২০-দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধে ময়মনসিংহে কৃষকদের মধ্যে খুব বেশি প্রভাব পড়েনি। তবে শহরের বাজারগুলোতে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম। ঢাকা, চট্টগ্রাম ও উত্তরাঞ্চল থেকে পণ্য আনার জন্য ট্রাকের ভাড়া বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।
গত রোববার সরেজমিনে ময়মনসিংহ সদর ও গৌরীপুর উপজেলার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে এবং অন্যান্য উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, টানা অবরোধের মধ্যে লেগুনা ও ছোট ট্রাক অভ্যন্তরীণ সড়কে চলাচল করায় ওই সব এলাকার কৃষকেরা তাঁদের উৎপাদিত শীতকালীন সবজি কাছাকাছি এলাকার বাজারগুলোতে সরবরাহ করতে পারছেন। তবে এ ক্ষেত্রে ছোট ট্রাকের ভাড়া কিছুটা বাড়লেও শাকসবজির দাম স্বাভাবিক রয়েছে।
রোববার সকালে ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় ও গৌরীপুর উপজেলার গাজীপুর, কলতাপাড়া এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই সব এলাকার কৃষকদের উৎপাদিত আলু, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন সবজি ব্যাটারিচালিত ইজিবাইক ও ছোট ট্রাকের মাধ্যমে আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার বাজারগুলোতে পাঠাতে পারছেন। এতে তাঁরা ন্যায্য দামও পাচ্ছেন। গৌরীপুরের ডৌহখলা বাজারের কৃষক রোকন উদ্দিন বলেন, ‘সারা দেশের কৃষকদের যে করুণ অবস্থা আমরা টিভিতে দেহি, হেই তুলনায় আমরার ভালা আছি।’
ময়মনসিংহের সব কটি উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকটি উপজেলায় বোরোর চারা রোপণ প্রায় শেষ পর্যায়ে। ইউরিয়া সারের দামও বাড়েনি। বাজার ঘুরে দেখা যায়, ৫০ কেজির ইউরিয়া সারের বস্তা বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।
টানা অবরোধে ময়মনসিংহের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বেড়ে গেছে। সম্প্রতি ময়মনসিংহ শহরের মেছুয়া বাজার ও নতুন বাজারে ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক সপ্তাহে বাজারগুলোতে বেড়েছে ভারতীয় ও দেশি পেঁয়াজ, সব রকমের ডাল, সয়াবিন, আটা, দেশি মুরগিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।
ব্যবসায়ীরা জানান, ময়মনসিংহের বাজারে এসব পণ্য ঢাকা, চট্টগ্রাম ও উত্তরবঙ্গ থেকে আনা হয়। অবরোধে নাশকতার ভয়ে ওই সব এলাকা থেকে পণ্য নিয়ে আসতে ট্রাকমালিক ও শ্রমিকেরা অনাগ্রহ দেখান। খুব অল্পসংখ্যক ট্রাক পণ্য নিয়ে আসতে রাজি হলেও ভাড়া দিতে হয় প্রায় দ্বিগুণ।
ব্যবসায়ীরা আরও জানান, ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত একটি ট্রাকের ভাড়া সাধারণত আট হাজার টাকা। কিন্তু অবরোধের কারণে সম্প্রতি দিতে হচ্ছে ১২ হাজার টাকা।একইভাবে বেড়েছে চট্টগ্রাম ও উত্তরবঙ্গ থেকে ময়মনসিংহে আসা ট্রাকের ভাড়াও।
ময়মনসিংহ বণিক সমিতির পরিচালক শংকর সাহা বলেন, ময়মনসিংহের পাইকারি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত শেষ হয়ে আসছে। খুচরা বাজারে বেড়েছে দাম। সম্প্রতি ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল সরকারি নিরাপত্তায় ঢাকা, চট্টগ্রাম ও উত্তরাঞ্চল থেকে পণ্যবোঝাই ট্রাক ময়মনসিংহে পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেছেন।
জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, অবরোধ থাকলেও এখন ট্রাক চলছে। তার পরও ব্যসায়ীদের দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে।