পবিত্র রমজান মাস সামনে রেখে রাজধানীর বাজারে বেড়ে যাওয়া সবজির দাম কমছে না। দু-একটি সবজির দাম গত সপ্তাহে কমলেও গতকাল শুক্রবার সেগুলোর দাম আবার বেড়েছে। বেড়েছে মাছের দরও।
রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বাজার তদারকি থেকে শুরু করে বিভিন্ন উদ্যোগ নিলেও সেগুলো যে কাজে আসেনি, বাজার পরিস্থিতিই তার প্রমাণ।
রোজা শুরুর আগেই কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম বেড়ে যায়। বিশেষ করে বেগুন, আলু, কাঁচা মরিচ, শসার দাম। বেড়ে যায় লেবু, ধনেপাতা, পেঁয়াজসহ বিভিন্ন মসলার দাম। বাড়তি দাম অব্যাহত থাকায় স্বল্প আয়ের মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
গতকাল নারিন্দা কাঁচাবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ আগের মতোই ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ৪৫ টাকা। আগের সপ্তাহে এই পেঁয়াজের দাম ছিল ৩৫ টাকা। সম্প্রতি ভারত সরকার পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়ে দেওয়ায় এমনটি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। তবে বাজারে এখন দেশি পেঁয়াজের সরবরাহ ভালো রয়েছে।
কাঁচা মরিচের দাম এক সপ্তাহের ব্যবধানে আবার কেজিতে ১০ টাকা বেড়েছে। রোজার শুরুতে ৮০ টাকা হওয়া কাঁচা মরিচ গত সপ্তাহে কমে ৭০ টাকা হয়েছিল। কিন্তু গতকাল তা বিক্রি হয় ৮০ টাকা কেজি। এ ছাড়া প্রতি কেজি আলু ২০ টাকা, লাল আলু ৩০, ভালো মানের লম্বা বেগুন ৯০-১০০, ঢ্যাঁড়স ৩০, শসা মানভেদে ৪০-৫০, করলা ৬০, টমেটো মানভেদে ৯০ থেকে ১০০, পটোল ৪০, বরবটি ৫০, গাজর ৫০ টাকা দরে বিক্রি হয়। এ ছাড়া পুঁইশাকের কেজি ২০ টাকা, প্রতি হালি কাঁচকলা ১৫, বড় কোয়ার রসুন ৭০-৭২, আদা ২০০ টাকা কেজি দর হাঁকেন ব্যবসায়ীরা।
জানতে চাইলে কারওয়ান বাজার কিচেন মার্কেট মালিক সমিতির সভাপতি মো. বাবুল মিয়া প্রথম আলোকে বলেন, “রমজান মাস এলে প্রতিবছর পণ্যের দাম ‘অটোই’ বেড়ে যায়। কারণ চাহিদা বাড়ে। তা ছাড়া এবার খরা এবং গত এক মাসের অতিবৃষ্টির কারণে সবজির উৎপাদন কম হয়েছে।” বেগুনের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন বেগুনের মৌসুম না। আমদানি কম, তবে চাহিদা অতিরিক্ত। তাই দাম বেশি।’
তাহলে কি কখনোই রমজান মাসে সবজির দাম নিয়ন্ত্রণ করা যাবে না—এমন প্রশ্নে বাবুল মিয়া অভিযোগ করে বলেন, ‘রমজান আসলেই ট্রাকের ভাড়া বাড়িয়ে দেন পরিবহন ব্যবসায়ীরা। অন্যদিকে অনেক ভোক্তাই প্রয়োজনের চেয়ে বেশি পণ্য কিনেন। ফলে চাহিদা ও জোগানের মধ্যে একটি অসমতা দেখা দেয়।’ এগুলো বন্ধ করতে না পারলে পরিস্থিতির উন্নতি হবে না বলে মন্তব্য করেন তিনি।
মাছের বাজার গরম: রোজা শুরু হওয়ার পর থেকে সবজির মতো মাছের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কারওয়ান বাজারে গতকাল এক কেজি ওজনের একটি ইলিশ ৬০০ টাকা, ছোট আকারের তেলাপিয়া ১০০-১১০, মাঝারি আকারের তেলাপিয়া ১৬০-১৭০, পাঙাশ ১০০-১১০, কাজলি মাছ ৫৫০-৬০০, রুই আকারভেদে ২৪০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। বাজারে মাছের সরবরাহও কম।
অন্যদিকে নারিন্দা বাজারে প্রতি কেজি ছোট টেংরা ও মলা মাছ ৪০০, গুলশা ৬০০ টাকা, পাবদা ৬০০-৭০০ টাকা, চাষের কই ২০০, ছোট আকারের (৪৫০ গ্রাম ওজন) ইলিশ ৩৫০-৪০০ টাকা, ছোট আকারের চিংড়ি ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। কাচকি মাছের ছোট ভাগাও ৫০ টাকা।
দাম কতটা বেড়েছে জানতে চাইলে নারিন্দা কাঁচাবাজারের নিয়মিত ক্রেতা মতিন মিয়া বললেন, ‘রোজার আগে টেংরা ও মলা মাছ ২৪০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকায় কিনতাম। আর এখন ৪০০ টাকার এক পয়সা কমেও পাওয়া যাচ্ছে না।’
এ প্রসঙ্গে ওই বাজারের এক মাছ বিক্রেতা জানালেন, রমজান মাস এলেই মাছের আমদানি একটু কমে যায়। তাই দামও বেড়ে যায়। তাঁর দাবি, ‘আমরা কমে কিনলেই তো কমে বেচুম। তাই না!’
এদিকে কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা, খাসির মাংস ৪৫০, ছাগলের মাংস ৪০০, গরুর মাংস ২৮০ টাকা কেজি দরে বিক্রি হয়। তবে নগরের বেশির ভাগ বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজন ৮০ ও হাঁসের ডিমের ডজন ১০৫ টাকা।
বিভিন্ন ধরনের চালের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। ভালো মানের খেঁজুর ১৬০ থেকে ৩০০ টাকা কেজি।