ার কৃষক সবজাল শেখ, নিরু শেখ, মাজেদ শেখ ও ইসমাইল সরদার এবং চর দৌলতদিয়ার মহিউদ্দিন শেখসহ কয়েকজন জানান, খেতের প্রায় এক-তৃতীয়াংশ বেগুন পাখি নষ্ট করে ফেলে। তাই পাখির কবল থেকে রক্ষা পেতে তাঁরা সেগুলো জাল দিয়ে ঢেকে রেখেছেন। তবে মাঝেমধ্যে অসাবধানতাবশত দু-একটি পাখি আটকে গেলে স্থানীয় কিছু চতুর প্রকৃতির ছেলেরা সেগুলো ধরে ফেলে।উপজেলা বন কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক জানান, যেকোনো বন্য প্রাণী বা পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর রহমান জানান, টিয়া বেগুন খেয়ে নষ্ট করে ফেলে। কীটনাশক ছিটিয়ে দিলে কিছু পাখি মারা যায়, এ কারণে কৃষকদের কীটনাশকের পরিবর্তে জাল দিয়ে পুরো খেত ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়। এতে পাখি আটকা পড়লেও মারা যাবে না। তবে জালের ফাঁদে পাখি শিকারের ঘটনাও উড়িয়ে দেওয়া যায় না। কৃষকদের এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হবে।