সবজির আবাদ ও ফলন কম, দাম চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবজি চাষের জন্য বিখ্যাত মুন্সিগঞ্জে এবার শীতকালীন শাকসবজির আবাদ ও ফলন দুটিই কম হয়েছে। এ কারণে দামও গেছে বেড়ে। এ বছর যেকোনো সবজির দাম অন্য বছরের তুলনায় প্রায় তিন গুণ বেশি। কৃষকেরা বলছেন, গতবার ফলন ভালো হলেও তাঁদের লোকসান দিতে হয়। তাই এ বছর তাঁরা এর চাষে কম ঝুঁকেছেন। জেলার সবজি ব্যবসায়ীরা জানান, এ বছর সবজির দাম বিগত যেকোনো বছরের তুলনায় বেশি। গত বছর যে ফুলকপি ১২-১৫ টাকায় বিক্রি হয়েছে, সেটি এবার বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়। ২০ টাকার করলা বর্তমানে বাজারে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ, শিম, শসা, গাজর, বেগুন, টমেটো, বাঁধাকপি, মুলা, পালংশাক, লালশাক, ডাঁটা, খিরা—সবকিছুর দামই এ বছর চড়া। সবজিচাষিরা অভিযোগ করেন, গত বছর আলুতে লাভ হওয়াতে সবজিতে লোকসান হয়েছে। তাই অনেকে জমিতে এবার শাকসবজির চাষ না করে আলুর চাষ করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মুন্সিগঞ্জে চার হাজার ৪৭০ হেক্টর জমি সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু এখন পর্যন্ত আবাদ হয়েছে তিন হাজার ২০০ হেক্টর জমিতে। জেলার সদর ও টঙ্গিবাড়ী উপজেলায় সবচেয়ে বেশি সবজি চাষ হয়ে থাকে। পাইকারি ব্যবসায়ীরা এই সবজি নারায়ণগঞ্জের ডিগবাবু বাজার, ঢাকার কারওয়ান বাজার, শ্যামবাজার, যাত্রাবাড়ীসহ বিভিন্ন বাজারে নিয়ে যান। সরেজমিনে সদর উপজেলার কেওয়ার, চাপাতলি, রামশিং, ধলাগাঁও, রামপাল বজ্রযোগিনী এলাকার সবজি খেত ঘুরে দেখা গেছে, কৃষকেরা জমি থেকে সবজি তুলে কাছের বাজার বা আড়তে নেওয়ার জন্য ব্যস্ত। রামপাল এলাকার সবজিচাষি মো. ইসলাম শেখ জানান, তিনি প্রায় এক কানি জমিতে ফুলকপি চাষ করেন। এবার সবজির বাজার গতবারের চেয়ে ভালো। দাম ভালো পেয়েছেন। গুহপাড়া এলাকায় সবজিচাষি বাদশা মাল জানান, অনেক বছরেও সবজিতে কৃষকদের এমন দাম পেতে দেখেননি। গুহপাড়া এলাকায় আড়তে সবজি কিনতে আসা পাইকারি ব্যবসায়ী হাবিব দেওয়ান বলেন, তিনি ১০-১৫ বছর ধরে এখান থেকে পাইকারি দামে সবজি কিনে নারায়ণগঞ্জে নিয়ে বিক্রি করেন। কিন্তু এবার সবজির দাম অনেক চড়া। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মুন্সিগঞ্জ জেলার সভাপতি জাহাঙ্গীর সরকার বলেন, সবজির দাম বেশি। দাম নির্ধারণে কৃষক ও ক্রেতা-বিক্রেতার মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, সবজির উৎপাদনের পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। তাই সঠিক চিত্র এখনো তাঁদের কাছে নেই।