সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারদর
বাজারদর

দেশে সবজির সবচেয়ে বড় মোকাম বগুড়ার মহাস্থান হাট থেকে রাজধানীর সবচেয়ে বড় পাইকারি আড়ত কারওয়ান বাজার। কারওয়ান বাজার থেকে হাতিরপুল বাজার। সবখানেই শীতের সবজির সরবরাহে কমতি নেই। কিন্তু দাম কমছে না। বরং কিছু কিছু সবজির দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে আড়ত থেকে শুরু করে খুচরা বাজারে।
মহাস্থান হাটে গত সপ্তাহে প্রতি কেজি শিমের দাম ছিল ২০ টাকা, গতকাল বৃহস্পতিবার তা বেড়ে হয় ৩০ টাকা। গত সপ্তাহে ১০ টাকা হলেও গতকাল প্রতি কেজি বড় ফুলকপির দাম উঠেছে ১৮ টাকা। কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি শিম ছিল ২৫ টাকা। মাঝারি প্রতিটি ফুলকপি বিক্রি হয় ২০ থেকে ২৫ টাকায়।
মহাস্থান হাটের ব্যবসায়ীরা বলেছেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বড় বড় বিভিন্ন পাইকারি বাজারে এখান থেকে প্রতিদিন গড়ে সবজিবোঝাই ২০০ ট্রাক যায়। গত বছরের এই সময়ের চেয়ে এখন ট্রাকভাড়া অর্ধেক কমে গেছে। কিন্তু রাজধানীর একাধিক বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবহন খরচ কমলেও এর সুফল দামে পড়েনি।
রাজধানীর বিভিন্ন এলাকার যেসব বাসিন্দা কারওয়ান বাজার থেকে সপ্তাহের বাজার করেছেন, স্থানীয় বাজারের চেয়ে দামের ক্ষেত্রে তাঁরা কিছুটা লাভবান হয়েছেন।
কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ হোসেন থাকেন যাত্রাবাড়ীতে। গতকাল কর্মস্থল থেকে বাসায় ফেরার আগে ব্যাগ হাতে যান কারওয়ান বাজারে, কয়েক পদের সবজি কেনেন। যাত্রাবাড়ীর বাজার বাদ দিয়ে কেন কারওয়ান বাজার থেকে কিনছেন, জানতে চাইলে তিনি বলেন, যাত্রাবাড়ী বাজারের চেয়ে কারওয়ান বাজারে যেকোনো সবজির দামে প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকার তারতম্য থাকে। কারওয়ান বাজার থেকে সবজি কিনলে কিছু অর্থ সাশ্রয় হয়। মহাস্থান হাট আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, গত বছরের এমন সময়ে ঢাকায় সবজি পাঠাতে ট্রাকভাড়া ছিল গড়ে ২৫ হাজার টাকা। এ বছর ভাড়া কমে হয়েছে ১২-১৩ হাজার টাকা। একইভাবে চট্টগ্রাম, সিলেটসহ দেশের অন্যান্য এলাকার ট্রাকভাড়াও কমেছে। সবজি পরিবহনের এই খরচ কমে যাওয়ার সুফল ভোক্তাদের পাওয়ার কথা, কিন্তু পাচ্ছেন না।
দরদাম: কারওয়ান বাজারে গতকাল খুচরায় প্রতি কেজি বেগুন মানভেদে ৩০-৩৫ টাকা, টমেটো ৬০-৮০, ঢ্যাঁড়স ২৫-৩০, পটোল ২৫, বরবটি ৫০, মুলা ১৫, নতুন আলু ৬০ টাকা, প্রতিটি বাঁধাকপি ১৫-২৫, মিষ্টিকুমড়া ৩০-৩৫, লাউ ৩০-৪০ টাকায় বিক্রি হয়েছে।
হাতিরপুল বাজারে বগুড়ার লাল আলু প্রতি কেজি ৫০ টাকা, নতুন আলু ৭০ টাকা, ফুলকপি প্রতিটি ৩৫ থেকে ৪০, লাউ প্রতিটি ৫০, মুলা প্রতি কেজি ৩০, টমেটো ১০০, শসা ৩০ টাকায় বিক্রি হয়েছে।