সবজির চারার গ্রাম
শীতের আগাম সবজি চাষে ব্যস্ত বগুড়া সদর, শিবগঞ্জ, শাজাহানপুর ও গাবতলী উপজেলার চাষিরা। শুধু সবজি নয়, সবজির চারার ব্যবসাও জমে উঠেছে বেশ। শাজাহানপুর উপজেলার শাহনগরে সবজির চারা নিতে দূরদূরান্ত থেকে মানুষ এসে ভিড় করছে। উচ্চফলনশীল বিভিন্ন জাতের সবজির চারা নিয়ে চাষ করে ভালো ফলন পাওয়ায় শাহনগর গ্রামটি সবজি চারার গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে।সরেজমিনে জানা গেছে, প্রায় ১০ বছর আগে শাহনগর গ্রামের স্কুলপড়ুয়া আমজাদ হোসেন বাবা লোকমান আলী প্রামাণিকের মৃত্যুর পর সংসার চালাতে লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ শুরু করে। প্রথমে সে পরীক্ষামূলকভাবে পাঁচ শতক জমিতে সবজির চারা উৎ পাদন করে সফলতা পায়। এরপর কৃষি বিভাগ ও বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সবজির চারা উৎ পাদন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে উচ্চফলনশীল জাতের সবজির চারা উৎ পাদন করে ভালো ফলন পায়। বিষয়টি প্রতিবেশীদের নজর কাড়ে। পরবর্তী সময়ে প্রতিবেশীদের অনুরোধে সে বাণিজ্যিকভাবে চারা উৎ পাদন শুরু করে।এই চারা উৎ পাদন ও বিপণনের কাজ চলে তিন মাস। সাধারণ ফসলের চেয়ে সবজির চাষ লাভজনক হওয়ায় প্রতিবছরই বাড়ছে সবজিচাষির সংখ্যা। বর্তমানে ওই এলাকার আশপাশের গ্রাম খোট্টাপাড়া, মোস্তাইল, কামারপাড়া ও চক চোপীনগরে গড়ে উঠেছে ছোট-বড় ২০-২২টি সবজির নার্সারি। গড়ে উঠেছে বীজ-কীটনাশকের দোকান। অল্প জমিতে বেশি লাভ পাওয়ায় বেড়েছে সবজিচাষির সংখ্যা। এখানকার উৎ পাদিত সবজি স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ঢাকায় বাজারজাত করা হচ্ছে। সবজির নার্সারি ও সবজির চাষ করে কর্মসংস্থান হয়েছে কয়েক শ নারী-পুরুষের।শাহনগর গ্রামের মোফাজ্জল হোসেন (৩৫) বলেন, বিঘাপ্রতি দুই হাজার টাকা করে জমি পত্তন নিয়ে তিনি মরিচ, বেগুন, টমেটো, কপির চারা রোপণ করেছেন। এই চারা তোলা হয় পর পর তিন-চারবার। এসব চারা বিক্রি করার জন্য হাটে যেতে হয় না। চাষি ও ব্যবসায়ীরাই চারা কিনতে গ্রামে আসেন। আল আমিন নার্সারির মালিক মামুনুর রশিদ বলেন, পাঁচ বিঘা জমির ওপর এবার বিভিন্ন ধরনের সবজির চারা ফেলা হয়েছে। শ্রাবণ থেকে কার্তিক মাস পর্যন্ত এই চারার ব্যবসা চলবে। এই চার মাসে চারা উৎ পাদন হবে চারবার।চারা কিনতে আসা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের জব্বার শেখ জানান, উচ্চফলনশীল জাতের মরিচ আবাদ করে তাঁর কয়েকজন প্রতিবেশী কয়েক বছর ধরে বেশ আয় করছেন। জব্বার শেখের মতো প্রতিদিন পঞ্চগড়, নাটোর, বগুড়ার বিভিন্ন উপজেলা, সিরাজগঞ্জ, পাবনা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ, মঠবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সবজির চারা নিতে প্রতিদিন মানুষ আসছেন শাহনগর গ্রামে। উচ্চফলনশীল জাতের এসব সুস্থ-সবল চারা লাগিয়ে তাঁরা পাচ্ছেন ভালো ফলন।