সবাই গম খেতে প্রস্তুত, কেউ রাস্তায় নামতে প্রস্তুত না: মুনতাসীর মামুন

বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, ‘হেফাজতিরা এক লাখ নামতে পারে। ১০ হাজার সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী রাস্তায় নামলে অনেক সিদ্ধান্ত বদলাবে। কিন্তু তাঁরা সবাই গম খেতে প্রস্তুত, কেউ রাস্তায় নামতে প্রস্তুত না।’
শহীদজননী জাহানারা ইমামের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ‘শহীদজননী জাহানারা ইমামের আন্দোলনের ২৫ বছর’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘যাঁরা রাজনীতি করেন, তাঁদের নানা ধরনের সখ্য থাকে। একসময় আহমদ শফীরা এসেছিলেন শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে। এখন সেই হেফাজতিরা কবুতরের মতো গণভবনে গিয়ে শেখ হাসিনার হাত থেকে গম ঠুকরে ঠুকরে খাচ্ছেন।’ তিনি বলেন, রাজনীতিবিদ, বুদ্ধিজীবীদেরও গম ঠুকরে খাওয়ার অবস্থা। কেউ প্রতিবাদ করছে না।
মুনতাসীর মামুন বলেন, ‘নির্মূল কমিটি তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। কিন্তু রাজনীতিবিদেরা অনেক সময় বিচ্যুত হয়েছেন। আমরা যেহেতু শেখ হাসিনার সমর্থক, তাই ধর্মীয় দাবির প্রশ্নে বারবার সরকারের পিছু হটা বিভ্রমের সৃষ্টি করছে।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জাহানারা ইমামের যুদ্ধাপরাধীদের বিচারের দাবি বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল। খালেদা জিয়া সব সময় যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন। খালেদা জিয়া ও বিএনপি থাকলে এ দেশ থেকে জঙ্গিবাদ দূর হবে না। তিনি বিএনপি জঙ্গি উৎপাদনের কারখানা বলেও মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা সাংবাদিক কামাল লোহানী বলেন, ‘কষ্ট লাগে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসা এরা জঙ্গি না। ৫ মে তারা যে অবস্থা সৃষ্টি করেছিল, তা আমরা জানি। কথা যখন বলা হয়, তখন একটু ভেবেচিন্তে বললে সাধারণ মানুষের কাছে বার্তাটা ঠিকমতো পৌঁছায়।’
সূচনা বক্তব্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, সরকারের সঙ্গে কিছু সমঝোতা হচ্ছে হেফাজতের। সরকার কৌশলগতভাবে হয়তো তাদের আন্দোলনের মাঠ থেকে সরিয়ে আনতে চাচ্ছে। কিন্তু হেফাজত তাদের ১৩ দফা দাবি থেকে সরে আসছে না। তাদের দাবি, ঢাকা শহরে কোনো ভাস্কর্য থাকতে পারবে না। একের পর এক তাদের দাবি মানলে দেশ কোথায় যাবে, মুক্তিযুদ্ধের চেতনা কোথায় যাবে।
শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরীর সঞ্চালনায় সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী বক্তব্য দেন।