সবজির দর কিছুটা কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি ও বন্যা কমার পর রাজধানীর কাঁচাবাজারে কয়েকটি সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। তবে কাঁচা মরিচের কেজি এখনো ১০০ টাকা। আদা ও রসুনের দামও কমেনি। ফলে গতকাল শুক্রবার বাজারে গিয়ে সামগ্রিকভাবে ক্রেতারা তেমন সুখবর পাননি।
এদিকে গুঁড়া দুধের দাম গত ফেব্রুয়ারি থেকে বিশ্ববাজারে এখন পর্যন্ত ৪৪ শতাংশ কমলেও দেশে এক টাকাও কমানো হয়নি। দেশে গত কয়েক সপ্তাহ ধরে প্রতি কেজি ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধ ৭০০ থেকে ৭১০ টাকা, ডিপ্লোমা ৬৬৫ থেকে ৬৭০ টাকায় বিক্রি হচ্ছে। গত মাসের শেষ সপ্তাহে একাধিক ব্যবসায়ী শিগগিরই গুঁড়া দুধের দাম কমানো হবে বলে প্রথম আলোকে জানিয়েছিলেন। গতকালও দাম কমেনি।
কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ডায়মন্ড জাতের আলু ২২, লাল আলু ৩০, মাঝারি মানের বেগুন ৪০-৪৫, পটল ৩০, বরবটি ৫০, শিম ৮০, টমেটো ১০০, মুলা ৩০, বিভিন্ন জাতের শাকের আঁটি ১০-২০, করলা ৩০-৪০, পেঁপে ২০, গাজর ৬০ এবং ফুলকপি প্রতিটি ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি ছিল না বলে জানালেন ব্যবসায়ীরা।
কারওয়ান বাজার কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী মালিক সমিতির দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বর্ষা মৌসুমে এমনিতেই সবজির দাম একটু বাড়তি থাকে। কারণ, সবজি চাষ হওয়া নিচু জমির প্রায় অনেকটাই ডুবে যায়। তবে বৃষ্টি ও বন্যা কমে যাওয়ায় অবস্থার উন্নতি হচ্ছে। তিনি বলেন, বন্যার পর নতুন করে চাষ এবং শীতের সবজি অল্প কিছুদিনের মধ্যেই আসতে শুরু করবে। তখন দাম আরেকটু কমবে।
এদিকে চীনা রসুন ৮০ ও দেশি জাতের রসুন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। আদার কেজি ১৫০-১৬০ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক কারওয়ান বাজারের এক খুচরা ব্যবসায়ী জানান, দুই সপ্তাহ আগে থেকেই আদা-রসুনের দাম বাড়তে শুরু করেছে। কোরবানির ঈদ সামনে রেখে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছেন পাইকাররা। তাই দাম বাড়ছে।
ব্যবসায়ীরা জানান, রাজধানীর বড় পাইকারি বাজার শ্যামবাজারে এখন প্রতি কেজি ইন্দোনেশিয়ার আদা বিক্রি হচ্ছে ১২৫-১৪০, যা দুই সপ্তাহ আগে ছিল ৯০-১২৫ টাকা। চীনা রসুন বিক্রি হচ্ছে ৬২-৭০ টাকায়। দুই সপ্তাহ আগে এই রসুনের দাম ছিল ৫২-৬০ টাকা।
মাছের দামও একটু কমেছে। কারওয়ান বাজারে এক কেজির সামান্য কম ওজনের ইলিশ প্রতিটি ৬০০ থেকে ৮০০ টাকা, ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ ৪০০-৫০০ টাকায় বিক্রি হয়। বড় রুই মাছের কেজি ৩৫০-৪০০, বড় কাতলের কেজি ৩৫০, চাষের কই ১৮০, পাঙাশ মাছ ১০০-১২০, শিং মাছ ৪০০-৪৫০ টাকা হাঁকতে শোনা যায়। বিক্রেতারা জানান, দর-কষাকষিতে দাম কমান তাঁরা।
এ ছাড়া ব্রয়লার মুরগির কেজি ১৪০ টাকা। গরুর মাংস ২৮০-৩০০ ও খাসির মাংস ৪০০-৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফার্মের ডিমের হালি ৩০ টাকা।