সবাই এগিয়ে এলে সমাজ বদলে দেওয়া সম্ভব: ড. ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস বলেছেন, দারিদ্র্য গরিবের সৃষ্টি নয়, গরিবদের ওপর চাপিয়ে দেওয়া সমস্যা। এটা অন্যের ভুলে হয় এবং মাশুল গুণতে হয় অনেককে। এ দেশে সম্পদ বা টাকার অভাবে দারিদ্র্য আসেনি। পুরো সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থার ভুল থেকে এর সৃষ্টি। সব নাগরিক এগিয়ে এলে সমাজকে বদলেও দেওয়া সম্ভব।বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার ‘জ্ঞানের বিশ্বায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধে ইউনূস এসব কথা বলেন। তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে ওই বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেস।আয়োজকেরা জানান, এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, চীন, ভারত, পাকিস্তানসহ বিশ্বের প্রায় ২০টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছে। প্রতিনিধিদের মধ্যে শিক্ষাবিদ, গবেষক, বিজ্ঞানী, শিক্ষার্থী, শিল্প-বাণিজ্য খাতের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা রয়েছেন। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে সামাজিক ব্যবসা, প্রাকৃতিক দুর্যোগ, পানি ও জ্বালানিসম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তি ও উদ্ভাবনসহ ১৩০টি বিষয়ভিত্তিক গবেষণা উপস্থাপন করা হবে।অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনূস আরও বলেন, বলা হয়ে থাকে ব্যবসা মানে পয়সা কামানো, সর্বোচ্চ মুনাফা অর্জন। আসলে মানুষ কোনো মেশিন নয়। ব্যবসায়ীরা মুনাফা অর্জন করবে—এতে দ্বিমত নেই। তবে আর্থ-সামাজিক সমস্যার সমাধান ও মুনাফা অর্জন—দুটি একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়। তিনি বলেন, ‘বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা, রোগ-ব্যাধি, প্রাকৃতিক দুর্যোগসহ অনেক সমস্যা আছে। সবার ধারণা, সরকার সব সমস্যার সমাধান করবে, আর আমরা ব্যবসা করব। এখানেই আমরা ভুল করি। সমস্যার সমাধান সরকারের একার দায়িত্ব নয়। সবাইকে এগিয়ে আসতে হবে। সব নাগরিক সক্রিয় হলেই সমাজকে নতুন রূপ দেওয়া সম্ভব।’ইউনূস বলেন, বিশ্বায়ন নতুন ধরনের সাম্রাজ্যবাদ হিসেবে বিবেচিত হয়। অনেক দেশ বিশ্বায়ন নিয়ে ভীত। এই বিশ্বায়ন এক পাক্ষিক, দরিদ্ররা এর সুবিধা পায় না। জ্ঞানের বিশ্বায়ন হওয়া উচিত সর্বজনীন। যাতে সব মানুষ এর সঙ্গে সম্পৃক্ত হতে পারে। তিনি গ্রামীণ ব্যাংকের কার্যক্রমকে সামাজিক ব্যবসা হিসেবে উল্লেখ করে বলেন, তিনি এটা করেছেন সমস্যা সমাধানের জন্য। তিনি বলেন, ভালো চাকরি পাওয়া যাবে এ জন্যই কি শিক্ষা? শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত দেশের সমস্যার সমাধান।গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বর্তমান ব্যাংক ব্যবস্থাকে ভুল আখ্যায়িত করে বলেন, সবাই মনে করত ব্যাংকব্যবস্থা খুব শক্তিশালী। কিন্তু ২০০৮ সালে বিশ্বের নামীদামি ব্যাংকগুলোও দেউলিয়া হয়ে গেছে। অথচ গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বাংলাদেশ ছাড়াও এ সময় যুক্তরাষ্ট্রে দ্রুত সম্প্রসারণ হচ্ছে। এখানে কোনো গ্যারান্টার নেই, আইনি বাধ্যবাধকতাও নেই। তারপরও মানুষ ঋণ পরিশোধ করছে। এখন পুরো ব্যাংকব্যবস্থা ঢেলে সাজানোর সময় এসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান এম এ কাশেম, যুক্তরাষ্ট্রের নলেজ গ্লোবালাইজেশন ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মুওদুদুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট নার্গিস মাহমুদ, যুক্তরাষ্ট্রের সাফোক ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট জেনিস গ্রাফিথ ও নর্থ সাউথ স্কুল অব বিজনেসের শিক্ষক আবদুল হান্নান চৌধুরী।এম এ কাশেম বলেন, সত্যিকারের উন্নয়নে জ্ঞানের বিকল্প নেই। এ জন্যই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নিয়মিত এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে।হাফিজ জি এ সিদ্দিকী ইউনূসের সামাজিক ব্যবসার ধারণা থেকে জ্ঞান অর্জনের পরামর্শ দেন।