সবজিচাষিদের মাথায় হাত উৎপাদন খরচই উঠছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়ার করমজা হাটে এসব চালকুমড়া প্রতিটি দুই থেকে তিন টাকায় বিক্রি হতে দেখা যায়। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
বেড়ার করমজা হাটে এসব চালকুমড়া প্রতিটি দুই থেকে তিন টাকায় বিক্রি হতে দেখা যায়। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

পাবনার সাঁথিয়া উপজেলার পাইকরহাটি গ্রামের সবজিচাষি আবদুর রহিম এবার চালকুমড়ার আবাদ করে ভালো ফলন পেয়েছেন। তবে ফলন ভালো পেলেও মুখে হাসি নেই তাঁর। গতকাল মঙ্গলবারও জমি থেকে ২৬টি চালকুমড়া তুলে বিক্রির জন্য এনেছিলেন বেড়ার করমজা হাটে। প্রতিটি ২ টাকা করে বিক্রি করে পেয়েছেন ৫২ টাকা। এতে চালকুমড়া আবাদ করে লাভ তো দূরের কথা, জমি থেকে চালকুমড়া হাট পর্যন্ত আনতে যে খরচ, তাই ওঠেনি তাঁর।
আবদুর রহিম বলেন, ‘হাটে কুমড়্যা আনার চাইতে ফালায়া দেওয়া অনেক ভালো। কুমড়্যা বেচব্যার আইস্যা একটা বেলা নষ্ট। উল্টা হাটে আসা-যাওয়া বাবদ টাকাও গচ্চা।’
পাবনার সাঁথিয়া ও বেড়া উপজেলার প্রায় সব সবজিচাষির অবস্থাই আবদুর রহিমের মতো। সবজিচাষিরা শুধু কুমড়া চাষ করেই বিপাকে পড়েননি। পটোল, করলা, শসা, মিষ্টিকুমড়াসহ প্রায় সব ধরনের সবজি চাষ করেই তাঁরা এবার ক্ষতির মুখে পড়েছেন। সবজি চাষ করে উৎপাদন খরচ পর্যন্ত উঠছে না তাঁদের। ফলে অনেক কৃষক চালকুমড়া, মিষ্টিকুমড়া, পটোলসহ বিভিন্ন সবজি জমি থেকে তুলছেনই না। জমি থেকে না তোলায় এসব সবজি জমিতেই নষ্ট হচ্ছে।
করমজা হাটে পটোল বিক্রি করতে আসা সাঁথিয়ার বড়গ্রামের সবজিচাষি শাহজাহান আলী বলেন, ‘একেক বিঘ্যায় পটোল চাষের খরচ ১২ হাজার টাকার বেশি। অথচ বাজারের যে অবস্থা তাতে সারা মৌসুম পটোল বেইচ্যা ৬ হাজার টাকা পাওয়া যাবি কি না সন্দেহ।’
সংশ্লিষ্ট কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, সাঁথিয়া ও বেড়া উপজেলায় প্রচুর সবজির আবাদ হয়ে থাকে। এসব সবজি দেশের বিভিন্ন এলাকার চাহিদা পূরণ করে থাকে। সরেজমিনে দেখা গেছে, এবার প্রতিটি এলাকাতেই সবজির প্রচুর ফলন হয়েছে। একদিকে অতিরিক্ত উৎপাদন, অন্যদিকে ঢাকা, বগুড়াসহ বিভিন্ন এলাকায় সবজির চাহিদা কমে যাওয়ায় এবার সাঁথিয়া ও বেড়ার হাট-বাজারগুলোতে সবজি পানির দরে বিক্রি হচ্ছে। গতকাল বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, প্রতি মণ পটোল ১০০ থেকে ১২০ টাকা, প্রতি মণ করলা ৮০, প্রতি মণ ঝিঙা ১২০ থেকে ১৪০, প্রতি মণ বেগুন ও শসা ১৪০ থেকে ১৬০, চালকুমড়া প্রতিটি ২ থেকে ৩ টাকা, মিষ্টিকুমড়া প্রতিটি ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির দামের দশাও একই। কৃষকেরা আক্ষেপ করে বলেন, এ রকম পানির দামেই সবজি বিক্রি করতে হচ্ছে তাঁদের।
বেড়ার করমজা হাটের সবজির আড়তদার (ইছামতী কাঁচামালের আড়ত) বিল্লাল হোসেন বলেন, এবার সবজির প্রচুর ফলন হয়েছে। তাই হাটে সবজির আমদানিও প্রচুর। তা ছাড়া, অন্য এলাকা থেকে এবার পাইকারেরাও (সবজি ব্যবসায়ী) কম আসছেন। এ জন্য সবজির দাম একেবারেই কম। অনেক কৃষকের সবজি হাটে নিয়ে আসার খরচই উঠছে না।
সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রঞ্জন কুমার প্রামাণিক বলেন, সাঁথিয়ায় প্রচুর সবজি উৎপাদিত হলেও কোনো সবজি সংরক্ষণাগার নেই। সবজি সংরক্ষণাগার থাকলে কৃষকদের হয়তো এত কম দামে সবজি বিক্রি করতে হতো না।