সবজির খেত ভেঙে দিচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা
ন্যায্য দাম না পেয়ে যশোরের কৃষকেরা সবজির খেত ভেঙে ফেলছেন। এর বদলে তাঁরা ধান বা অন্য কৃষিজাত পণ্যের চাষ করছেন। হাটের ইজারাদার ও বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
আজ শুক্রবার বারীনগর বাজারে বেগুন ১২ থেকে ১৩ টাকা, শিম তিন থেকে পাঁচ টাকা, বাঁধাকপি তিন থেকে চার টাকা, ফুলকপি চার থেকে পাঁচ টাকা কেজি দরে পাইকারি বেচাকেনা হয়েছে। এই দামে অবরোধ ও হরতালের মধ্যে সবজি পরিবহনের খরচ মেটে না বলে জানিয়েছেন কৃষকেরা।
বারীনগর হাটের ইজারাদার ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বারীনগর বাজারে এখন প্রতিদিন পাঁচ থেকে ১০ ট্রাক সবজি পাঠানো হচ্ছে। অবরোধের আগে ৪০ থেকে ৫০ ট্রাক পাঠানো হতো। সবজি পাঠাতে প্রয়োজনীয় ট্রাক পাওয়া যাচ্ছে না। পেলেও ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ। এ কারণে ব্যাপারিরা বেশি দামে সবজি কিনছেন না। কৃষকেরা উপায় না পেয়ে লোকসানে সবজি বেচতে বাধ্য হচ্ছেন। লোকসান হচ্ছে বলে এ অঞ্চলের বেশির ভাগ কৃষক আগাম সবজির খেত ভেঙে অন্য ফসল চাষে ঝুঁকছেন।’
নিশ্চিন্তপুর গ্রামের কৃষক আমির হামজা বলেন, ‘১৫ কাঠা জমিতে শিমের চাষ ছিল। ১৫ দিন ধরে শিমের ভালো দাম পাইনি। এ জন্য শিমের খেত ভেঙে বোরো ধানের চাষ শুরু করেছি।’ তাঁরা তিন ভাইসহ আশপাশের কৃষকেরা সবজির ফসল ভেঙে দিচ্ছেন বলেও তিনি জানান।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস প্রথম আলোকে বলেন, অস্বাভাবিক পরিস্থিতির কারণে কৃষকেরা হয়তো সবজির ন্যায্য দাম পাচ্ছেন না। এ কারণে অনেকে শিম-বেগুন খেতে ভেঙে অন্য ফসল লাগাতে আগ্রহী হতে পারেন।’
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর যশোর জেলায় ১৪ হাজার ৯৭০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। সারা বছরে এ অঞ্চলের মানুষের চাহিদা মিটিয়ে প্রায় সাড়ে তিন লাখ মেট্রিক টন সবজি দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়।