সবজির ফলন ও দাম ভালো, কৃষকেরা খুশি

হাটবাজারে ফসল নেওয়ার ঝুট-ঝামেলা নেই, খেতে বসেই বিক্রি হচ্ছে কৃষকের সবজি। আর সবজির ভালো ফলনের পাশাপাশি, দামও ভালো পাওয়ার ঠাকুরগাঁওয়ের কৃষকেরা বেশ খুশি।
গত বৃহস্পতিবার রানীশংকৈল, বালিয়াডাঙ্গী ও গতকাল শুক্রবার সদর উপজেলার ইয়াকুবপুর, বড়দ্বেশ্বরী, কচুবাড়ি ও নারগুন ও এলাকা ঘুরে দেখা গেছে, কৃষক ও শ্রমিকেরা খেত থেকে সবজি তুলে সড়কের পাশে স্তূপ করে রাখছেন। আর খেতের পাশে বসেই পাইকারি বিক্রেতারা নগদ টাকায় এসব সবজি কিনে নিচ্ছেন। পরে তাঁরা সেসব সবজি ট্রাকে তুলে নিয়ে যাচ্ছেন।
ঠাকুরগাঁও-পাটিয়াডাঙ্গী সড়কের পাশের সদর উপজেলার বড়দ্বেশ্বরী গ্রামে করলা কেনায় ব্যস্ত কুমিল্লা থেকে আসা ব্যবসায়ী আবদুল আউয়াল বলেন, মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে তিনি কুমিল্লার সবজির দর জেনে নেন। এরপর ওই দামের চেয়ে কেজিপ্রতি কিছু কমে খেতের পাশ থেকে সবজি কিনে নেন। কৃষকদের কাছ থেকে প্রতি মণ করলা ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে কিনে নিয়েছেন। কুমিল্লার বাজারে এক মণ করলা ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সে হিসাবে এক ট্রাক (১২৫ মণ) করলা বিক্রি করে ট্রাকভাড়া, শ্রমিকের খরচ ও পথের খরচ বাদ দিয়ে অন্তত ৪০ থেকে ৪৫ হাজার টাকা হাতে থাকে।
মুন্সিগঞ্জ সদর উপজেলার সবজি ব্যবসায়ী ইউনুস মীর ঠাকুরগাঁওয়ের খেত থেকে সরাসরি সবজি নিয়ে ঢাকার শ্যামবাজারে বিক্রি করেন। ইউনুস বলেন, খেতের পাশ থেকে সবজি কিনলে সব সময় টাটকা পাওয়া যায়। প্রতিদিনই খেতের পাশ থেকে অনেক ব্যবসায়ী করলার পাশাপাশি অন্যান্য সবজি কিনে অন্য জেলায় পাঠাচ্ছেন। তিনি প্রতি সপ্তাহে ১২৫ মণ করলা স্থানীয় কৃষকদের কাছ থেকে কিনে শ্যামবাজারে পাঠান বলে জানান।
সদর উপজেলার পাটিয়াডাঙ্গী এলাকার করলাচাষি আবদার হোসেন বলেন, তিনি দুই বিঘা জমিতে করলা আবাদ করেছেন। করলা আবাদে তাঁর খরচ পড়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। প্রথম দফায় ৬০ মণ করলা ১ হাজার ৫০০ টাকা দরে ৯০ হাজার টাকায় বিক্রি করেছেন।
রানীশংকৈলের রাউৎনগর গ্রামের কৃষক রমজান আলী লাখ দুয়েক টাকা খরচ করে চার বিঘা জমিতে ফুলকপি আবাদ করেছেন। উৎপাদিত ফসল খেত থেকেই বিক্রি করে পেয়েছেন তিন লাখ টাকার ওপরে।
বালিয়াডাঙ্গীর ভানোর এলাকার কৃষক মতিউর রহমান চার বিঘা জমিতে বেগুন চাষ করেছেন। প্রতি মণ বেগুন উৎপাদনে খরচ হয়েছে ৫০০ টাকা, বিক্রি হচ্ছে এক হাজার টাকার ওপরে।
সদর উপজেলার নারগুন গ্রামের মুলাচাষি আবুল হোসেন বলেন, এর আগে প্রতি মণ ফসল হাটবাজারে নিতে অন্তত ১০ টাকা করে পরিবহন খরচ হতো। ইজারাদারদের দিতে হতো মণপ্রতি ১০ থেকে ১৫ টাকা। এখন খেতে সবজি বিক্রি হওয়ায় সেই ঝামেলা থেকে রেহাই পাওয়া যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় সূত্র জানায়, এ বছর জেলায় খরিপ-২ মৌসুমে (এ মৌসুম বর্ষা শেষে পানি কমে যাওয়ার পরপরই শুরু হয়) ৪ হাজার ৬০১ হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক মো. আরশেদ আলী বলেন, ক্রেতা কম থাকায় কৃষকেরা অনেক সময় তাঁদের ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। খেত থেকেই ফসল বিক্রি হওয়ায় কৃষকেরা উপকৃত হচ্ছেন। বিক্রির এই ধারা অব্যাহত থাকলে কৃষকেরা কৃষিকাজে আরও আগ্রহী হয়ে উঠবেন।