সবজিচাষির মাথায় হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১০ দিনের অবরোধে পঞ্চগড়ে শাকসবজির দাম কমে গেছে। নাশকতার আশঙ্কায় ট্রাক চলাচল না করায় বিভিন্ন স্থানে সরবরাহ বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে বাজারে। শাকসবজির দাম কমে যাওয়ায় কৃষকেরা বিপাকে পড়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে পঞ্চগড় শহরের কাঁচাবাজারে বোদা উপজেলার সোনাচান্দি গ্রামের সবজিচাষি আবু বকর সিদ্দিক কয়েক মণ ডাঁটাশাক বিক্রি করতে আসেন। কিন্তু ১০ টাকার (প্রতি কেজি) ডাঁটা শাকের দাম দু-তিন টাকা বলায় তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েন। তিনি বলেন, ‘ডাঁটা মোর খেততে শুকাইল। কনু লাভের আশায় এলা খরচখান উঠে না (লাভের আশায় করলেও এখন খরচ উঠছে না)।’
অবরোধের কারণে পঞ্চগড়ে উৎপাদিত শাকসবজি বাইরের জেলাগুলোতে পাঠাতে না পারায় এমন অনেক কৃষকই অসহায় হয়ে পড়েছেন। আবার বাইরের জেলাগুলো থেকে যেসব কাঁচামাল এখানে আনা হয়, সেগুলোর দাম হঠাৎ বেড়ে গেছে। এ নিয়ে ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। শাকসবজি সংরক্ষণ করতে না পারায় লোকসানে বিক্রি করতে হচ্ছে তাঁদের। অনেক ক্রেতাই অভিযোগ করেন, ব্যবসায়ীরা শাকসবজিতে লোকসানের কথা বললেও পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, শুকনা মরিচসহ সংরক্ষণ করা যায়, এমন পণ্যগুলোতে দাম বাড়িয়ে লোকসান পুষিয়ে নিচ্ছেন বিক্রেতারা।
পঞ্চগড় কাঁচাবাজারের করতোয়া ভান্ডারের পরিচালক হাসিনুর রহমান জানান, অবরোধের কারণে কাঁচামাল লোকসানে বিক্রি করতে হচ্ছে। আগে প্রতি কেজি আলু ২৫-৩০ টাকায় বিক্রি হতো। এখন ৮-১০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
ব্যবসায়ী আতাউর রহমান জানান, প্রতি কেজিতে পেঁয়াজের ১০ টাকা দাম বেড়েছে। রসুনেও বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা। অন্যদিকে মিষ্টিকুমড়ার দাম কমেছে। আরেক ব্যবসায়ী হরিনাথ জানান, গুঁড়ো হলুদে তিন-চার টাকা, শুকনো মরিচে ১০ টাকা, আদার দাম ১২ টাকা বেড়েছে কেজিতে।
বোদা উপজেলার মানিকপীর গ্রামের কৃষক আশরাফুল জানান, তিনি তিন একর জমিতে বাঁধাকপি চাষ করেছেন। হঠাৎ অবরোধের কারণে দাম কমে গেছে। প্রতি কেজি আগে ৮-১০ টাকায় বিক্রি হতো। এখন দু-তিন টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপিগুলো এখন গরু-ছাগলকে খাওয়াতে হচ্ছে।
হাড়িভাষা গ্রামের কৃষক মানিক জানান, শিমের মূল্য কমে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন তিনি। আগে প্রতি কেজি বিক্রি করতেন ১৬-১৭ টাকায়। এখন পাঁচ-ছয় টাকায়। দুই একর জমিতে শিম চাষ করে এখন বিপাকে পড়েছেন তিনি। খেত থেকে শিম না তুললে নষ্ট হয়, আবার তুলে বিক্রি করলে লোকসান হয়।
অবরোধের কারণে টমেটোচাষিরাও বিপাকে পড়েছেন। কারণ, পঞ্চগড়ের টমেটো সারা দেশেই সরবরাহ করা হয়। কিন্তু অবরোধের কারণে কৃষক ও ব্যবসায়ী উভয়ই সংকটে পড়েছেন। কৃষক জামালউদ্দিন জানান, জমিতে টমেটো পেকে নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা কিনছেন না।
সবজি ব্যবসায়ী মিজানুর জানান, ‘টমেটো বাইরের জেলাগুলোতে পাঠানো যাচ্ছে না। স্থানীয় বাজারে আগে বিক্রি হতো কেজি ১৬-১৭ টাকায়। বর্তমানে দাম অর্ধেকে নেমে এসেছে। আড়তে আমার কয়েক মণ টমেটো পচে গেছে।’
রিয়াদ সবজি ভান্ডারের তৈয়ব আলী জানান, অবরোধের কারণে সব ধরনের সবজির দাম অর্ধেকে নেমে এসেছে।