সবজিখেত গ্রাস করছে তামাক
রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম দুটি ইউনিয়ন মৈদং ও দুমদুম্যা। দুই-তিন বছর আগেও ইউনিয়ন দুটি সবজির জন্য প্রসিদ্ধ ছিল। এখন সবজিখেত দখল করে নিয়েছে তামাক। শুধু কি খেত? বিদ্যালয়ের কক্ষকে তামাকের গুদাম হিসেবে ব্যবহার করে পাশেই বসানো হয়েছে চুল্লি। খেত থেকে তামাকপাতা তোলা ও শুকানোর কাজে কয়েক শ শিশুকে ব্যবহার করা হচ্ছে। এতে শিশুদের হাঁপানিসহ ক্যানসারের মতো জটিল রোগ হতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তামাক চাষে লাভ বেশি। সবজি চাষ করলে পরিবহনের অভাবে সঠিক দাম পাওয়া যায় না। অথচ তামাক চাষ করলে টাকা মেলে অগ্রিম। তামাকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে চাষিদের ধারণা নেই। সম্প্রতি মৈদং ইউনিয়নের জামুরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, পাশেই তামাক শুকানোর চুল্লি স্থাপন করা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের চারপাশে রয়েছে তামাকখেত। এ ব্যাপারে প্রশ্ন করলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রীতি কুসুম দেওয়ান জানান, যে জায়গায় চুল্লি বসানো হয়েছে, সেটি বিদ্যালয়ের জায়গা নয়। তবে চুল্লির মালিক কিরণময় চাকমা বলেন, ‘তামাক কোম্পানি চুলা স্থাপনের সুবিধা-অসুবিধা বা নিয়ম-কানুন সম্পর্কে কিছুই বলেনি। আগামী বছর চাষ করলে চুলা সরিয়ে নেওয়া হবে।’ আরও দুটি বিদ্যালয়ের পাশে তামাকচুল্লি বসানো হয়েছে এবং বিদ্যালয় কক্ষে রাখা হয়েছে তামাকপাতা। বিদ্যালয় দুটি হচ্ছে মৈদং ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ইউনিসেফের সাহায্যপুষ্ট প্রাক-প্রাথমিক শিক্ষার উপুকছড়ি পাড়া কেন্দ্র এবং দুমদুম্যা ইউনিয়নে ব্র্যাকের সাহায্যপুষ্ট বেসরকারি সংগঠন স্ট্র্যাটেজিক অ্যাকশন সোসাইটি (সাস) পরিচালিত মুরল্যাছড়া উপানুষ্ঠানিক বিদ্যালয়। সাসের উপজেলা প্রকল্প সমন্বয়কারী নন্দকিশোর চাকমা জানান, বিষয়টি তাঁদের জানা ছিল না। এখন তামাক সরিয়ে নিতে শিক্ষক ও চুল্লির মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে উপুকছড়ি পাড়া কেন্দ্রের পাশের চুল্লির মালিক রিতা চাকমা জানান, বিদ্যালয়টি স্থাপনের আগে চুল্লিটি বসানো হয়েছিল। বিদ্যালয় নির্মাণের সময় অসুবিধার কথা বলা হয়েছিল। আগামী বছর চুল্লিটি সরানো হবে বলে জানান তিনি। তামাকজাত পণ্য উৎপাদনকারী দেশের প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. ফারুক আহমেদ জানান, বিদ্যালয় বা জনসমাগমের স্থানে চুল্লি না বসানোর জন্য চাষিদের বলা আছে। তামাক চাষিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ওই দুই ইউনিয়নে মোট ১৪৭টি চুল্লি স্থাপন করা হয়েছে। প্রতি দুই একর তামাক চাষের বিপরীতে একটি চুল্লি বসানো হয়। প্রতিটি চুল্লিতে বছরে ১৫০-২০০ মণ কাঠ পোড়াতে হয়। প্রতিটি চুল্লিতে ১০-১২ জন শ্রমিক কাজ করেন। এর অর্ধেক বা তিন ভাগের এক ভাগ শিশুশ্রমিক। সেই হিসাবে ১৪৭টি চুল্লিতে ছয়-সাত শ শিশু শ্রমিক কর্মরত আছে। শিশুদের পারিশ্রমিক কম দিতে হয় বলে তামাক চাষিদের কাছে শ্রমিক হিসেবে শিশুদের চাহিদা বেশি। শিশুদের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি অভিভাবক ও চাষিরা তুচ্ছজ্ঞান করে। শিশুরা জানায়, দৈনিক ১০০ থেকে ১২০ টাকা বেতন পায় তারা। গত ৫ এপ্রিল কথা হয় মগাছড়ি মুখ এলাকার হরিচন্দ্র চাকমার ছেলে লেলিন চাকমার (১৩) সঙ্গে। সে বলে, ‘আমি ১২ দিন ধরে কাজ করছি। গরম চুল্লিতে কাঠ ঢুকাই। বেশি পরিশ্রমে কাহিল লাগে।’ তামাকশ্রমিক হিসেবে শিশুদের ব্যবহার প্রসঙ্গে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা বিনদ শেখর চাকমা বলেন, শিশুদের এভাবে তামাকের কাজে ব্যবহার করা হলে তাদের শ্বাসতন্ত্রে প্রদাহ, হাঁপানি ও ফুসফুসের ক্যান্সার হতে পারে।