সবজির বীজে স্বাবলম্বী হাসেনা বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিতে সবজি বীজ উৎ​পাদনে বিশেষ কৃতিত্বের জন্য ‘জয়িতা’ পদক পেয়েছেন হাসেনা বেগম l ছবি: প্রথম আলো
কৃষিতে সবজি বীজ উৎ​পাদনে বিশেষ কৃতিত্বের জন্য ‘জয়িতা’ পদক পেয়েছেন হাসেনা বেগম l ছবি: প্রথম আলো

সবজির বীজ উৎপাদন, প্রক্রিয়া ও বিক্রি করে ভালো বীজ তৈরির কারিগর হয়ে উঠেছেন হাসেনা বেগম। প্রায় ২০ বছর ধরে বিভিন্ন জাতের সবজির বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি করছেন তিনি। দারিদ্র্য ঘোচাতে গৃহিণী থেকে সবজির বীজের আদর্শ কারিগর হয়ে স্বাবলম্বী হয়েছেন তিনি। হাসেনা বেগম উপজেলার গণ্ডি পেরিয়ে এখন বিভাগেও পরিচিত। ১৫-১৬টি জাতের সবজির বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাত করে স্থানীয় কৃষকদের চাহিদা মিটিয়ে এলাকার বাইরে বিক্রি করছেন কুমিল্লার হোমনা উপজেলার কাশিপুর গ্রামের পূর্বপাড়ার হাসেনা বেগম।


বাঁচার
তাগিদ থেকে শুরু: পঞ্চম শ্রেণি পাস হাসেনা বেগমের সংসারে ছিল অভাব-অনটন। তাঁতের কাজ করে সংসার চালাতেন হাসেনা বেগমের স্বামী মনিরুল হক। পাঁচ ছেলে ও চার মেয়ের সংসার। একসময় স্বামী মনিরুল হক অসুস্থ হলে সংসারের বেহাল দশা হয়। স্বামীর অসুস্থতায় দমে যাননি তিনি। এত বড় সংসারের খরচ জোগাতে কিছু একটা করার পরিকল্পনা করেন হাসেনা বেগম। স্বামীর ২ শতক জমির ওপর বাড়ি আর ১৪ শতক জমিই ছিল তাঁর ভরসা। ফসল ফলিয়ে তেমন আয় হচ্ছে না। হাসেনা বেগম চিন্তা করলেন সবজির বীজ উৎপাদন করবেন। ১৪ শতক জমিতেই শুরু করেন সবজির বীজ উৎপাদন। শুধু ফসল উৎপাদনের চেয়ে সবজির বীজ উৎপাদন লাভজনক হওয়ায় জমি পত্তন নিয়ে উৎপাদন বাড়িয়েছেন তিনি। আর এই কাজে স্বামী মনিরুল হক পাশেই ছিলেন সব সময়। তিনিই সবজি সংরক্ষণ এবং তা থেকে মানসম্মত বীজ আহরণ করার কাজটুকু করেন। সেই বীজ বিক্রি করে সংসারে এনেছেন সচ্ছলতা। নয় সন্তানকে আলোর পথ দেখিয়ে পড়াশোনা করিয়েছেন। হাসেনা বেগম স্বাবলম্বী হয়ে এখন এলাকায় সবজির বীজের মডেল হয়ে অন্যদের উৎসাহিত করছেন। সংসারের খরচ চালিয়ে ১৪ শতক থেকে ১০০ শতক জমির মালিক হয়েছেন।


বীজ
উৎপাদন: শীত ও গ্রীষ্মকালীন সবজির বীজ উৎপাদন করতে জমি ভালো করে তৈরি করেন। বীজ উৎপাদন করতে উঁচু মানের বীজ যথাসময়ে রোপণ করেন। পরিচর্চার কাজটুকু নিজেই করতেন প্রথমে। পরিসর বড় হওয়ায় শ্রমিক নিয়োগ দিয়ে তা করান। পরে সময় বুঝে বীজের জন্য সবজি জমি থেকে তুলে ঘরে সংরক্ষণ করেন। তারপর সবজি চাষের মৌসুম শুরুর আগে ওই সবজি থেকে দক্ষতার সঙ্গে বীজ আহরণ করেন হাসেনা বেগম।


বীজ
সংরক্ষণ: কোন সবজির বীজ ভালো ফসল দেয়, সবজির কোন অংশের বীজ আহরণ করলে উঁচু মানের হয়, সেই কাজটুকু অত্যন্ত ভালো বোঝেন হাসেনা বেগম। কোন আকারের সবজি থেকে মানসম্মত বীজ পাওয়া যাবে, এমন কাজের জুড়ি নেই তাঁর। একটি সবজিকে তিনটি অংশে ভাগ করেন। আর এই তিন অংশ থেকে তিন প্রকারের বীজ পাওয়া যায়। এগুলো হলো মানসম্মত বীজ, মধ্যম ও সাধারণ বীজ। লাউ, শিম, মিষ্টিকুমড়া, কুমড়া, মুলা, ফুলকপি, বাঁধাকপি, ভেন্ডি, চিচিঙ্গা, পাট, ধান, ধুন্দুল, পালংশাক, পুঁইশাক, শসা, কলমিশাকসহ আরও বিভিন্ন জাতের সবজির বীজ উৎপাদন ও সংরক্ষণ করেন তিনি।


বীজ
বিক্রি: হাসেনা বেগমের বীজের অন্যতম ক্রেতা হলেন রাজধানী ঢাকার বীজ বিক্রেতারা। কয়েকটি ব্র্যান্ডের পাইকাররা বীজ কিনে নিয়ে যান প্রতিবছর। তবে বাজারের অন্যান্য মোড়কজাতকরণ বীজের তুলনায় তাঁর বীজের দাম অনেক কম। বীজের কোনো মোড়কজাত করতে না পারায় দাম অনেক কম পান। ফলন ভালো হওয়ায় হাসেনা বেগমের বীজের চাহিদা এলাকায় খুব বেশি। বিভিন্ন বীজ বিভিন্ন মৌসুমে বিক্রি হয় বলে সারা বছরই কোনো না কোনো বীজ বাজারে বিক্রি করছেন তাঁর স্বামী মনিরুল হক।


বীজের
কারিগরকে স্বীকৃতি: বাংলাদেশে অর্থনৈতিক সাফল্য অর্জন ও সমাজ গঠনে নারীদের ভূমিকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর তৃণমূলের সফল নারীদের স্বীকৃতি দিচ্ছে মহিলা-বিষয়ক অধিদপ্তর। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম বাস্তবায়ন করছে তারা। কৃষিকাজ করে অর্থনৈতিক সাফল্য পাওয়ায় ২০১৫ সালে হাসেনা বেগমকে হোমনা উপজেলা মহিলা-বিষয়ক অধিদপ্তর থেকে জয়িতা হিসেবে সম্মাননা দেওয়া হয়। ওই বছরই কুমিল্লা জেলার শ্রেষ্ঠ জয়িতার পুরস্কারও পান হাসেনা বেগম। গত ১২ এপ্রিল চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের উদ্যোগে ‘তোমরাই আলোকবর্তিকা’ অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগে কৃষিতে অবদান রাখায় হাসেনা বেগমকে সম্মাননা ও সংবর্ধনা দেয়।


হাসেনা
বেগমের কথা: আমার স্বামী তাঁত চালাইয়া সংসারের খরচ ঠিকমতো দিতে পারত না। স্বামীর আয়ের পাশাপাশি কিছু করে সংসারে কাজে লাগাইতে জমিতে চাষ করতে শুরু করলাম। সবজির চাষ আর সেই সবজির বীজ সংরক্ষণ আর বিক্রি করে সংসার চলতাছে। আমি কিছু পড়ালেখা কইরা বুঝেছি পোলাপানদের লেখাপড়া করাইতে হইবে এবং ছেলেমেয়ে সবাইকে কমবেশি পড়ালেখা করাইছি। যখন দেখি আমার জমিতে সবজির ভালো ফলন হয়েছে, তখন আমার পরিশ্রমকে ভুইলা মনডা ভইরা যায়। মন দিয়া পরিশ্রম কইরা কিছু করতে চাইলে আল্লায় দেয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী বললেন, মাঠফসলের কার্যক্রম পরিদর্শনে একদিন কাশিপুর গিয়ে জানতে পারি হাসেনা বেগম নামের এক নারী সবজির বীজ উৎপাদন ও বিপণন করছেন। তাঁর বাসায় গিয়ে কথা বলে এবং তাঁর কর্মকাণ্ড দেখে আমি মুগ্ধ হই। হাসেনা বেগমের উৎপাদিত সবজির বীজ উপজেলা পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি এবং যাঁরা বীজের ক্রেতা, তাঁদের কাছ থেকে জেনেছি এই বীজের ফলন অত্যন্ত উঁচু মানের। তাঁর এই সফলতার কাহিনি এখন এলাকার নারীদের অনুপ্রেরণার উৎস।