সবাই একটু 'অন্য রকম ব্যবহার' করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্ল্যা কার্ডসহ মানববন্ধনে শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো
প্ল্যা কার্ডসহ মানববন্ধনে শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার সময় আবিদ হোসেন গ্রামের বাড়িতে ছিলেন। টিভি বা পত্রপত্রিকায় হামলার খবর তখন ফলাও করে প্রচারিত হচ্ছে। সেই সঙ্গে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছিল হামলাকারী জঙ্গিদের পরিচয়। তখন থেকেই আত্মীয়স্বজনেরা দেখা হলেই আবিদকে বলতেন, ‘নর্থ সাউথে পড়, একটু সাবধানে থেকো।’ তা ছাড়া পরিচিত ব্যক্তিরাও যেন কেমন একটু ‘অন্য রকম ব্যবহার’ করতে শুরু করেন।

এলএলবির শিক্ষার্থী আবিদ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত। সে সূত্রে দীর্ঘ সময় তাঁকে ক্যাম্পাসে থাকতে হয়। তিনি বলেন, ‘সকাল থেকে রাত পর্যন্ত ক্যাম্পাসে থাকি। আমি কখনো জঙ্গিবাদী কোনো কাজ এখানে দেখিনি। এখানকার পরিবেশও অনেক উদার। কয়েকজনের খারাপ কাজের জন্য এখন পুরো শিক্ষাপ্রতিষ্ঠানের বদনাম হচ্ছে।’ ঢালাওভাবে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে অভিযোগ করা হচ্ছে বলে তিনি মনে করেন।

আবিদের মতো এমন শত শত শিক্ষার্থী আজ সোমবার নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারাও অংশ নেন। আজ সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের মানববন্ধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার দুই পাশে শিক্ষার্থী ও শিক্ষকেরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে দাঁড়ান। নানা রঙের এসব প্ল্যাকার্ডে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিভিন্ন বক্তব্য ছিল। এগুলোর মধ্যে একটি ছিল এমন ‘তর্ক-বিতর্ক সব বাদ, রুখব এবার জঙ্গিবাদ’। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের কণ্ঠেও ছিল এসব স্লোগানেরই প্রতিধ্বনি।

বিবিএর শিক্ষার্থী মাহমুদুল হক বলেন, ‘এসব স্লোগানের মাধ্যমেই আমরা আমাদের বক্তব্য তুলে ধরতে চাই। গাছের একটি আম টক হলেই কিন্তু সব আম টক হয় না। সে রকমই নর্থ সাউথ ইউনিভার্সিটিও জঙ্গিবাদ সমর্থন করে না।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক ও কর্মকর্তারা। ছবি: প্রথম আলো
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক ও কর্মকর্তারা। ছবি: প্রথম আলো

অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহানা শমী বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি যে জঙ্গিবাদ সমর্থন করে না, সেটি বোঝাতেই এই মানববন্ধন করা হয়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে যে বিতর্ক এখন চলছে, তা থেকে বের হয়ে আসাই মূল লক্ষ্য। আর মূল লড়াই যে জঙ্গিবাদের বিরুদ্ধে, সেটি মনে রাখতে হবে।

বিবিএর শিক্ষার্থী নুসরাত জাবিন মনে করেন, অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও জঙ্গিবাদ ছড়িয়েছে। কিন্তু এখন শুধু নর্থ সাউথকেই দোষ দেওয়া হচ্ছে। এটি ঠিক নয়। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় জঙ্গি সৃষ্টি করে না। শিক্ষার মানের দিক থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি আগেও শীর্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে।

প্রাণরসায়ন বিভাগের শিক্ষার্থী রিয়াদ হোসেন বলেন, নর্থ সাউথের কিছু সাবেক ছাত্র জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে গেছেন। তাঁদের দায় পুরো বিশ্ববিদ্যালয় ও বর্তমান শিক্ষার্থীরা নেবে কেন?

এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়ছেন মো. তনয় চৌধুরী। তাঁর মতে, জঙ্গিবাদ একটি জাতীয় সমস্যা। তাই শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর দোষ চাপিয়ে এর সমাধান হবে না। তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার কারণে আমাদের একরকম হয়রানির শিকার হতে হচ্ছে।’

এক ঘণ্টার মানববন্ধন শেষে শিক্ষার্থী ও শিক্ষকেরা একটি র‍্যালি করেন। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্লাজা এরিয়াতে জঙ্গিবাদবিরোধী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ ও সদস্য বেনজির আহমেদ বক্তব্য দেন।