সবজির দাম কম, খরচই ওঠে না চাষিদের
সাঁথিয়া উপজেলার কালাইচড়া গ্রামের কৃষক মাহাতাব উদ্দিন এবার এক বিঘা জমিতে কুমড়ার আবাদ করেছেন। অনুকূল আবহাওয়ায় প্রচুর ফলন পেয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন কুমড়া বিক্রি থেকে ভালো আয়ের। কিন্তু বাজারে কুমড়া নেওয়ার পর স্বপ্ন দেখার পালা শেষ হয়ে গেছে তাঁর। ভালো আয় তো দূরের কথা, জমি থেকে কুমড়া তুলে বাজার পর্যন্ত নিয়ে আসার খরচই উঠছে না তাঁর। কারণ বাজারে কুমড়া বিক্রি হচ্ছে একরকম পানির দামে।সাঁথিয়া হাটে কুমড়া বিক্রির পর মাহাতাব উদ্দিন হিসাব দিয়ে বলেন, ‘২০০ টাকা কইর্যা দুজন কামলা নিয়্যা জমিরথ্যা ৩০০ পিস কুমড়্যা তুলছি। বাজারে ভ্যানে কইর্যা আনতি লাগিছে ১৫০ টাকা। অর্থাৎ কামলা খরচ আর ভ্যানের ভাড়া মিলায়া মোট ৫৫০ টাকা খরচ হয়া গ্যাছে। এক টাকা ৮০ পয়সা দরে সব কুমড়্যা বেইচ্যা ৫৪০ টাকা পাইছি। তার মানে জমিরথ্যা কুমড়্যা তুইল্যা বাজারে আনার খরচই আমার উঠল না।’ মাহাতাবের মতো শুধু কুমড়াচাষিরাই নন, পাবনার সব ধরনের সবজিচাষিই এবার উৎপাদিত সবজি নিয়ে বিপাকে পড়েছেন। সবজি চাষে এবার লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না। বাজারে পানির দরে সবজি বিক্রি হওয়ায় প্রত্যন্ত এলাকার কৃষকেরা জমি থেকে সবজি তুলে বাজার পর্যন্ত নেওয়ার খরচই তুলতে পারছেন না। এ কারণে অনেক কৃষক কুমড়া, মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ, পটোলসহ বিভিন্ন সবজি জমি থেকে তুলছেনই না। জমি থেকে না তোলায় এসব সবজি জমিতেই পচে যাচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, পাবনার সাঁথিয়া, সুজানগর ও বেড়া উপজেলায় প্রচুর পরিমাণে সবজির আবাদ হয়ে থাকে। উৎপাদিত সবজি দেশের বিভিন্ন এলাকার চাহিদা পূরণ করে থাকে। সরেজমিন ঘুরে দেখা গেছে, এবার প্রতিটি এলাকাতেই সবজির বাম্পার ফলন হয়েছে। একদিকে অতিরিক্ত উৎপাদন, অন্যদিকে ঢাকা, বগুড়াসহ বিভিন্ন এলাকায় সবজির চাহিদা পড়ে যাওয়ায় এবার পাবনার হাট-বাজারগুলোতে সবজি বিক্রি হচ্ছে পানির দরে। সরেজমিন বেড়া ও সাঁথিয়া উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, প্রতি মণ কাঁচা মরিচ ১৫০ থেকে ২০০ টাকায়, পটল ১৪০ থেকে ২০০ টাকায়, কুমড়া প্রতিটি দেড় থেকে দুই টাকায়, মিষ্টি কুমড়া প্রতিটি ৫ থেকে ১২ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজিও একই রকম কম দামে বিক্রি হচ্ছে। উত্তরাঞ্চলের অন্যতম সবজির হাট বলে পরিচিত বেড়ার করমজা হাটের সবজির আড়তদার (যমুনা কাঁচামালের আড়ত) সুজন দাস বলেন, গত পাঁচ-সাত বছরের মধ্যে সবজির এত কম দাম আর দেখা যায়নি। এবার এই এলাকায় সবজির ফলন হয়েছে প্রচুর। তা ছাড়া অন্য এলাকা থেকে পাইকারেরাও কম আসছেন। এ জন্য কৃষকেরা সবজি এনে ভালো দাম পাচ্ছেন না। করমজা হাটে ১৫০ টাকা মণ দরে তিন মণ কাঁচা মরিচ বিক্রি করার পর সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের আবু হানিফ ক্ষোভ নিয়ে বলেন, ‘জমিরথ্যা এক মণ মরিচ তোলার কামলা খরচই ১২০ টাকা (প্রতি কেজি তিন টাকা হিসাবে)। হাটে আনার খরচ তিরিশের থ্যা চলিশ টাকা। তার মানে ১৬০ টাকা খরচ কইর্যা জমিরথ্যা হাটে মরিচ আইন্যা ১৫০ টাকায় বেচা লাগল। এর চাইতে খ্যাতের মরিচ খ্যাতে পচাই ভালো।’সাঁথিয়া হাটে পটোল বিক্রি করতে আসা সাঁথিয়ার নন্দনপুর গ্রামের দেওয়ান মণ্ডল বলেন, ‘একেক বিঘ্যায় পটোল চাষের খরচ ১০ হাজার টাকার বেশি। অথচ বাজারের যে অবস্থা, তাতে সারা মৌসুম পটোল বেইচ্যা ছয় হাজার টাকায় পাওয়া যাবি কিনা সন্দেহ।’ একই হাটে মিষ্টি কুমড়া বিক্রি করতে আসা ঘুঘুদহ গ্রামের জিলাল মিয়া বলেন, ‘এত বড় বড় মিষ্টি কুমড়্যার দাম ছয় টাকা কইর্যা কয়। ইডা কি সম্ভবের কথা? এবার সবজি চাষ কইর্যা আমরা চোখেমুখে আন্ধার দেখত্যাছি।’ কৃষক, ব্যবসায়ী ও কৃষিবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচুর সবজি উৎপাদন হওয়া সত্ত্বেও পাবনার কোথাও সবজি সংরক্ষণাগার নেই। এ কারণে কৃষকদের বাধ্য হয়ে প্রায়ই পানির দরে সবজি বিক্রি করতে হয়। সংরক্ষণাগার থাকলে কৃষকদের এভাবে ব্যাপক ক্ষতি দিয়ে সবজি বিক্রি করতে হতো না বলে সংশিষ্ট ব্যক্তিরা জানান।