সবজিতে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকদের অজ্ঞতা ও কীটনাশক কোম্পানিগুলোর অসম প্রতিযোগিতার কারণে দিনাজপুরের বিরামপুরে সবজিখেতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহার করছে চাষিরা। এ ক্ষেত্রে কৃষি কর্মকর্তারাও যথাসময়ে কৃষকদের পরামর্শ দিতে পারছেন না বলে অভিযোগ রয়েছে।উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য মতে, উপজেলার প্রায় সব এলাকার কৃষকেরা সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আলু, পটল, মুলা, মিষ্টিকুমড়া, চালকুমড়া, করলা, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, গাজর, শালগমসহ কৃষকেরা বাণিজ্যিক ভিত্তিতে নানা ধরনের সবজি চাষ করছেন। দেশের বিভিন্ন জেলা ও মোকাম থেকে পাইকারি ক্রেতারা বিরামপুরে এসে সরাসরি কৃষকদের কাছ থেকে এসব সবজি কিনে নিয়ে যান। সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিক উৎপাদন, বেশি লাভের আশা ও নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতেই কৃষকেরা সবজিতে কীটনাশক ব্যবহার করেন। পৌরসভার প্রস্তমপুর এলাকার সবজিচাষি নজরুল ইসলাম (৪২) বলেন, ‘সবজিত কোনো পোকা থাকলে কেউ সবজি কিনবা চায় না। তখন লোকসান গুনবা লাগে।’ মাহমুদপুর গ্রামের সিরাজুল ইসলাম (৩৫) বলেন, ‘আইজকাইল বিষতেতা ভেজাল বাহে। বেশি করি না ছিটাইলে কাম হয় না।’ চকবসন্ত গ্রামের রোস্তম আলী জানান, সবজিতে পোকার আক্রমণ দেখা দিলে সঙ্গে সঙ্গে কীটনাশক না ছিটালে তা ছড়িয়ে পড়ে। তাই দ্রুত কীটনাশক ছিটানো হয়। ক্ষতি থেকে বাঁচতে দরকারের চেয়েও অনেক বেশি কীটনাশক ব্যবহার করেন বলে জানান তিনি। তা ছাড়া প্রয়োজনের সময় কৃষি বিভাগের কাউকে পাওয়াও যায় না।বিরামপুরের সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের বিরূপ প্রভাবে এলাকার মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে তিনি নিজে বাজার থেকে সবজি কেনা বাদ দিয়েছেন বলে জানান।উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহ্ আলম বলেন, কোম্পানিগুলোর অসম প্রতিযোগিতার কারনে দিন দিন কীটনাশকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। কোম্পানির প্রতিনিধিরা মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের প্রয়োজনের তুলনায় বেশি কীটনাশক ব্যবহারে উৎসাহিত করছেন বলে তিনি অভিযোগ করেন।