সবজিভর্তি ট্রাক উল্টে চার ব্যবসায়ী নিহত, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাঘারপাড়া এলাকায় কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কে গতকাল বৃহস্পতিবার রাতে একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে চারজন নিহত ও ১২ জন গুরুতর আহত হয়েছেন। হতাহত ব্যক্তিরা সবাই সবজি ব্যবসায়ী।
নিহত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার রাধাগঞ্জ এলাকার মো. বাবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৩) ও সোহরাব হোসেন (২০)। অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রাধাগঞ্জ বাজার থেকে ১৪ জন ব্যবসায়ী একটি ট্রাকে সবজি নিয়ে গতকাল রাতে ঢাকার কারওয়ান বাজারে যাচ্ছিলেন। পথে রাত সাড়ে নয়টার দিকে কালীগঞ্জের বাঘারপাড়া এলাকায় গর্তে চাকা পড়ে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপরে থাকা ১৪ জন সবজি ব্যবসায়ী চাপা পড়েন। ট্রাকের নিচে চাপা পড়ে দেলোয়ার ও তাঁর ভাই সোহরাব ঘটনাস্থালেই নিহত হন। আশপাশের লোকজন ও কালীগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর আরও দুই ব্যবসায়ীর মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।