সবজির ট্রাক উল্টে নিহতদের পাঁচজনই আদিবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত শনিবার রাতে সবজিবোঝাই ট্রাক উল্টে নিহত সাতজনের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের পাঁচজনই আদিবাসী। তাঁরা সবাই পেশায় দিনমজুর ও একই গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁরা কম ভাড়ার জন্য বাসের পরিবর্তে ওই ট্রাকে করে বগুড়া থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার বিরিঞ্চি গ্রামের সুশীল পাহান (৪২), গণেশ ওঁরাওয়ের ছেলে স্বপন ওঁরাও (১৬), উজ্জ্বল বর্মণের ছেলে রিপন বর্মণ (১৭), সুশীল ওঁরাও (২০), ধনেশ ওঁরাও (৪০) এবং জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তিলাবদুল ফকিরপাড়া গ্রামের বাবুল মণ্ডল (৩৫)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই ট্রাক রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় মদনপুর-ভুলতা-গাজীপুর রুটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা সাতজন ঘটনাস্থলেই নিহত ও আরও পাঁচজন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারগুলোকে খবর দেওয়ার জন্য নওগাঁর পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট এলাকার থানাকে জানানো হয়েছে।
নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানার ওসি সোহেল ইমতিয়াজ জানান, গতকাল রোববার সকালে ট্রাকটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় আনা হয়েছে।
বেঁচে যাওয়া আরোহী মহেন্দ্র ওঁরাও (১৮) জানান, তাঁর বাবা সুশীল এ দুর্ঘটনায় মারা গেছেন। নিহত সাতজনের মধ্যে পাঁচজনই পত্নীতলার বিরিঞ্চি গ্রামের বাসিন্দা বলে তিনি শনাক্ত করেন। তিনি জানান, গত শুক্রবার বেলা তিনটার দিকে নিহত ও আহতেরা সবাই চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। ঈদের সময় বাসের ভাড়া বেশি হওয়ায় তাঁরা ট্রাকে চড়ে নওগাঁ থেকে বগুড়ার সান্তাহার পর্যন্ত আসেন। সেখান থেকে তাঁরা সবজিবোঝাই ওই ট্রাকে উঠে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। চট্টগ্রামে তাঁরা বিভিন্ন শিপইয়ার্ড, ইলেকট্রিক্যাল মিস্ত্রি, বয়লার মিস্ত্রি হিসেবে কাজ করেন।
মহেন্দ্র অভিযোগ করে জানান, চালক বেপরোয়া গতিতে ট্রাক চালাচ্ছিলেন। তাঁরা বারবার চালককে গতি নিয়ন্ত্রণ করে চালানোর জন্য বললেও চালক তা মানেননি। এ কারণে ট্রাকটি উল্টে যায়। এ সময় সবজির বস্তাগুলো ঘুমিয়ে থাকা মানুষের ওপরে পড়ে। ফলে কিছু বুঝে ওঠার আগেই তাঁরা মারা যান।এ সময় তিনি কোনোমতে বস্তার ভেতর দিয়ে নিজের মাথাটি ওপরে তুলে ধরেন। দুর্ঘটনার
অল্প কিছুক্ষণের মধ্যেই তাঁকেসহ পাঁচজনকে এলাকাবাসী উদ্ধার করেন। তাঁর সঙ্গে উদ্ধার হওয়া হেলালের অবস্থাও গুরুতর। হেলালকে রূপগঞ্জ উপজেলার ভুলতার আল রাফি নামের একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
চিকিৎসাধীন হেলাল জানান, তাঁর সঙ্গে চট্টগ্রাম যাওয়ার জন্য ট্রাকে ওঠা বাবুল মণ্ডল এ দুর্ঘটনায় মারা গেছেন। বাবুল আর হেলালের বাড়ি একই গ্রামে। তাঁরা দুজন একসঙ্গে চট্টগ্রাম যাচ্ছিলেন। সেখানে তাঁরা রিকশা চালাতেন। পাঁচ-সাত বছর ধরে তাঁরা দুজন চট্টগ্রামে গিয়ে রিকশা চালাচ্ছেন বলে তিনি জানান।
বিকেল পাঁচটায় ওসি সোহেল ইমতিয়াজ জানান, নিহত বাবুলের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর লাশ ও আহত হেলালকে এলাকাবাসী নিয়ে গেছেন। নওগাঁর জেলা প্রশাসনের উদ্যোগে নিহত অন্যদের আত্মীয়রা আসছেন। তাঁরা এসে লাশ নিয়ে যাবেন। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন বলে তাঁদের ধারণা।