চলতি বন্যায় কয়েক লাখ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো হিসাবে দেখা গেছে, এ পর্যন্ত ২ লাখ ৮৫ হাজার ৮৪৭ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে আছে। বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। বন্যাকবলিত জেলাগুলোতে সবজির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী জেলায় রোপা আমনের ৩৭ হাজার ৭৯০ হেক্টরের জমির ফসলের জমি পানিতে তলিয়ে আছে। নওগাঁয় বন্যার পানিতে তলিয়ে গেছে ৩৩ হাজার ৩১১ হেক্টর জমির রোপা আমন, বীজতলা ও সবজিখেতসহ বিভিন্ন ফসল। ১ হাজার ৩৩২টি পুকুরের মাছ ভেসে গেছে।
রংপুরের ৪২টি ইউনিয়নের ৩৫৫টি গ্রাম বন্যাকবলিত। রোপা আমন ও সবজি পানির নিচে তলিয়ে গেছে ৩৭ হাজার ৩১৫ হেক্টর জমির। তবে টাকার অর্থে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুধেন্দ্রনাথ রায় বলেন, জেলায় ৫ হাজার ১০০ হেক্টর জমির আমন ধান ও সবজিখেত ডুবে গেছে। সুনামগঞ্জে এ পর্যন্ত ৯ হাজার ২৩০ হেক্টর জমির রোপা আমন ধানের ক্ষতি হয়েছে।
গাইবান্ধায় এবারের বন্যায় জেলায় ১৯ হাজার হেক্টর জমির রোপা আমন, বীজতলা, শাকসবজি, কলার জমির ক্ষতি হয়েছে। জয়পুরহাটের ক্ষেতলালের মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বলেন, জেলার বিল হাওয়াইয়ের মাঠে ৮ হাজার হেক্টর জমির ধান পানির নিচে।
শেরপুর সদরের ইউএনও মোহাম্মদ হাবিবুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, শেরপুরের ছয়টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। এসব এলাকার ৩৫০ হেক্টর জমির আমন ও অন্যান্য আবাদ পানিতে নিমজ্জিত এবং তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা নিরূপণের কাজ চলছে। এ ছাড়া বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পানিতে তলিয়ে যাওয়া ১ লাখ ২২ হাজার হেক্টর জমির মধ্যে বর্তমানে ৪৮ হাজার ৩৬৫ হেক্টর জমি পানির নিচে রয়েছে। ঠাকুরগাঁওয়ে ঢলের পানিতে জেলার ৩৬ হাজার ৯৩০ হেক্টর জমির রোপা আমন ধান ও ৫৭০ হেক্টর জমির সবজি তলিয়ে গিয়েছিল। এখন ১৪ হাজার ৫০০ হেক্টর জমির আমন খেত ও ১৬০ হেক্টর সবজিখেত পানিতে ডুবে আছে।
বগুড়া জেলা ত্রাণ কর্মকর্তা শাহারুল হোসেন মোহাম্মদ আবু হেনা জানিয়েছেন, যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রোপা আমন, আউশ, আমন বীজতলা, সবজিসহ ৬ হাজার ৯২০ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে।
এদিকে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় নীলফামারীতে সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। ১৫ টাকার পটল ৩০ টাকায়, ২০ টাকার বেগুন ৪০ টাকায়, ৭০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। নওগাঁয় বাজারে প্রায় সব ধরনের সবজির দাম গত সপ্তাহের চেয়ে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। গত কয়েক দিনের ব্যবধানে গাইবান্ধায়ও সবজির দাম দ্বিগুণ হয়ে গেছে।