সবজির দামে স্বস্তি ক্রেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি সপ্তাহে একবার সবজি কিনতে রেয়াজউদ্দিন বাজারে আসেন বেসরকারি চাকরিজীবী আবুল হাশেম। দরদাম করে গতকাল শুক্রবার সকালে কাঁকরোল, পটোল, টমেটোসহ কয়েক ধরনের সবজি কিনেছেন তিনি। বাজারে সবজির দাম কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘সবজির দামেই তো স্বস্তি পাচ্ছি। গত সপ্তাহের চেয়ে কিছুটা কমে পাচ্ছি।’
চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজারের ভেতরেই রয়েছে সবজির বড় আড়ত। যে কারণে নগরের অন্য বাজারের চেয়ে এখানে সবজির দাম তুলনামূলক কম।
বাজার ঘুরে দেখা যায়, কাঁকরোল, পটোল, টমেটোসহ বিভিন্ন সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা কমেছে। গতকাল প্রতি কেজি কাঁকরোল ও পটোল ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হয়েছে। টমেটো পাওয়া যাচ্ছে মানভেদে ২০ থেকে ২৫ টাকায়। পাবনা থেকে আসা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০ টাকায়। এ ছাড়া চিচিঙ্গা কেজিপ্রতি ৪০ টাকা, বরবটি ৩০-৪০ টাকা ও বেগুন ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগির দামও আগের চেয়ে কিছুটা কমেছে। রেয়াজউদ্দিন বাজারে বিভিন্ন মুরগির দোকানে মূল্যতালিকায় কেজিপ্রতি ব্রয়লার মুরগির দাম ১৪০ টাকা উল্লেখ ছিল। তবে বিক্রেতারা জানালেন, ১৩৫ টাকা দরে মুরগি বিক্রি করছেন তাঁরা। মূল্যতালিকার দাম আগের সপ্তাহের। দাম কমার কারণ জানতে চাইলে এক মুরগি বিক্রেতা বলেন, রোজার সময় দিনের বেলা বেশির ভাগ রেস্তোরাঁ বন্ধ থাকে। এ কারণে মুরগির চাহিদাও কম। দাম কমার মূল কারণ এটি। তবে ঈদের আগের সপ্তাহে চাহিদা বাড়বে।
মুরগির দাম কমলেও গরু ও খাসির দামে কোনো পরিবর্তন নেই। গরুর মাংস কিনতে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. মোস্তফা প্রথম আলোকে বলেন, পাঁচ মাস আগে ঢাকার মাংস ব্যবসায়ীদের ধর্মঘটের পর চট্টগ্রামেও গরুর মাংসের দাম বেড়ে গিয়েছিল। এরপর থেকে আর কমছেই না। সব বাজারেই কেজিপ্রতি ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যেই ঘুরপাক খাচ্ছে গরুর মাংসের দাম।
মাংস বিক্রেতা মো. বশির প্রথম আলোকে বলেন, হাড় ছাড়া গরুর মাংস ৬৫০ টাকা এবং হাড়সহ ৪৮০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। মহিষের মাংস কেজিপ্রতি হাড় ছাড়া ৬০০ টাকা এবং হাড়সহ ৪৫০ টাকায় বিক্রি হয়। খাসির মাংস বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০০ টাকায়।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, সর্বশেষ মাংসের দর নির্ধারণ করা হয় গত বছরের ৩ জুলাই। রেয়াজ উদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে জেলা প্রশাসনের তৎকালীন ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান এই দর ঠিক করেন। ওই সময়ের দর অনুযায়ী, হাড় ছাড়া গরুর মাংস কেজিপ্রতি ৫৫০ টাকা এবং হাড়সহ গরুর মাংস ৪০০ টাকা ঠিক হয়। একইভাবে কেজিপ্রতি মহিষের মাংস হাড় ছাড়া ৫০০ টাকা, হাড়সহ ৩৮০ টাকা, খাসি ৬০০ টাকা দর ঠিক হয়। এই দরে বাজারে মাংস বিক্রিও হয়েছিল। তবে ঢাকায় কয়েক দফা ধর্মঘটের পর দাম বেড়ে যায় গরুর মাংসের।