সবজিতে অভাব দূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার উঁচু এলাকা জগদীশপুর গ্রাম। ফসলাদি ভালো হতো না বলে এই গ্রামে অভাব লেগেই ছিল। এক ফসলি জমি ছিল গ্রামবাসীর একমাত্র ভরসা। এখন গ্রামটির চিত্র বদলে গেছে। কৃষকেরা সারা বছরই সবজির আবাদ করছেন। খেতগুলো বেগুন, শিম, টমেটো, গাজরসহ শাকসবজিতে ভরে উঠেছে। এই সবজিই গ্রামটির অভাব দূর করেছে।
যাঁর হাত ধরে এই বদলে যাওয়া, তাঁর নাম আবদুছ ছালেক। তাঁর বাড়ি এই জগদীশপুর গ্রামে। কৃষি বিভাগের পরামর্শে তিনি প্রথমে টমেটো, গাজর চাষ শুরু করেন। তাঁর সাফল্য দেখে অন্য কৃষকেরাও সবজি চাষে নেমে পড়েন। এ বছর গ্রামটির শতাধিক কৃষক এসব সবজির চাষ করেছেন।
গতকাল সোমবার জগদীশপুর গ্রামে ঢুকেই চোখে পড়ে মাঠের পর মাঠ সবজিখেত। কারও বাড়ির আঙিনায়, ঘরের চাল, উঠানের পাশে সর্বত্র সবজি। গ্রামটির সব নারী-পুরুষকেই দেখা গেল কর্মব্যস্ত। কেউ খেত থেকে বেগুন, শিম, গাজর, টমেটো তুলছেন, কেউ করছেন পরিচর্যা। বেশির ভাগ বাড়িতে চকচক করছে টিনের চালা। আধা পাকা বাড়িও আছে বেশ কয়েকটি। কোথাও শণ বা কুঁড়েঘর নেই। প্রতিটি বাড়িতে আছে স্বাস্থ্যসম্মত পায়খানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিদ্যুতের ঝলকানি।
এ ব্যাপারে জানতে চাইলে ছালেক বলেন, তাঁর মাত্র ৬০ শতক জমি ছিল। এই জমিতে চাষাবাদ করে সাত সদস্যের সংসারে তিনবেলার খাবারও জুটত না। ২০০৭ সালে তাঁর কষ্টের কথা শুনে ধানের বদলে সবজি চাষের পরামর্শ দেন উপসহকারী কৃষি কর্মকতা আলতাফ হোসেন। ওই পরামর্শ পেয়ে তিনি ৬০ শতক জমিতে গাজর লাগান। প্রথমবারেই গাজর বিক্রি করে তাঁর আয় আসে ৩৫ হাজার টাকা। এভাবে একপর্যায়ে তাঁর চাষের জমি ও আয় বাড়ে। অভাবের সংসারে আসে সচ্ছলতা। তিনি সবজি চাষের টাকায় কেনেন ৭০ শতক জমি, বানান টিনের বাড়ি। এবার তিনি দেড় একরে করেছেন শিম, গাজর, টমেটোর চাষ। তিনি ইতিমধ্যে ৩৫ হাজার টাকার শিম, টমেটো, গাজর বিক্রি করেছেন। এখনো খেতে যে পরিমাণ শিম, টমেটো, গাজর আছে, তা বিক্রি করলে আয় হবে ৬০ হাজার টাকা।
ওই গ্রামের বাসিন্দা শিক্ষক লেবু মিয়া বলেন, ছালেকের দেখাদেখি সারা বছর সবজির চাষ করে গ্রামটির কৃষকেরা ভাগ্য বদল করেছেন।
ওই গ্রামের কৃষক কামাল হোসেন বলেন, ‘গাজর হামারও কপাল খুলি দিছে। ২০ হাজার টাকা খরচ করি এইবার মুই ৯০ শতক জমিত গাজর গারছুনু। ২০ টাকা কেজি দামে গাজর ব্যাছাছুন ৭০ হাজার টাকা। খরচ বাদ দিয়া লাভ হইছে ৫০ হাজার টাকা।’
ওই গ্রামের কৃষক জাহের আলী সংসার চালাতে কখনো দিনমজুরি, কখনো রিকশা চালাতেন। এরপরও সাত সদস্যের পরিবারে অনটন লেগেই থাকত। আশ্বিন-কার্তিক মাসে তাঁর পরিবারের সদস্যদের বেশির ভাগ দিন কাটত অনাহারে। ছয় বছর আগে তিনি অন্যের ২০ শতক জমি বর্গা নেন। তিনি স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে ছালেকের সহযোগিতায় সেখানে শুরু করেন গাজর ও টমেটোর চাষ। বদলে যায় ভাগ্যের চাকা। গাজর-টমেটো বিক্রির টাকায় কেনেন ৫৪ শতক জমি। এবার তিনি ৫০ শতকে টমেটো, ১৭ শতকে শিম, ৩৩ শতকে করেছেন গাজরের চাষ।
স্থানীয় ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, ছালেক সত্যিকার অর্থে একজন আদর্শ কৃষক। তিনি কৃষিতে যে সাফল্য অর্জন করেছেন, তা অবিশ্বাস্য।
এ ব্যাপারে জানতে চাইলে উপসহকারী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ছালেক কৃষকদের মডেল। তাঁর দেখাদেখি গ্রামটির শতাধিক কৃষক সবজির চাষ করছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও রোগবালাই দমনের পরামর্শ দেওয়া হচ্ছে।