সবজিতে কোমর ভেঙেছে বোরো নিয়ে দুশ্চিন্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী জোটের টানা অবরোধ-হরতালের কারণে বগুড়ার শেরপুর উপজেলার সবজিচাষিরা এবার প্রচুর লোকসান দিয়েছেন। এখন হাতে টাকা না থাকায় তাঁরা কীভাবে বোরো চাষ করবেন, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।
উপজেলার খামারকান্দি পূর্বপাড়া গ্রামের কৃষক গোলাম মোস্তফা বলেন, ‘কীভাবে ধান চাষ করব, চিন্তা কইরাও কূলকিনারা পাচ্ছি না। ঘরে টাকাও গচ্ছিত নাই। সুদে টাকা নেওয়ার ওপর ভরসা করতে হবে।’ একই গ্রামের আরেক কৃষক মহিউদ্দিন জানান, তাঁর মতো গ্রামের কৃষকেরা সবজি চাষ করে খরচ পর্যন্ত তুলতে পারেননি। এবার তাঁদের কোমর ভেঙে গেছে।
গাড়িদহ ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষক আবদুস সালাম জানান, সবজি চাষ করে গ্রামের কৃষকেরা যে টাকা আয় করেন, তা দিয়েই তাঁদের বোরো ধান চাষের খরচ উঠে যায়। টানা হরতাল-অবরোধে এবার সবজি বিক্রি করতে না পারায় সেই ভরসাও শেষ হয়ে গেছে। এখন সবজির খেত ভেঙে ধান চাষের জন্য জমি প্রস্তুত করতে হবে। কিন্তু কারও হাতে টাকা নেই।
খামারকান্দি ইউনিয়নের কৃষক ফিরোজ আলী বলেন, ‘খাওয়ার জন্য যে ধান ঘরে মজুত আছে, তা বিক্রি করেই ধান চাষে নামতে হবে।’ একই ইউনিয়নের পারভবানীপুর গ্রামের কৃষক সাদেক আলী বলেন, অনেক কৃষককেই বাড়ির গরু বিক্রি এবং চড়া সুদে টাকা নিয়েই ধান চাষ করতে হবে। এ ছাড়া কোনো উপায় নাই।’ একই ধরনের কথা বলেন বড়শিবপুর গ্রামের কৃষক ইদ্রিস আলীসহ কয়েকজন।
কৃষকেরা জানান, দু-তিন মাস ধরে টানা অবরোধ ও হরতাল থাকায় গ্রামীণ বাজারগুলোতে সবজি কিনতে পাইকার না আসায় কৃষকেরা সবজির কাঙ্ক্ষিত দাম পাননি। বেশির ভাগ কৃষকের সবজি খেতেই নষ্ট হয়ে গেছে।
গাড়িদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ আলী বলেন, এ ইউনিয়নের প্রতিটি গ্রামের কৃষকেরা সবজি চাষ করেন। এবার দাম না পাওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। এখন বোরো ধান চাষ নিয়ে তাঁরা দুশ্চিন্তায় আছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রহিম বলেন, উপজেলার সাতটি ইউনিয়নের ২০০ গ্রামের প্রায় ১০ হাজার কৃষক সবজি চাষ করেছেন। হরতাল-অবরোধের কারণে কৃষকেরা সবজির কাঙ্ক্ষিত দাম না পেয়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। চলতি বোরো মৌসুমে ২০ হাজার ৫৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে কৃষকেরা বোরো চাষের প্রস্তুতি নিতে শুরু করেছেন।