সবজিখেতে ভাইরাস কীটনাশকে ফল নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সবজিখেতে ভাইরাস দেখা দিয়েছে। ভাইরাস দমনে কৃষকেরা বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করছেন। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, কীটনাশকে কাজ হবে না। এ ক্ষেত্রে কিছু পদ্ধতি প্রয়োগ করতে হবে।
গত সপ্তাহে সদর উপজেলার কাচিয়া, ধনিয়া, পূর্ব ও পশ্চিম ইলিশা, ভেলুমিয়া, ভেদুরিয়া, রাজাপুর, দক্ষিণ ও উত্তর দিঘলদী ইউনিয়ন এবং দৌলতখান উপজেলার মদনপুর ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ চিচিঙ্গা, করলা, শসা, শিমসহ লতাজাতীয় সবজি গাছের পাতার গোড়া থেকে অগ্রভাগ হলদে হয়ে কুঁচকে যাচ্ছে। গাছের ফল কোঁকড়ানো ও নষ্ট হচ্ছে। কোথাও পুরো খেত, কোথাও খেতের একাধিক গাছ ভাইরাসে আক্রান্ত। বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা ভাইরাস দমনে কীটনাশক ও ওষুধ ছিটানোর পরামর্শ দিচ্ছেন।
চর ভেদুরিয়া গ্রামের মো. ফারুক ও মো. সিরাজ বলেন, তাঁদের করলাখেতের অনেক গাছ হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। বাজারের ওষুধ ব্যবসায়ীর পরামর্শ অনুসারে তাঁরা ম্যাক সালফার, কুমুলাক্স, মানোক্সিন, ফেক্সিল ও ছত্রাকনাশক অ্যাগনোল ব্যবহার করেছেন। কিন্তু প্রতিকার পাচ্ছেন না।
মুন্সির চরের মো. জুয়েল তাঁর করলাখেতে রিডোমিলগোল্ড ও অ্যাসকোর পানিতে গুলিয়ে ছিটিয়ে প্রতিকার পেয়েছেন। একই এলাকার মো. শাজাহানের করলা, চিচিঙ্গা ও বরবটিখেত সম্পূর্ণ হলুদ হয়ে যাচ্ছে।
ভাইরাস দমনে টাকা খরচ করেও ফল পাননি বলে জানান দক্ষিণ রাজাপুরের ইউসুফ ব্যাপারী, আলমগীর হোসেন ও নুরু মাঝি; ইলিশার কালুপুরের মো. ইকবাল, মো. আরিফ ও মহিউদ্দিন এবং মদনপুর ইউনিয়নের ইব্রাহীম, নুরুল ইসলাম, আলতাফ হোসেন মিজিসহ ৫৫ জন কৃষক।
সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি। ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের পরামর্শ না শুনে কৃষি কর্মকর্তাদের পরামর্শ শুনতে বলেছি।’
সমাধান কী: সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদ বলেন, ভাইরাস দমন করতে এ পদ্ধতিগুলো অনুসরণ করা যেতে পারে। ১. বীজ ও মাটি শোধন করতে হবে। বীজ শোধনের পদ্ধতি: পরিমাণমতো নিম কিংবা জামপাতার রসে, অথবা দুই লিটার পানির মধ্যে এক মিলিলিটার প্রভেক্স বা ভিটাভেক্স ওষুধ মিশিয়ে তাতে দুই কেজি বীজ দুই ঘণ্টা ভিজিয়ে রাখলে সব জীবাণু মারা যাবে। মাটি শোধনের পদ্ধতি: খেতে আগুন লাগানো, কিংবা মাটি তৈরির পর পলিথিন দিয়ে সাত-আট দিন ঢেকে রাখতে হবে। ২. ভাইরাসে আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে। ৩. রস শোষণকারী সাদা মাছিপোকা দমন করতে হবে এবং যেসব গাছ ভাইরাসে আক্রান্ত হয়নি, সেসব গাছে ডায়াথন-এম-৪৫-এর মতো ওষুধ ছিটাতে হবে। ঘন কুয়াশা পড়লে ও গরম বেশি হলে গাছে বেশি পানি ছিটাতে হবে। তাহলে ভাইরাস ছড়াবে না।