সবজিচাষিদের পথে বসার দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে এবার কৃষি উপকরণের দাম ও সরবরাহ স্বাভাবিক। ফলনও হয়েছে ভালো। কিন্তু হরতাল-অবরোধের কারণে সবজির দাম আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় উৎপাদন খরচ তো দূরের কথা, ব্যাংক-এনজিওর টাকাও শোধ করতে পারছেন না কৃষকেরা।
গত রোববার দিনাজপুর সদর উপজেলার মোহনপুর, ঘুঘুডাঙ্গা, খাড়িপাড়া, মহব্বতপুর, উলিপুর ও সৈয়দপুর গ্রামের সবজিচাষিরা প্রথম আলোর কাছে তাঁদের দুর্দশার কথা জানান।
মহব্বতপুর গ্রামের কৃষক সাইদুর রহমান জানান, গত বছর তাঁর জমির আলু ১৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তাতে বিঘাপ্রতি ১৫ হাজার টাকা লাভ হয়েছিল। কিন্তু এ বছর কয়েক হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।
হিসাব কষে তিনি জানান, ৫০ শতকের এক বিঘা জমির খাজনা ২০ হাজার টাকা। আলুবীজ খরচ ১২ হাজার টাকা। সার দেওয়া, সেচ আর আলু তোলা বাবদ সাত হাজার টাকা। এতে ব্যয় প্রায় ৩৯ হাজার টাকা। শতকে আলুর গড় ফলন হয়েছে ৭৫ কেজি। নয় টাকা কেজি দরে বিক্রি করে দাম পাচ্ছেন ৩৩ হাজার ২৫০ টাকা। এ বছর আলু রোপণের পর অতিবৃষ্টির কারণে বেশির ভাগ কৃষককে দুই দফা আলুবীজ লাগাতে হয়েছে বলে জানান তিনি।
খাড়িপাড়া গ্রামের কৃষক আবদুল লতিফ বলেন, ‘এক বিঘা জমিত শিম লাগাইছি। গেল বছর খেতত শিম বেচিছি ২২ টাকা কেজি। এই বছর পাঁচ টাকা কেজি দরে শিম বেচিবা হচে। ব্র্যাক থাকি ৩০ হাজার টাকা লোন নিছি। শিম বেচি ঋণ শোধ করিতে মুই এইবার ফতুর।’
ঘুঘুডাঙ্গা গ্রামের চাষি আলিমুদ্দিন জানান, ২৪ শতক জমিতে বেগুন চাষ করেছেন তিনি। গত বছর পাইকারেরা জমি থেকে ২০ টাকা কেজি দরে কিনে নিয়েছেন। কিন্তু অবরোধের কারণে এ বছর পাইকারেরা গ্রামে আসতে পারছেন না। তাই বাধ্য হয়ে শহরের বাহাদুর বাজারে আড়তে গিয়ে আট টাকা কেজি দরে বেগুন বিক্রি করছেন।
সৈয়দপুর গ্রামের কৃষক রায়হান আলী এক বিঘা জমিতে ফুলকপি ও এক বিঘায় বাঁধাকপি চাষ করেছেন। গত চার বছর পাইকারি ২০ টাকা কেজি দরে জমিতেই কপি বিক্রি করেছেন। কিন্তু এ বছর আট থেকে নয় টাকা কেজি দরে বিক্রি করেছেন বলে জানান।
কৃষকদের অভিযোগ, শহরের বাহাদুর বাজারে আড়তে যেতে রাস্তায় চারটি জায়গায় পিকেটারদের ৩০ টাকা করে ১২০ টাকা না দিলে যেতে দেয় না। আড়তদারের কমিশন আর হাটের খাজনা দিতে অর্ধেক টাকা চলে যায়।
সবজি ব্যবসায়ী গোলাম মোস্তফা জানান, ঢাকা-চট্টগ্রাম থেকে কয়েক শ পণ্যবাহী ট্রাক দিনাজপুরে আসে। চাল, সবজি নিয়ে ফিরে যায়। কিন্তু হরতাল-অবরোধের কারণে ট্রাক আসতে পারছে না।
সবজি ব্যবসায়ী মিজানুর রহমান জানান, দিনাজপুর থেকে ঢাকায় ট্রাক ভাড়া ছিল ১৮ হাজার আর চট্টগ্রামে যেত ২২ হাজার টাকায়। কিন্তু হরতাল-অবরোধে ট্রাক ভাড়া পাঁচ গুণ বেড়েছে।
ট্রাকচালক আনসার আলী জানান, মহাসড়কে থানা-পুলিশ ও পিকেটারদের চাঁদা দিতে বাড়তি ৩০ থেকে ৪০ হাজার টাকা লাগছে। এর পরও ভাঙচুর আর অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব কারণেই ট্রাকের ভাড়া বেড়েছে।